13/05/2026
বাইকারদের ওপর নতুন করের বোঝা: এ কেমন জুলুম?
বাইক রেজিস্ট্রেশন করার সময় এমনিতেই বাইকের ট্যাক্সসহ যাবতীয় সরকারি ফি এককালীন পরিশোধ করতে হয়। কিন্তু নতুন খবর হলো, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার (NBR) মোটরসাইকেলের ওপর প্রতি বছর নতুন করে 'অগ্রিম আয়কর (AIT)' আরোপের প্রস্তাব করেছে!
সরকারের নতুন প্রস্তাবনা অনুযায়ী আমাদের প্রতি বছর যে অতিরিক্ত কর দিতে হবে:
❌ ১১১ থেকে ১২৫ সিসি: ২,০০০ টাকা!
❌ ১২৬ থেকে ১৬৫ সিসি: ৫,০০০ টাকা!
❌ ১৬৫ সিসির ওপরে: ১০,০০০ টাকা!
জ্বালানি তেলের দাম আর বর্তমান অর্থনৈতিক এই চাপের মধ্যে, প্রতি বছর ৫,০০০ থেকে ১০,০০০ টাকার এই অতিরিক্ত কর চাপিয়ে দেওয়াটা সাধারণ বাইকারদের ওপর সম্পূর্ণ অনৈতিক এবং জুলুম! বাইক এখন আর কোনো বিলাসিতা নয়, বরং সাধারণ মানুষের যাতায়াত এবং অনেকের রুটি-রুজির অন্যতম প্রধান মাধ্যম।
এই অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের সকল বাইকারের ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তোলা উচিত! আসুন, নিজেদের অধিকার রক্ষায় আজই সোচ্চার হই! 🏍️✊
13/05/2026
📢 একটি সুখবর!
অকার্যকর টিন (TIN) বাতিল করতে শিগগিরই ‘ক্লিনজিং অপারেশন’ শুরু করতে যাচ্ছে NBR।
যেসব ব্যক্তি করযোগ্য আয় না থাকা সত্ত্বেও TIN গ্রহণ করেছেন, অথবা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন—তাদের TIN বাতিল বা ডি-রেজিস্ট্রেশন করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে কর ব্যবস্থায় আরও শৃঙ্খলা ফিরে আসবে এবং প্রকৃত করদাতাদের জন্য সিস্টেমকে সহজ, স্বচ্ছ ও কার্যকর করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
✔️ অপ্রয়োজনীয় TIN থাকলে এখনই সতর্ক হোন
✔️ প্রয়োজন অনুযায়ী কর-সংক্রান্ত তথ্য হালনাগাদ রাখুন
09/05/2026
মার্কিন কবি রবার্ট ফ্রস্ট বলেছেন,
পৃথিবীটা আগ্রহী লোকে ভরা। কেউ কাজ করতে আগ্রহী, কেউ দায়িত্বটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে আগ্রহী।
04/05/2026
চিকিৎসায় অবহেলা বনাম হাসপাতালে ভাঙচুর: আইন কী বলে? ⛔
প্রিয়জনের অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেকোনো পরিবারের জন্যই এক চরম আবেগের ও বেদনার মুহূর্ত। অনেক সময়ই অভিযোগ ওঠে চিকিৎসকের অবহেলা বা ভুল চিকিৎসার। কিন্তু এই শোক ও ক্ষোভের বশবর্তী হয়ে হাসপাতালে ভাঙচুর করা বা চিকিৎসকের ওপর হামলা করা কি কোনো সমাধান? এতে কি ন্যায়বিচার নিশ্চিত হয়, নাকি ভুক্তভোগী পরিবার উল্টো আইনি গ্যাঁড়াকলে পড়ে যায়?
চলুন জেনে নিই এই বিষয়ে আমাদের দেশের প্রচলিত আইন কী বলে।
চিকিৎসকের অবহেলা বা ভুল চিকিৎসায় রোগীর ক্ষতি হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে সুনির্দিষ্ট আইনি পথে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে:
বিএমডিসি (BMDC)-তে অভিযোগ: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (BMDC) চিকিৎসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত অভিযোগ করা যায়। অভিযোগ প্রমাণিত হলে বিএমডিসি সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন বা প্র্যাকটিসের লাইসেন্স নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত বা স্থায়ীভাবে বাতিল করতে পারে।
ফৌজদারি মামলা / Criminal Case: দণ্ডবিধির ৩০৪(ক) ধারা অনুযায়ী, অবহেলাজনিত কারণে কারো মৃত্যু ঘটালে তা একটি শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য থানায় এজাহার দায়ের করা যায় অথবা সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে সিআর (CR) মামলা করা যায়। দোষ প্রমাণিত হলে কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।
ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা / Civil Suit: ভুল চিকিৎসার কারণে রোগীর শারীরিক, মানসিক বা আর্থিকভাবে যে ক্ষতি হয়েছে, তার জন্য দেওয়ানি আদালতে ‘টর্ট (Tort)’ আইনের অধীনে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ (Damages) চেয়ে মামলা করার অধিকার ভুক্তভোগী পরিবারের রয়েছে। যদিও টর্টের মামলা বাংলাদেশে হয়না বললেই চলে!
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ: প্রাইভেট ক্লিনিক বা হাসপাতালে প্রতিশ্রুত সেবার ঘাটতি বা প্রতারণার শিকার হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর অধীনে অভিযোগ করা যায়।
আবেগের বশবর্তী হয়ে হাসপাতালে ভাঙচুর ও হামলার আইনি পরিণতিঃ
প্রিয়জন হারানোর কষ্ট যতই তীব্র হোক না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। হাসপাতালে হামলা করলে ভুক্তভোগী পরিবার নিজেদের আইনি অবস্থান তো দুর্বল করেই, উপরন্তু নিজেরাও অপরাধী হিসেবে সাব্যস্ত হয়।
হাসপাতাল সরকারি হোক বা বেসরকারি, সেখানে ভাঙচুর করা দণ্ডবিধির ৪২৭ ধারা অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। সরকারি সম্পত্তি নষ্ট করলে আরও কঠোর আইনের সম্মুখীন হতে হয়।
চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের ওপর শারীরিক আঘাত করলে দণ্ডবিধির ৩২৩, ৩২৪ বা ৩২৬ ধারায় (আঘাতের ধরন অনুযায়ী) মামলা হতে পারে। গুরুতর আঘাতের ক্ষেত্রে এটি জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
দলবদ্ধ হয়ে হাসপাতালে হামলা চালালে দণ্ডবিধির ১৪৩ ও ১৪৭ ধারায় বেআইনি সমাবেশ ও দাঙ্গার অভিযোগে মামলা দায়ের হতে পারে।
নিজেদের ভুল ঢাকতে বা আইনি সুবিধা পেতে অনেক সময় হাসপাতাল কর্তৃপক্ষ ভাঙচুরের ঘটনাকে পুঁজি করে উল্টো রোগীর স্বজনদের বিরুদ্ধে বড় অঙ্কের চাঁদাবাজি বা লুটপাটের মিথ্যা মামলাও দিয়ে থাকে।
ন্যায়বিচার পাওয়ার অধিকার সবার আছে। ভুল চিকিৎসা হলে আবেগে ভেসে গিয়ে ভাঙচুর করবেন না; এতে আসল অপরাধ ঢাকা পড়ে যায় এবং আপনি নিজেই অপরাধী হয়ে যান। সঠিক তথ্য ও প্রমাণ (প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট, বিলের কপি) সংগ্রহ করুন এবং আইনি পথে লড়াই করুন।
আইন জানুন, আইনি পথে চলুন। সচেতনতা ছড়িয়ে দিতে পোস্টটি শেয়ার করতে পারেন!
04/05/2026
Only lawers can relate it!
03/05/2026
একটা অপ্রিয় সত্য বলি?
পেশাগত জীবনের একটা নিরেট সত্য কথা হলো, একজন আইনজীবীর আসলে কোনো বন্ধু হয় না। চারপাশের সবাই কেবল প্রয়োজনেই মনে রাখে। এমনকি স্কুল-কলেজের সেই হরিহর আত্মা বন্ধুটাও নিজের কোনো আইনি ঝামেলা ছাড়া খোঁজ নিতে চায় না।
দিনশেষে আমরা সবার বিপদের সঙ্গী, কিন্তু আমাদের খোঁজ রাখার কেউ নেই। এটাই বাস্তবতা।
03/05/2026
জানেন কি, উকিল নোটিশ মানেই কিন্তু মামলা নয়? জানুন আইনি জটিলতা এড়ানোর সহজ উপায়!
অনেকের ধারণা উকিল নোটিশ হাতে পাওয়া মানেই আদালতে দৌড়াদৌড়ি শুরু করা, কিন্তু প্রকৃতপক্ষে এটি মামলা নয় বরং মামলা দায়ের করার একটি আনুষ্ঠানিক পূর্বপ্রস্তুতি বা সতর্কবার্তা মাত্র। যখন কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তোলেন, তখন তিনি একজন পেশাদার আইনজীবীর মাধ্যমে প্রতিপক্ষকে যে লিখিত নোটিশ পাঠান, তাকেই লিগ্যাল নোটিশ বা উকিল নোটিশ বলা হয়। এর মূল লক্ষ্য হলো প্রতিপক্ষকে অভিযোগ সম্পর্কে অবহিত করা এবং আদালতের বাইরে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের একটি শেষ সুযোগ দেওয়া।
পারিবারিক বিবাদ, জমিজমা সংক্রান্ত জটিলতা কিংবা আর্থিক লেনদেনের মতো যেকোনো আইনি বিরোধের ক্ষেত্রে এই নোটিশ পাঠানো যায়। সাধারণত নোটিশে দাবি পূরণের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং উক্ত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে বিবাদীর বিরুদ্ধে কোন আইনে কী ধরণের মামলা করা হবে, তার স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া থাকে।
হঠাৎ কোনো উকিল নোটিশ হাতে পেলে বিচলিত বা অস্থির না হয়ে ধীরস্থিরভাবে পরিস্থিতি মোকাবিলা করা বুদ্ধিমানের কাজ।
এক্ষেত্রে প্রথম কাজ হলো নোটিশের বিষয়বস্তু গুরুত্ব দিয়ে পড়া এবং প্রয়োজনে প্রেরকের সাথে সরাসরি যোগাযোগ করে বিষয়টি মিমাংসার চেষ্টা করা। যদি সমঝোতা সম্ভব না হয়, তবে দ্রুত একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে হবে। আইনজীবীকে সমস্ত ঘটনার সত্যতা এবং প্রেক্ষাপট খুলে বললে তিনি আপনাকে যথাযথ আইনি দিকনির্দেশনা দেবেন। অনেক সময় সঠিক সময়ে আইনি নোটিশের সঠিক জবাব দিলে বড় ধরণের মামলা-মোকদ্দমা বা আদালতের দীর্ঘমেয়াদী হয়রানি থেকে শুরুতেই মুক্তি পাওয়া সম্ভব হয়।
মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে নোটিশ প্রেরক সম্পূর্ণ মিথ্যা বা ভিত্তিহীন তথ্য দিয়ে নোটিশ পাঠিয়ে থাকেন। যেহেতু আইনজীবীরা সাধারণত মক্কেলের দেওয়া মৌখিক তথ্যের ওপর ভিত্তি করেই নোটিশ প্রস্তুত করেন, তাই অনেক সময় অভিযোগের সত্যতা যাচাই করা তাদের জন্য কঠিন হয়।
আপনার কাছে যদি নোটিশটি মিথ্যা বা বানোয়াট বলে মনে হয়, তবে যথাযথ তথ্য-প্রমাণসহ আপনার আইনজীবীর মাধ্যমে পাল্টা জবাব প্রদান করা জরুরি। আইনগতভাবে সেই অভিযোগগুলোকে ভিত্তিহীন প্রমাণ করে সঠিক সময়ে 'রিপ্লাই' দিলে আপনি যেমন মানসিকভাবে নিশ্চিন্ত থাকতে পারবেন, তেমনি ভবিষ্যতে সম্ভাব্য আইনি লড়াইয়েও নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন।
28/04/2026
১৩১৩ জন অ্যাডভোকেট হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এছাড়া, ৪১৯ জনের ফলাফল এখনো পেন্ডিং রয়েছে।
24/04/2026
⚖️ চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু বেতন এখনো পাইনি — কী বলে শ্রম আইন? এবং আইনি দিক থেকে আপনি কী করতে পারেন?
✅ ১. চাকরি ছাড়ার পরে বেতনের অধিকার:
বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে নিয়মিত চাকরি করে থাকেন, তাহলে:
🟢 আপনি চাকরি ছাড়ার পরও ওই সময়ে আপনার উপার্জিত বেতনের সম্পূর্ণ পাওনা পাওয়ার অধিকার রাখেন।
📜 বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (The Bangladesh Labour Act, 2006) এর ধারা ১২৩ অনুযায়ী:
কোনো কর্মী চাকরি ছেড়ে দিলে বা চাকরিচ্যুত হলে, তার পাওনা বেতন/বকেয়া সংবিধিবদ্ধ নির্ধারিত সময়ের মধ্যে (সাধারণত ৩০ দিনের মধ্যে) পরিশোধ করতে হবে।
✅ ২. আপনার করণীয় (ধাপে ধাপে):
🧾 ধাপ ১: লিখিতভাবে পাওনা বেতনের দাবি করুন
• অফিসে বা কর্তৃপক্ষের কাছে একটি লিখিত দরখাস্ত/নোটিশ দিন।
• নিজের কপি রাখুন (সাক্ষীর স্বাক্ষর থাকলে ভালো হয়)।
💼 ধাপ ২: শ্রম আদালতে অভিযোগ
• আপনি লেবার কোর্ট/শ্রম আদালত এ “বকেয়া মজুরি মামলা (Wages Claim Case)” করতে পারেন।
• মামলা করার সময়সীমা ৬ মাসের মধ্যে।
• চাইলে শ্রম অফিস (Labour Directorate) এ অভিযোগ করেও সহায়তা পেতে পারেন।
⚖️ ধাপ ৩: আইনজীবীর পরামর্শ নিন
• প্রয়োজনে শ্রম আইনে অভিজ্ঞ কোনো আইনজীবীর সহায়তা নিন।
15/04/2026
#জাল দলিল কিভাবে চিনবেন? প্রতারিত হওয়ার আগেই জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু বিষয়—
১। কোনো দলিল নিয়ে সন্দেহ হলে প্রথমেই রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত মূল রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন। নির্দিষ্ট দরখাস্ত করে সাব-রেজিস্ট্রি অফিসে ফি জমা দিয়ে ভলিউম/বালাম বই তল্লাশি করুন। সেখানে দলিলের অস্তিত্ব না থাকলে সেটি নিশ্চিত জাল।
২। দলিলদাতা বা বিক্রেতার পরিচয় যাচাই করুন। অনেক সময় মৃত ব্যক্তি বা অন্যের জমি নিজের নামে দেখিয়ে বিক্রি করা হয়। প্রয়োজনে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে প্রকৃত মালিক নিশ্চিত হোন।
৩। নামজারি (Mutation) ও খতিয়ান যাচাই করুন। ইউনিয়ন বা উপজেলা ভূমি অফিস থেকে CS, SA, RS, BS খতিয়ান মিলিয়ে দেখুন। মালিকানার ধারাবাহিকতায় গরমিল থাকলে সতর্ক হোন। জমির পরিমাণ, দাগ নম্বর ও ঠিকানা অবশ্যই মিলতে হবে।
৪। স্বাক্ষর ও সিল যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে স্বাক্ষর বিশেষজ্ঞ দিয়ে যাচাই করান। পুরনো দলিলে নতুন সিল থাকলে সন্দেহ করুন। দলিলের তারিখ সরকারি ছুটির দিনে হলে সেটিও সন্দেহজনক।
৫। কাগজ ও কালির ধরন খেয়াল করুন। পুরনো দলিল হয়েও যদি একেবারে নতুন কাগজ বা প্রিন্টের মতো লাগে, বা কাটাকাটি/ঘষামাজা থাকে—তাহলে সতর্ক হোন।
৬। আমমোক্তারনামা থাকলে উভয় পক্ষের ছবি যুক্ত আছে কি না যাচাই করুন।
৭। ভায়া দলিল (Via Deed) অবশ্যই দেখুন। আগের মালিকানা সংক্রান্ত দলিল না থাকলে সেটি জাল হওয়ার সম্ভাবনা থাকে।
৮। চৌহদ্দি, দাগ নম্বর ও মৌজার তথ্য রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন।
৯। সবসময় মূল দলিল দেখুন। শুধু ফটোকপি দেখালে সতর্ক থাকুন—এটি জাল হওয়ার বড় লক্ষণ হতে পারে।
১০। সিল-স্ট্যাম্প যাচাই করুন। স্ট্যাম্প কোথা থেকে, কার নামে কেনা হয়েছে এবং ক্রমিক নম্বর ঠিক আছে কি না তা নিশ্চিত করুন। প্রয়োজনে স্ট্যাম্প বিক্রেতার সাথে মিলিয়ে নিন।
১১। সর্বশেষ, জমির মালিকানা সম্পূর্ণভাবে যাচাই করুন। সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল নম্বর ও ক্রমিক তথ্য মিলিয়ে নিন।
বিঃদ্রঃ এই বিষয়গুলো ভালোভাবে জানা থাকলে জাল দলিলের মাধ্যমে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়।
23/11/2025
এনরোলমেন্ট লিখিত পরীক্ষা সংক্রান্ত অতি জরুরী বিজ্ঞপ্তি।
আগামী ২৯-১১-২০২৫ইং তারিখের পূর্বনির্ধারিত এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।