15/09/2026
ভোগবাদী দর্শন যুগে যুগে : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা
( Hedonistic Philosophy through the Ages: A Skeletal Overview)
© Rezvi Zaman
ভোগবাদিতা বা পরম সুখের অনুসন্ধান মানুষের একটি মৌলিক প্রবৃত্তিগত চাহিদা । সভ্যতার আদিকাল থেকেই মানুষ সুখ ও পরিতৃপ্তিকে জীবনচর্যার কেন্দ্রবিন্দুতে স্থান দিয়ে এসেছে। এই তাগিদ থেকেই উদ্ভব হয়েছে হেডোনিজম বা সুখবাদ ( hedonism ) বা ভোগবাদী দর্শনের। এটি এমন একটি নৈতিক তত্ত্ব যা মানুষের সর্বচ্চ সুখের উপর গুরুত্ব আরোপ করে । এটির মূল কথা—“আনন্দই প্রকৃত শুভ; দুঃখই প্রকৃত অশুভ।” এ প্রবন্ধে যুগে যুগে ভোগবাদের স্বরূপ ও বিবর্তন বিষয়ে আলোকপাত করা হয়েছে ।
এপিকিউরাস ও গ্রিক হেডোনিজম: আত্মিক প্রশান্তির সাধনা
গ্রিক দার্শনিক এপিকিউরাস (৩৪১–২৭০ খ্রিস্টপূর্ব) হেডোনিজমকে এক নতুন মাত্রা দান করেন। তিনি যুক্তি উপস্থাপন করেন যে, প্রকৃত আনন্দ মানে শুধু ইন্দ্রিয়সুখ নয়; বরং দুঃখের অনুপস্থিতি (aponia) ও মানসিক শান্তি (ataraxia)।
“Do not spoil what you have by desiring what you have not.” – Epicurus
তিনি তিন মানুষের তিন ধরণের ইচ্ছার কথা বলেন:
১. প্রাকৃতিক ও অপরিহার্য (যেমন খাদ্য, নিরাপত্তা)
২. প্রাকৃতিক কিন্তু অপরিহার্য নয় (যেমন বিলাসিতা)
৩. অপ্রাকৃতিক ও অপ্রয়োজনীয় (যেমন খ্যাতি, ঐশ্বর্য)
এপিকিউরাস বিশ্বাস করতেন, “The greatest good is prudence”, অর্থাৎ প্রজ্ঞা-উপজাত সংযমের মাধ্যমেই প্রকৃত সুখ অর্জন সম্ভব।
চার্বাক দর্শন: বস্তুবাদী জীবনের নির্মোহ আহ্বান
ভারতীয় দর্শনের ইতিহাসে চার্বাক (লোকায়ত) দর্শন একটি গুরুত্বপূর্ণ বস্তুবাদী ও নাস্তিক দর্শন। চার্বাকরা আত্মা, পরকাল, পূণ্য-পাপ—সব কিছুকে কুসংস্কার বলে গণ্য করেন। তাদের মতে, শুধু এই জীবনই বাস্তব, তাই এটিকে উপভোগ করাই মানবজীবনের পরম লক্ষ্য। তাদের মৌলিক দার্শনিক কনসেপ্ট অনেকেরই জানা-
“ যাবৎ জীবেত, সুখং জীবেত, ঋণং কৃত্বা, ঘৃতং পিবেত ।”
(যতদিন বাঁচো, সুখে বাঁচো ; ঋণ করে হলেও ঘি খাও” ।)
চার্বাক দর্শনের মূল ভিত্তি ছিল:
প্রত্যক্ষ প্রমাণে বিশ্বাস (Perception is the only source of knowledge)
ইন্দ্রিয়সুখই চরম সুখ ( Sensual pleasure is the highest pleasure)
ধর্মীয় আচারকে নিছক শোষণপ্রক্রিয়া হিসেবে দেখা ( Considering religious dogmas as the tool of exploitation)
চার্বাক দর্শন ভারতীয় দার্শনিকতার মধ্যেই একটি হিউম্যানিস্টিক ও জড়বাদী ব্যতিক্রম।
কামসূত্র ( Ka*****ra ) ও বতসায়ন: ইন্দ্রিয়সুখের শিল্পরূপ ( Art of sensuality):
বতসায়ন (৩য় শতক) কামসূত্র-এ যৌনতা, প্রেম, মানবসম্পর্ক ও আনন্দের শাস্ত্রীয় বিশ্লেষণ করেন। এটি কেবল যৌনকামনা নয়, বরং মানবজীবনের একটি দার্শনিক ও সাংস্কৃতিক অঙ্গ।
তিনি বলেন:
“ধর্ম, অর্থ, কাম – এই তিনে জীবন পরিপূর্ণ হয়। যে কাম জানে না, সে জীবনের একটি অংশ জানে না।”
বতসায়ন কামকে শুধু শরীরসর্বস্বতা হিসেবে দেখেননি, বরং সৌন্দর্য, সংগীত, আবেগ ও সামাজিক আচরণের শিল্পরূপে ব্যাখ্যা করেছেন।
‘Carpe Diem’: রোমান কবিতায় সময়ের মধ্য দিয়ে ভোগের দর্শন
‘Carpe Diem’ – অর্থাৎ “দিনটিকে ধারণ করো” – এই ল্যাটিন মন্ত্রটি হোরেসের (৬৫–৮ খ্রিঃপূঃ) কবিতা থেকে এসেছে:
“Carpe diem, quam minimum credula postero”
(আজকের দিনে বাঁচো, আগামীকাল নিয়ে খুব কম চিন্তা করো।) । ১৭ শতকের ইংরেজি কবিতায় বিশেষ করে Robert Herrick ও Andrew Marvell-এর বেশ কিছু কবিতায় carpe diem দর্শনের প্রয়োগ লক্ষ্য করা যায় ।
এটি আসলে মৃত্যুর অনিবার্যতা ও জীবনের ক্ষণস্থায়ীত্বকে কেন্দ্র করে এক তাৎক্ষণিক বাঁচার আহ্বান। এই দর্শনই আধুনিক যুবসংস্কৃতিতে YOLO (You Only Live Once)-রূপে পুনঃজন্ম নিয়েছে। একটি হিন্দি চলচ্চিত্র “ জিন্দেগি না মেলেগা দোবারা” এটির একটি প্রকৃষ্ট উদাহরণ হতে পারে । এটি একধরনের অস্তিত্ববাদী হেডোনিজম।
রুমি, ওমর খৈয়াম ও হাফিজের সুখবাদী দর্শন ও দৃষ্টিভঙ্গি:
পারসিক কবি রুমি, ওমর খৈয়াম এবং হাফিজ—তিনজনই ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিতে হেডোনিজম বা ভোগবাদকে কবিতায় উপস্থাপন করেছেন। তবে তাঁদের হেডোনিজম শুধু ইন্দ্রিয়সুখের আহ্বান নয়; বরং এটি আধ্যাত্মিকতা, অস্তিত্ববোধ এবং ঈশ্বরসন্ধানের এক গভীর রূপ।
রুমি (১২০৭–১২৭৩): প্রেমে বিলীন হয়ে যাওয়ার আধ্যাত্মিক ভোগবাদ
রুমি হেডোনিজমকে উপস্থাপন করেন আত্মার উল্লাস ও ঈশ্বর-প্রেমের মাধ্যমে। তাঁর কবিতায় শরাব, নারী, সুরা ইত্যাদি উপমাগুলি আক্ষরিক নয়, বরং ঈশ্বরপ্রেমের রূপক।
“With life as short as a half-taken breath, don’t plant anything but love.”
– Rumi
রুমির হেডোনিজম হচ্ছে আত্মার ঈশ্বরমুখী আনন্দে নিমগ্ন হওয়া। এটি এক ধরনের আধ্যাত্মিক হেডোনিজম – যেখানে চরম সুখ মানে আত্মার মোক্ষ বা ঐশ্বরিক প্রেমে বিলীন হওয়া।
ওমর খৈয়াম (১০৪৮–১১৩১):
পার্থিব জীবনের উপভোগে যৌক্তিক ( rational) ভোগবাদ
ওমর খৈয়ামের রুবাইয়াত কবিতাগুচ্ছ পার্থিব সুখ, শরাব, সঙ্গ এবং মৃত্যুচিন্তাকে ঘিরে। তিনি মনে করেন, পরকাল অনিশ্চিত, তাই বর্তমান জীবনেই আনন্দ খোঁজা উচিত।
“A Book of Verses underneath the Bough,
A Jug of Wine, a Loaf of Bread—and Thou…”
– Omar Khayyam, Rubaiyat
খৈয়ামের হেডোনিজম হলো র্যাশনাল এপিকুরিয়ানিজম – যেখানে মানুষের জীবনের অস্থায়িত্ব ও অনিশ্চয়তার মধ্যে ইন্দ্রিয়সুখই একমাত্র নিশ্চয়তা।
হাফিজ (১৩১৫–১৩৯০): ঈশ্বরানন্দে ভাসমান কবিতার ভোগবাদ
হাফিজের কবিতায় ভোগ আছে—কিন্তু তা পার্থিব ও আধ্যাত্মিকের মধ্যবর্তী অবস্থানে। প্রেম, শরাব ও সংগীত তাঁর কাব্যে একাধারে পার্থিব এবং ঈশ্বরীয় আনন্দের প্রতীক।
“I am the hole in the flute that the Christ’s breath moves through—listen to this music.”
– Hafez
হাফিজের হেডোনিজম হলো আনন্দের মাধ্যমে আত্মদর্শন। ঈশ্বর-প্রেম, শরাব এবং কবিতা তাঁর কাছে একাকার হয়ে জীবনের উচ্চতম অনুভূতির বহিঃপ্রকাশ।
জেরেমি বেন্থামের (Jeremy Bentham, ১৭৪৮–১৮৩২) সুখবাদী ধারণা:
জেরেমি বেন্থাম ছিলেন ইউটিলিটারিয়ান দর্শনের প্রবর্তক, যার মূল নীতিই হলো — “সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ।”
মূল ধারণা (Core Idea):
বেন্থাম মনে করতেন, সুখ (Pleasure) ও দুঃখ (Pain)– এই দুটিই মানবাচরণের একমাত্র নিয়ামক। নৈতিকতা ও আইন সবই এমন হওয়া উচিত, যা সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক আনন্দ বয়ে আনে।
“The greatest happiness of the greatest number is the foundation of morals and legislation.”
– Jeremy Bentham
হেডোনিক ক্যালকুলাস (Hedonic Calculus) তত্ত্ব : তিনি সুখকে পরিমাপযোগ্য মনে করতেন এবং সুখ নির্ণয়ের জন্য সময়কাল, তীব্রতা, নিশ্চিততা ইত্যাদি মানদণ্ড ব্যবহার করেন।
বেন্থামের সুখবাদ একটি পরিমাণগত হেডোনিজম, যেখানে নৈতিকতার মানদণ্ড হলো — কোন কাজ কতটা সুখ বা দুঃখ সৃষ্টি করে।
জন স্টুয়ার্ট মিল: ইউটিলিটারিয়ান হেডোনিজম ( utilitarian hedonism ) ও উচ্চতর সুখের ( highest pleasure) ধারণা
জেরেমি বেন্থামের পর জন স্টুয়ার্ট মিল (১৮০৬–১৮৭৩) ইউটিলিটারিয়ান নীতিকে আরো সংবেদনশীল ও মানবিক করে তোলেন। মিল মনে করেন, সব সুখ সমান নয়; কিছু সুখ উচ্চতর ও আরো অর্থবহ।
“It is better to be Socrates dissatisfied than a fool satisfied.” – Mill
তাঁর দৃষ্টিতে, সুখ শুধু ইন্দ্রিয়গত তৃপ্তি নয়, বরং মানসিক ও নৈতিক উন্নয়নের পথও বটে।
আধুনিক কনজিউমারইজম ( Modern consumerism) : পুঁজিবাদের সাজানো ভোগবাদ Hedonism furnished by capitalism)
উনবিংশ ও বিংশ শতাব্দীতে যখন পুঁজিবাদ ( capitalism) ও গণউৎপাদন ( mass production) বিস্তৃতি লাভ করে, তখন ভোগ নিজেই একটি সামাজিক মানদণ্ড হয়ে ওঠে। আধুনিক কনজিউমারইজম এমন একটি ব্যবস্থাপনা যেখানে পণ্য ও পরিষেবার ভোগ জীবনের অর্থ হয়ে দাঁড়ায়।
জঁ বৌদ্রিয়ার ( Jean Baudrillard ) বলেন:
“Consumption is not about needs or utility, but about status, identity, and sign-value.”
আধুনিক বিজ্ঞাপন মানুষকে ‘অপ্রয়োজনীয়কে প্রয়োজনীয়’ করে তোলে। এই ভোগবাদ একপ্রকার মানসিক পরনির্ভরতা তৈরি করে।
Zygmunt Bauman বলেন:
“We no longer consume to live; we live to consume.”
এখানে ভোগ মানে শুধু পণ্য নয়; বরং ফ্যাশন, সামাজিক মান, ডিজিটাল পরিচিতি – সবই অন্তর্ভুক্ত।
যুগে যুগে ভোগবাদ একক কোনো দর্শন নয়, বরং এক বহুমাত্রিক জীবনবোধ যা প্রতিটি যুগে ভিন্ন দার্শনিক ব্যাখ্যায় রূপান্তরিত হয়েছে। এপিকিউরাসের পরিমিতিবাদ, চার্বাকের সাহসী বস্তুবাদ, হাফিজের আধ্যাত্মিক প্রেম, মিলের মানবিক ইউটিলিটারিয়ানিজম এবং আজকের কনজিউমারইজম—প্রত্যেকেই আমাদের বলে দেয়, মানুষের স্বপ্ন সুখের সন্ধানে এক অফুরন্ত যাত্রা। যে যাত্রার শুরু আছে কিন্তু শেষ নেই।