31/05/2026
সফলতার অন্যতম পূর্বশর্ত হলো ধারাবাহিকতা (Consistency)।
যেকোনো কাজ—সেটা পড়াশোনা, ব্যবসা কিংবা অন্য কিছুই হোক না কেন—সেই কাজের প্রতি শতভাগ চেষ্টা ও পরিশ্রম করতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তবেই আপনি সেখান থেকে সফলতা আশা করতে পারেন।
সফল হওয়ার আরেকটি পূর্বশর্ত হলো ত্যাগ। ত্যাগ আপনাকে করতেই হবে। কারণ, আপনি যদি আপনার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে স্বল্পমেয়াদি আনন্দে বিভোর থাকেন, তাহলে একসময় সেই আনন্দই আপনার দীর্ঘমেয়াদি কষ্টের কারণ হয়ে উঠতে পারে। অন্যদিকে, স্বল্পমেয়াদি কষ্ট স্বীকার করতে পারলে তার ফলস্বরূপ দীর্ঘমেয়াদি সাফল্য ও আনন্দ পাওয়া যায়—এটা প্রায় নিশ্চিত।
এখন প্রশ্ন হতে পারে, সফল হওয়ার জন্য ত্যাগ বলতে আসলে কী বোঝায়?
যেমন ধরুন, অনেক শিক্ষার্থী আছে যারা ডুয়েট ভর্তি পরীক্ষা সন্নিকটে থাকায় এ বছর পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যায়নি। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি হয়তো কষ্টের, কারণ বছরে মাত্র দুটি ঈদ আসে এবং আগামী এক বছরে কে বেঁচে থাকবে আর কে থাকবে না, তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কিন্তু এসব শিক্ষার্থীর পরিশ্রম ও একাগ্রতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তাদের মনোযোগ এখন শুধু ভর্তি পরীক্ষার দিকেই নিবদ্ধ। তারা এটাও ভাবেনি যে হয়তো আগামী ঈদটাও পরিবারের সঙ্গে করা নাও হতে পারে। এটাই ত্যাগ। আমি এই যোদ্ধাদের মন থেকে স্যালুট জানাই। তোমরা সফল হও।
সফল হওয়ার জন্য কাজের প্রতি প্যাশন (Passion) অন্যতম অপরিহার্য বিষয়। আপনি যদি একজন শিক্ষার্থী হন, তাহলে পড়াশোনার প্রতি পূর্ণ মনোযোগ থাকতে হবে। আর আপনি যদি চাকরিজীবী হন, তাহলে নিজের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগী হতে হবে। অর্থাৎ, নিজের কর্মকে ভালোবাসতে হবে। তবেই আপনি সফল হওয়ার আশা করতে পারেন।
দায়িত্বের জায়গা থেকে সরে গিয়ে কোনো কাজ বা কোনো ক্ষেত্রে সফলতা আশা করা নিছক বোকামি।
ছবিটি - পলিটেকনিক থাকাকালীন সময়ে শেরপুর গ্রিডে তোলা।