29/04/2023
বাংলা ১ম পত্র পরীক্ষায় সৃজনশীল প্রশ্নোত্তর লেখার স্ট্র্যাটেজি! ✍️
তুমি জানো, মোট ৭টি সৃজনশীল প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। তোমার প্রথম কাজ হবে সবগুলো প্রশ্ন খুব ভালো মতো পড়ে নেয়া। এরপর এখান থেকে সাতটা প্রশ্ন সিলেক্ট করা যেগুলো তুমি সবচেয়ে ভালো করে লিখতে পারবে। মনে রাখবে প্রথম একটা প্রশ্ন তুমি যত ভালো করেই লিখো না কেন, ১০ এর চেয়ে বেশি মার্কস তো তোমাকে দেয়া সম্ভব নয়। বরং সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর করে আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ঘুনাক্ষরেও এমনটি করবে না প্রথম প্রশ্নটি এত সময় নিয়ে লিখলে যে পরের গুলো লেখার আর সময় পেলে না।
প্রতিটি সৃজনশীল প্রশ্ন ঘড়ি ধরে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লিখবে। একদম শেষে রিভিশন নয় বরং প্রতিটি প্রশ্ন লেখার পর সাথে সাথে সেটিকে রিভিশন দেয়ার জন্য কয়েক মিনিট হাতে রাখবে।
প্রাথমিক প্রস্তুতি শেষ এবার পরীক্ষার খাতায় লেখা শুরু করা যাক। জ্ঞানমূলক প্রশ্নে এক নম্বর। কোনোভাবেই এক লাইনের বেশি এই প্রশ্নের উত্তর লেখা যাবে না। উত্তর যদি একটা শব্দে হয়ে যায় তবে একটা শব্দে লিখলেও তোমাকে ১ মার্ক দিয়ে দিবে, তাই অহেতুক সময় নষ্ট করবে না।
অনুধাবনমূলক প্রশ্নগুলোতে মূলত উত্তর করতে হয় মূল অধ্যায় থেকে অর্থাৎ উদ্দীপকের সাথে এর সরাসরি সম্পৃক্ততা থাকে না। চেষ্টা করবে দুই প্যারায় অনুধাবনমূলক উত্তর করতে।
প্রয়োগমূলক উত্তরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি রয়েছে তা হল, উদ্দীপকের সঙ্গে মূল কবিতা বা গল্প বা প্রবন্ধের তুলনা দেখানো। প্রয়োগমূলক ৩ প্যারায় লিখবে।
উচ্চতর দক্ষতা উত্তরের ক্ষেত্রে তোমার যুক্তি প্রদর্শনের সাপেক্ষে তোমার মতামতটি দিবে। যথাযথ যুক্তি প্রদর্শন করে তোমার মতামতটি যদি তুমি ফুটিয়ে তুলতে পারো এবং ৪টি প্যারায় ফরম্যাট মেইন্টেন করে গুছিয়ে লিখতে পারো, তোমার চারে চার পাওয়া ঠেকায় কে! 😎
মনে রাখবে, সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করার ক্ষেত্রে যদি তুমি ফরমেট ঠিকভাবে মেনে লিখতে পারো, টু দ্য পয়েন্ট লিখো, এবং অহেতুক কথা লিখে পৃষ্ঠা না বাড়াও ইনশাআল্লাহ তুমি পূর্ণ নম্বর পাবে। বাড়তি কথা লিখে পৃষ্ঠা বাড়ানোর কোনো দরকার নেই। যতটুকু চেয়েছে ঠিক ততটুকুই লিখো।
তোমাদের প্রতি রইলো দোয়া এবং ভালোবাসা। 🥰