29/01/2026
ডুয়েটে মেকানিক্যাল, ম্যানুফেকচারিং এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হচ্ছে আগামী শুক্রবার
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর- এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) অনুষদের আয়োজনে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হতে যাচ্ছে শুক্রবার। ‘থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং’ (আইসিএমএমপিই - ২০২৬) শিরোনামে আগামীকাল ৩০ ও ৩১ জানুয়ারি (শুক্র ও শনিবার) দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভারতের একাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী এবং শিল্পখাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। মেকানিক্যাল, প্রোডাকশন, প্রসেস, এনার্জি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিগত গবেষণার উপস্থাপন, জ্ঞান ও উদ্ভাবনী ধারণা বিনিময় এবং প্রযুক্তি স্থানান্তরের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে তৃতীয়বারের মতো এই কনফারেন্স আয়োজন করা হচ্ছে।
৩০ জানুয়ারি (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মিসেস ফারজানা মমতাজ।
৩১ জানুয়ারি ঢাকার একটি হোটেলে কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
দুই দিনব্যাপী এ কনফারেন্সের উদ্বোধনী ও সমাপনী দিনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডুয়েটের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।
দুই দিনব্যাপী কনফারেন্সে কী-নোট বক্তৃতা ও বিভিন্ন টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। কনফারেন্সে উপস্থাপনের জন্য জমা হয় মোট ২৫৬টি গবেষণা প্রবন্ধ। এর মধ্য থেকে নিবিড় পর্যালোচনার পর ১৯৫টি প্রবন্ধ নির্বাচন করা হয়েছে, যার মধ্যে ১৬২টি প্রবন্ধ কনফারেন্সে সরাসরি উপস্থাপন করা হবে।
কনফারেন্সের বিশেষত্ব তুলে ধরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও কনফারেন্সের চেয়ার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, সম্মেলনের প্রথম দিন জাপানের সাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকিও মিয়ারা, পিএইচডি ও টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোমিচি ওবারা, পিএইচডি, অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিজিং ওয়াং, পিএইচডি এবং ইন্দোনেশিয়ার পলিটেকনিক পারকাপালান নেগেরির ড. মুহাম্মদ আনিস মুস্তাগফিরিন কী-নোট বক্তব্য দেবেন। দ্বিতীয় দিন কী-নোট বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের ড. সুং ইওন কাং এবং মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুইগ্যাং ওয়াং, পিএইচডি।
কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ড. এ এন এম মোমিনুল ইসলাম মুকুট জানান, কনফারেন্সে স্মার্ট ম্যাটেরিয়াল, গ্রীন এনার্জি, এনার্জি এফিশিয়েন্ট ফ্লো কন্ট্রোল, টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য থাকছে পোস্টার প্রেজেন্টেশন এবং পুরস্কার।
কনফারেন্সটির প্রকাশনা সহযোগী হিসেবে থাকবে স্কোপাস এবং ওয়েব অব সায়েন্সে অন্তর্ভুক্ত প্রকাশনা প্রতিষ্ঠান এআইপি পাবলিশিং।
বিস্তারিত তথ্যের জন্য www.icmmpeduet.com ওয়েবসাইট এবং ICMMPE DUET ফেসবুক পেজ ভিজিট করা যেতে পারে।