09/05/2026
দ্রুত বিয়ে হওয়ার এক জাদুকরী আমল
প্রিয় ভাই ও বোন,আমাদের অনেকের বুকের ভেতরেই নীরবে একটা স্বপ্ন বাসা বেঁধে থাকে।
একজন বিশ্বস্ত জীবনসঙ্গী।একটা ছোট্ট শান্ত ঘর
যেখানে ভালোবাসা ডানা মেলে উড়ে বেড়াবে।
যেখানে দিনের ক্লান্তি শেষে কেউ একজন বলবে,
“আমি আছি তোমার পাশে।”
কিন্তু বাস্তবতা অনেক সময় স্বপ্নের চেয়েও কঠিন হয়ে দাঁড়ায়।
টাকার অভাব, বেকারত্ব, পরিবারের দায়ভার, বড় ভাই-বোনের অগ্রাধিকার সব মিলিয়ে অনেকের স্বপ্ন যেন কুঁড়িতেই ঝরে যায়।
আপনিও যদি এমন পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে এই লেখাটি আপনার জন্য।
এই আমলের ফলাফল যে আল্লাহ তাআলা নিজ হাতে দান করেন, তার একটি বাস্তব উদাহরণ হলো “আরাফ” (ছদ্মনাম)।
আরাফ একজন কওমি মাদ্রাসার ছাত্র। বয়স তেইশের কাছাকাছি। গ্রামের এক মাটির ঘরে তার বেড়ে ওঠা। বাবা একজন সাধারণ কৃষক। তিন ভাই ও তিন বোনের মাঝে সে সবার ছোট।
ছোট ছেলে বলে তাকে মাঠে কাজ করতে পাঠানো হয়নি। বরং মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়। আরাফও মন দিয়ে পড়াশোনা করতে থাকে।
শৈশব পেরিয়ে ধীরে ধীরে সে যৌবনে পা রাখল। আর সেই সাথে তার হৃদয়ে জন্ম নিল এক নির্মল স্বপ্ন “বিয়ে”।
সে ভাবত, কেউ একজন আসুক তার জীবনে যে হবে তার সুখ-দুঃখের সাথী। জ্যোৎস্না রাতে জানালার পাশে বসে যার সাথে চাঁদ দেখা যাবে।বর্ষার রাতে যার মিষ্টি কণ্ঠে কুরআনের তিলাওয়াত শুনে হৃদয় শান্ত হবে। যার কোলের মাথা রেখে একদিন সূরা ইয়াসীন তিলাওয়াত করবে।
কিন্তু তার এই রঙিন স্বপ্নের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় বাস্তবতা, বেকারত্ব,পরিবারের দায়ভার, অবিবাহিত বড় ভাই-বোন,
আর নিজের অসহায়ত্ব।
তবুও আরাফ স্বপ্ন দেখা থামায়নি। সে শুরু করল বুজুর্গদের শেখানো একটি পরীক্ষিত ৪০ দিনের আমল।
প্রতিদিন আমল শেষে সে মহান রবের দরবারে হাত তুলে কাঁদত। আর বলত..
হে আমার মালিক,
আমি এই ফিতনার যুগে আমার চরিত্রকে হেফাজত করতে চাই। আমি আমার ঈমানকে পূর্ণ করতে চাই। কিন্তু আমার সামনে অসংখ্য প্রতিবন্ধকতা।আমি বেকার, আমার বিয়ে করার মতো সামর্থ্য নেই। আমার বড় ভাই-বোন এখনো অবিবাহিত।
হে সর্বশক্তিমান,
আপনি আমার সব বাধা দূর করে দিন। আপনি আমার জন্য হালাল ভালোবাসার ব্যবস্থা করে দিন।
দিন যেতে লাগল…
কিন্তু ৪০ দিন পূর্ণ হওয়ার আগেই তার জীবনে যেন এক অদ্ভুত পরিবর্তনের সূচনা হলো।
শুকনো ডালে যেন হঠাৎ বিয়ের ফুল ফুটতে শুরু করল।
একদিন রাত।
ঘড়ির কাঁটা তখন এগারোটার ছুঁইছুঁই । মাদ্রাসার ছাত্ররা সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে। আরাফ আমল শেষ করে বিছানায় যাবে, এমন সময় তার ফোন বেজে উঠল।
বড় আপুর ফোন।
— কিরে, কেমন আছিস?
— আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বুবু?
কথা বলতে বলতে হঠাৎ আপু বললেন—
তোর জন্য একটা সুখবর আছে।
আমরা তোর বিয়ে ঠিক করে ফেলেছি।
মেয়েটাও মাশাআল্লাহ দ্বীনি পরিবেশের। তোর মতো সেও মাদ্রাসায় পড়ে।
আরাফ যেন আকাশ থেকে পড়ল!
— বুবু! এসব কী বলো?
আমি এখনো ছাত্র। বড় ভাই এখনো অবিবাহিত।
আমাদের টাকা-পয়সা, ঘরদোর কিছুই নেই। এটা কীভাবে সম্ভব? আর এমন অবস্থায় কে বা মেয়ে দিবে?
আপু শান্ত কণ্ঠে বললেন—
তোর এত কিছু ভাবতে হবে না। মেয়ের পরিবার সবকিছু জেনেই রাজি হয়েছে।মতিন চাচা আপাতত বিয়ের খরচ বহন করবেন। বাকিটা আল্লাহ সহজ করে দিবেন।
ফোন রাখার পর আরাফ বুঝতে পারল তার আর্তনাদ আল্লাহ তালা শুনেছেন। বুজুর্গদের শেখানো আমল মহান রব কবুল করেছেন। সে সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ে গেল। চোখ ভিজে গেল অশ্রুতে।
বলতে লাগলো, হে মালিক, তুমি অসম্ভবকে সম্ভব কর। তুমিই হৃদয়ের আর্তনাদ শোন। তুমি ছাড়া আর কে বা পারত আমার এই তৃষ্ণা মেটাতে।
প্রিয় ভাই ও বোন,একবার চিন্তা করুন আরাফের অবস্থা কেমন ছিল?
সে ছিল একজন ছাত্র।কোনো চাকরি ছিল না।মাটির ঘর ছিল তার ঠিকানা।পরিবারে ছিল অসংখ্য সীমাবদ্ধতা। তবুও আল্লাহ তাআলা প্রতিকূল পরিস্থিতিকে তার অনুকূলে এনে দিলেন।
আপনার অবস্থাও যদি এমন হয়, তাহলে নিরাশ হবেন না। আজ থেকেই শুরু করুন এই আমল।
আমলটি হলো...
প্রথমত গুনাহ থেকে ফিরে আসা।
যদি কেউ হারাম সম্পর্কে জড়িয়ে থাকে।তাহলে সেই সম্পর্ক থেকে বের হয়ে আসা।যদি কেউ নাটক-সিনেমা, অশ্লীলতা বা গুনাহের পরিবেশে ডুবে থাকে। তাহলে সেগুলো ছেড়ে আন্তরিক তওবা করা।
কারণ গুনাহ মানুষের রিজিক আটকে দেয়,হৃদয়কে অন্ধকার করে দেয়,আর দোয়ার কবুল হওয়ার পথ সংকুচিত করে ফেলে।
দ্বিতীয়ত, পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা। কারণ যে বান্দা নিজের রবের হক আদায় করে না, সে কীভাবে আশা করে রব তার প্রয়োজন পূরণ করবেন? নামাজ শুধু ইবাদত নয়,এটি বান্দা ও রবের মাঝে সংযোগের সেতু।
তৃতীয়ত,রাতের কোনো এক নির্জন মুহূর্তে যখন চারপাশ স্তব্ধ হয়ে যায়, মানুষ ঘুমিয়ে পড়ে,
আর আকাশের দরজাগুলো খুলে যায় রহমতের জন্য। সেই সময়ে একাকী দুই রাকাত সালাতুল হাজত আদায় করা।
প্রত্যেক সেজদায় তাসবীহ পাঠের পর পড়া
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
অর্থঃ
হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
নামাজ শেষে দু’হাত তুলে নিজের রবের কাছে কাঁদতে কাঁদতে বলা।
হে আল্লাহ! আমি বিয়ে করতে চাই।আমি ফিতনার এই যুগে নিজেকে হেফাজত করতে চাই।কিন্তু আমার অবস্থা তুমি জানো।
আমি এখনো ছাত্র,আমার চাকরি নেই,ঘরে বড় ভাই-বোন রয়েছে,আমাদের ঘর এখনো কাঁচা।
হে আমার রব! আমি জানি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা একমাত্র তোমারই আছে।তুমি চাইলে মুহূর্তেই আমার সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যেতে পারে।
চতুর্থ বিষয়: প্রতিদিন অন্তত ১ টাকা হলেও দান করা। কারণ সদকা বিপদ দূর করে,রিজিকে বরকত আনে, আর আল্লাহর রহমতকে টেনে আনে জীবনে।
ইনশাআল্লাহ, যদি আপনি আন্তরিকতা ও ধৈর্যের সাথে ৪০ দিন এই আমল চালিয়ে যেতে পারেন, তাহলে মহান রব আপনার জন্যও অদৃশ্য দরজা খুলে দিতে পারেন। কারণ,দুনিয়ার সব দরজা যখন বন্ধ থাকে তখনও আল্লাহর দরজা খোলা থাকে।
তাই আজ থেকেই শুরু হোক আপনার পরিবর্তন।