07/02/2026
ভাইভায় বসার আগে এড়িয়ে চলুন ৫ টি ভুল
ক্যারিয়ার ডেস্ক
চাকরির ভাইভার পারফরম্যান্সে সদ্য স্নাতক ও অভিজ্ঞ প্রার্থীদের মধ্যে রয়েছে বিস্তর ফারাক । বিভিন্ন গবেষণা বলছে , অনেক শিক্ষার্থী এমন কিছু ভুল করেন , যেগুলো অল্প সচেতন হলেই এড়ানো সম্ভব । অথচ এসব ভুলের কারণেই বহু সম্ভাবনাময় প্রার্থী চাকরির সুযোগ হারান । বিভিন্ন জরিপে দেখা গেছে , নিয়োগকর্তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন পেশাদার আচরণ , যোগাযোগ দক্ষতা এবং ক্যারিয়ার - সম্পর্কিত সচেতনতার ওপর । বাস্তবে দেখা যায় , জীবনবৃত্তান্তে শিক্ষার্থীরা যেসব দক্ষতা ও অভিজ্ঞতার দাবি করেন , ভাইভায় তা ঠিকভাবে তুলে ধরতে পারেন না । বিভিন্ন নিয়োগকর্তা ও এইচআর ম্যানেজারের ওপর করা ক্যারিয়ার বিল্ডারের এক জরিপে বলা হয়েছে , একাডেমিক ফলের চেয়ে আচরণগত দুর্বলতা , অস্পষ্ট উত্তর এবং প্রস্তুতির অভাবই বেশি ক্ষেত্রে প্রার্থীদের বাদ পড়ার কারণ । এই গবেষণাগুলো মিলিয়ে চাকরির ইন্টারভিউতে শিক্ষার্থীদের পাঁচটি সাধারণ ভুল চিহ্নিত করা হয়েছে- ১. প্রতিষ্ঠান বা দায়িত্বের বিষয়ে খোঁজ না নেওয়া ইন্টারভিউয়ের সবচেয়ে বড় ও সাধারণ ভুল হলো , কোম্পানি সম্পর্কে কোনো ধারণা না থাকা । ২০২৩ সালে প্রকাশিত এইচআর গ্যাজেটের একটি প্রতিবেদনে বলা হয়েছে , এটি প্রার্থীর আগ্রহ ও উদ্যমের অভাব প্রকাশ করে । এ ছাড়া এনএসিই জব আউটলুক ২০২৫
অনুযায়ী , নিয়োগকর্তারা চান প্রার্থীরা নিজেদের দক্ষতাকে প্রতিষ্ঠানের প্রয়োজনের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করুক । যেভাবে সমাধান করবেন : প্রতিষ্ঠানের ওয়েবসাইট , এবং চাকরির বিবরণ ভালোভাবে পড়ুন । আপনার অভিজ্ঞতা কীভাবে টিম বা প্রতিষ্ঠানের কাজে লাগবে , তা দুই - তিন লাইনে প্রস্তুত রাখুন । ২. দুর্বল , অস্পষ্ট উত্তর এবং দুর্বল যোগাযোগ দক্ষতা নিয়োগকর্তারা সাধারণত শিক্ষার্থীদের দক্ষতার অভাবের কারণে নয় , বরং সেই দক্ষতা ব্যাখ্যা করতে না পারার কারণে প্রত্যাখ্যান করেন । লন্ডনের গালওয়ের মাইকেল ফ্র্যাঙ্ক একজন জনপ্রিয় নিয়োগকর্তা । তাঁর লেখায় তিনি বলেছেন , ভাসা ভাসা উত্তর এবং সমস্যা সমাধানের উদাহরণ না দিতে পারা সবচেয়ে বড় দুর্বলতা । এনএসিই জরিপেও যোগাযোগ ও সমালোচনামূলক চিন্তায় শিক্ষার্থীদের ঘাটতির কথা উঠে এসেছে । যেভাবে সমাধান করবেন : উত্তর দেওয়ার সময় ‘ STAR ’ পদ্ধতি অনুসরণ করুন— Situation , Task , Action , Result . সংক্ষিপ্ত কিন্তু বাস্তব উদাহরণ দিন ।
৩. পেশাদার আচরণ ও দেহভঙ্গির অভাব ইন্টারভিউতে প্রথম ছাপ তৈরিতে আচরণ ও দেহভঙ্গির গুরুত্ব অনেক বেশি । ক্যারিয়ার বিল্ডারের জরিপে দেখা গেছে , ৬৭ শতাংশ নিয়োগকর্তা চোখে চোখ না রেখে কথা বলাকে নেতিবাচক হিসেবে দেখেন , ৩২ শতাংশ অতিরিক্ত নড়াচড়া বা হাত গুটিয়ে বসাকে অপছন্দ
করেন । এ ছাড়া অনুপযুক্ত পোশাক ও অহংকারী আচরণও বড় ভুল হিসেবে চিহ্নিত হয়েছে । যেভাবে সমাধান করবেন : চোখে চোখ রেখে কথা বলুন , স্বাভাবিক হাসি বজায় রাখুন , সোজা হয়ে বসুন । মোবাইল বন্ধ রাখুন , সময়মতো পৌঁছান এবং পোশাকে পেশাদার থাকুন ; এই ছোট বিষয়গুলোই বড় প্রভাব ফেলে ।
৪. কোনো প্রশ্ন না করা বা আগ্রহ না দেখানো ভাইভা শুধু প্রশ্নের উত্তর দেওয়ার নয় ; আপনার আগ্রহ ও মনোভাব প্রকাশের সুযোগও । তাই ভাইভা শেষে কোনো প্রশ্ন না করা মানে অনেক সময় অনাগ্রহ প্রকাশ করা । যেভাবে সমাধান করবেন : প্রথম কয়েক মাসের কাজের অগ্রাধিকার , সাফল্যের মাপকাঠি বা টিমের কাজের ধরন সম্পর্কে প্রশ্ন করুন । এতে আপনার প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি আগ্রহ ফুটে উঠবে ।
৫. মিথ্যা বলা , দক্ষতা বাড়িয়ে বলা ও ফোন ব্যবহার ভাইভায় ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো
ছবি : এআই
অসততা । ক্যারিয়ার বিল্ডার জরিপ অনুযায়ী , ৬৬ শতাংশ নিয়োগকর্তা মিথ্যা ধরা পড়াকে মারাত্মক ভুল মনে করেন , আর ৬৪ শতাংশ ইন্টারভিউ চলাকালে ফোন ব্যবহার নেতিবাচকভাবে দেখেন । যেভাবে সমাধান করবেন : নিজের অভিজ্ঞতা নিয়ে সৎ থাকুন এবং উদাহরণ দিয়ে কথা বলুন । ভাইভা চলাকালে ফোন ধরবেন না বা খুদে বার্তা পড়বেন না । এতে নিয়োগকর্তার আস্থা নষ্ট হয় ।
গবেষণাগুলো স্পষ্টভাবে বলছে , চাকরির ভাইভায় ভালো ফল করার জন্য শুধু ভালো রেজাল্টই যথেষ্ট নয় । প্রস্তুতি , স্পষ্টভাবে কথা বলা , পেশাদার আচরণ ও সততাই সাফল্যের মূল চাবিকাঠি । যেসব শিক্ষার্থী আগে থেকে প্রস্তুতি নেন , বাস্তব উদাহরণ অনুশীলন করেন , দেহভঙ্গির দিকে নজর দেন , ভালো প্রশ্ন করেন এবং সৎ থাকেন ; তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ।
তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে
সোর্স আজকের পত্রিকা