14/06/2026
প্রশ্ন: লালচে দাড়ি কালো করা কি জায়েয?
প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক
আসসালামু আলাইকুম,
হযরত, আমার বয়স ২৪ বছর, সুন্নত সম্মত দাড়ি রেখেছি কিন্তু উঠার সময় থেকেই আমার দাঁড়ির মধ্যে লালচে ভাব আছে, সাম্প্রতিক সময়ে বিয়ের জন্য কনে দেখতে গেলে কনে এবং তার মা বলে আমার লালচে দাঁড়ির জন্য আমার বয়স বেশি মনে হচ্ছে, এখন তাদের দাবি হলো আমি যেন আমার দাড়ি কালো করে ফেলি, এমতাবস্থায় আমার জানার বিষয় হলো বর্তমানে যে সকল উপকরণের মাধ্যমে চুল দাঁড়ি কালো করা হয় আমি কি তা ব্যবহার করে আমার দাড়ি কালো করতে পারি, একজন বললো যেহেতু আমার বয়সের কারণে দাড়ি এমন হয়নি আর কালো করার দ্বারা আমি কোন ধোঁকা দিচ্ছি না বা বয়স গোপন করা বা এমন কিছু করছি না তাই আমি এটা করতে পারি, এখন তার কথা কতটা সত্য? কুরআন হাদিসের আলোকে এর সমাধান জানানোর জন্য অনুরোধ করছি।
উত্তরঃ
ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
বার্ধক্যের কারণে চুল বা দাড়ি পেকে গেলে তাতে কালো খেযাব ব্যবহার করা নাজায়েয। এ ব্যাপারে একাধিক হাদীসে কঠোর সতর্কবাণী বর্ণিত হয়েছে।
তবে কোনো যুবক বা যুবতীর অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে পাকার বয়সের আগেই চুল-দাড়ি সাদা হয়ে গেলে তার জন্য কালো খেযাব ব্যবহারের অবকাশ রয়েছে।
হাদীসে কালো খেযাব ব্যবহার করতে নিষেধ করার মূল কারণ হলো বয়স গোপন করা এবং মানুষকে ধোঁকায় ফেলা।
প্রশ্নে বর্ণিত অবস্থায় যেহেতু আপনার দাড়ির লালচে ভাব বার্ধক্যজনিত নয় এবং এর দ্বারা বয়স গোপন বা কাউকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যও নেই, তাই কিছু ফকীহের মতে আপনার জন্য দাড়ি কালো করার অবকাশ রয়েছে। তবে হাদীসের সতর্কতার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ গাঢ় কালো রং ব্যবহার না করে লাল-কালো মিশ্রিত বা কালোর নিকটবর্তী অন্য কোনো রং ব্যবহার করা অধিক উত্তম হবে।
দলিল: হাশিয়া সহীহ বুখারী ১/৫৩০; ফায়যুল কাদীর ১/৩৩৬; ইমদাদুল আহকাম ৩/৩৭৬; ফাতহুল বারী ১০/৩৬৭; সহীহ বুখারী, হাদীস, ১৬৬; ইমদাদুল ফাতাওয়া ৪/২১৫-২২০; জাওয়াহিরুল ফিকহ ৭/১৬৬-১৭০; তুহফাতুল আহওয়াযী ৫/১৫৪;
والله أعلم بالصواب
উত্তর প্রদানে
মুহাম্মাদ সাকিবুল ইসলাম
শিক্ষক; মাদরাসাতুল কাউসার আল-ইসলামিয়া
(নগরভেলা মাদরাসা)
মুদির; উসওয়াহ ইন্টারন্যাশনাল একাডেমি
তারিখ: ১৪/০৬/২০২৬ ইং