IOA - Islamic Online Academy

IOA - Islamic Online Academy বিশুদ্ধ ইসলামি জ্ঞান, চিন্তাশীল পাঠচর্চা ও নৈতিক মানবগঠনের সমন্বয়ে একটি পরিশীলিত, গবেষণাধর্মী ও যুগোপযোগী অনলাইন ও অফলাইন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান

23/09/2026
12/09/2026

মৃত্যু… শব্দটা শুনলেই আমাদের অনেকের বুকটা কেমন যেন ভারী হয়ে আসে। কারণ আমরা সবাই জানি, একদিন না একদিন এই পৃথিবীর জীবন শেষ হবে। কিন্তু কখন হবে, কোথায় হবে—সেটা কেউ জানে না।

তবে কখনো কি ভেবে দেখেছেন, মানুষ মারা যাওয়ার পর প্রথম কী ঘটে?

মৃত্যুর পর কি সবকিছু শেষ হয়ে যায়? নাকি শুরু হয় আরেকটি নতুন জীবন?

ইসলামের শিক্ষা অনুযায়ী, মৃত্যু মানুষের সম্পূর্ণ শেষ নয়। বরং দুনিয়ার জীবন শেষ হওয়ার পর শুরু হয় আখিরাতের জীবনের একটি নতুন পর্যায়।

মানুষ যখন মৃত্যুর সময় পৌঁছে যায়, তখন তার রূহ দেহ থেকে পৃথক হওয়ার বিষয়টি আসে। কুরআন ও হাদিসে মৃত্যুর সময় এবং রূহ কবজ করার ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে। এরপর মানুষ আর দুনিয়ার জীবনে ফিরে এসে নিজের আমল করার সুযোগ পায় না।

এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা।

আমরা দুনিয়াতে থাকতে কত কিছু নিয়ে ব্যস্ত থাকি—টাকা-পয়সা, বাড়ি, গাড়ি, ব্যবসা, চাকরি, মানুষের প্রশংসা, মোবাইল আর সামাজিক যোগাযোগমাধ্যম। মনে হয় এগুলোই যেন জীবনের সবকিছু।

কিন্তু মৃত্যুর মুহূর্ত এলে এসবের কোনোটাই সঙ্গে যাবে না।

সঙ্গে থাকবে আমাদের আমল।

কুরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যে মৃত্যুর বাইরে থাকতে পারবে।

মৃত্যুর পর মানুষ বারযাখের জীবনে প্রবেশ করে—অর্থাৎ দুনিয়ার জীবন ও কিয়ামতের মধ্যবর্তী এক পর্যায়। সেখানে মানুষের দুনিয়ার জীবন আর আগের মতো থাকে না।

তারপর আসবে সেই মহাদিবস—কিয়ামতের দিন।

আল্লাহ যখন কিয়ামত সংঘটিত করবেন, তখন মানুষকে পুনরুত্থিত করা হবে। সবাইকে একত্র করা হবে। সেদিন মানুষ বুঝতে পারবে, দুনিয়ার জীবনে যে সময়টাকে সে খুব সাধারণ মনে করেছিল, সেটাই ছিল আসলে সবচেয়ে মূল্যবান সময়।

সেদিন কেউ বলবে না—আরও টাকা চাই।

কেউ বলবে না—আরও বড় বাড়ি চাই।

বরং মানুষ চাইবে, যদি তাকে পৃথিবীতে আরেকবার ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে সে ভালো কাজ করত, তওবা করত, নামাজ পড়ত, মানুষের হক আদায় করত এবং আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকত।

কিন্তু তখন আর সেই সুযোগ থাকবে না।

তাই মৃত্যুর পর প্রথম কী হবে—এই প্রশ্নের চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো:

“মৃত্যুর জন্য আমি কী প্রস্তুতি নিয়েছি?”

আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে। আজ যে মানুষটি সুস্থভাবে ঘুমাতে যাচ্ছে, কাল হয়তো সে আর জেগে উঠবে না। আবার যে মানুষটি আজ আমাদের পাশে বসে আছে, হয়তো কিছুদিন পর তাকে কবরস্থানে রেখে আসতে হবে।

এটাই দুনিয়ার বাস্তবতা।

তাই ভাই, মৃত্যুকে শুধু ভয় পাওয়ার বিষয় হিসেবে না দেখে নিজেকে সংশোধনের একটি স্মরণিকা হিসেবে দেখুন।

নামাজ ঠিক করুন।

হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করুন।

মা-বাবার হক আদায় করুন।

কারও ওপর জুলুম করে থাকলে ক্ষমা চান।

কারও হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিন।

আর সবচেয়ে বড় কথা—আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করুন।

কারণ আমরা জানি না, আমাদের জীবনের শেষ দিনটি কোন দিন।

হয়তো আজকের রাতটাই শেষ রাত।

হয়তো আগামী সকালটাই শেষ সকাল।

তাই মৃত্যু আসার আগে আমাদের প্রস্তুত হওয়া উচিত।

আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবন কাটানোর এবং ঈমানের সঙ্গে মৃত্যু বরণ করার তাওফিক দেন। আমাদের কবরকে শান্তির স্থান করুন এবং কিয়ামতের দিন আমাদের ওপর রহমত করুন।

আমিন।

11/09/2026

🕌 জুমার নামাজের গুরুত্ব এবং নতুনদের জন্য জুমার দিনের সুন্দর প্রস্তুতি 🕌

জুমার দিন বা শুক্রবার হলো মুসলিম উম্মাহর জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন। হাদিসে এই দিনকে 'সায়্যিদুল আইয়াম' বা দিনসমূহের সর্দার বলা হয়েছে। যারা সদ্য নামাজ শুরু করেছেন বা জুমার দিনের আমলগুলো আরও গুছিয়ে পালন করতে চান, তাদের জন্য এই দিনটির গুরুত্ব ও প্রস্তুতি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি।

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত :
• কুরআনের নির্দেশ: আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা জুমুআয় (আয়াত: ৯) বলেছেন, “হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো”।
• সওয়াবের বিশালতা: জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদে প্রবেশ করে, সে একটি মোটাতাজা উট কুরবানি করার সমান সওয়াব পায়। এরপর পর্যায়ক্রমে যারা আসে তারা যথাক্রমে গরু, দুম্বা, মুরগি এবং ডিম সদকা করার সওয়াব অর্জন করে।
• দোয়া কবুলের বিশেষ মুহূর্ত: জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন বান্দা আল্লাহর কাছে যা-ই চায়, আল্লাহ তা কবুল করেন। অধিকাংশ আলেমের মতে, এই সময়টি হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত।
• গুনাহ মাফ: এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সুন্দরভাবে আমল করলে মাঝের সকল সগিরা গুনাহ মাফ করে দেওয়া হয়।

নতুনদের জন্য জুমার দিনের সহজ প্রস্তুতি ও সুন্নত আমল :
নতুনদের জন্য জুমার দিনের প্রস্তুতিগুলো খুব সহজ, কিন্তু এর প্রতিদান অনেক বড়। নিচে ধারাবাহিকভাবে করণীয়গুলো তুলে ধরা হলো:
১. পরিষ্কার-পরিচ্ছন্নতা: জুমার দিনের অন্যতম সুন্নাহ হলো ভালোভাবে গোসল করা এবং হাত-পায়ের নখ কাটা।
২. মেসওয়াক ও সুগন্ধি ব্যবহার: মসজিদে যাওয়ার আগে মেসওয়াক (বা ব্রাশ) করে মুখ পরিষ্কার করা এবং সম্ভব হলে সুগন্ধি বা আতর ব্যবহার করা সুন্নত।
৩. উত্তম পোশাক পরিধান: নিজের সংগ্রহে থাকা সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাকটি জুমার নামাজের জন্য নির্ধারণ করুন।
৪. আগে আগে মসজিদে যাওয়া: আজানের অপেক্ষায় না থেকে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করুন এবং পায়ে হেঁটে মসজিদে যাওয়া উত্তম।
৫. মসজিদে প্রবেশ করে নামাজ: মসজিদে প্রবেশ করে বসার আগে দুই রাকাত ‘দুখুলুল মসজিদ’ (মসজিদে প্রবেশের) নামাজ আদায় করা সুন্নত।
৬. মনোযোগ দিয়ে খুতবা শোনা: জুমার খুতবা শোনা ওয়াজিব। খুতবা চলাকালীন সম্পূর্ণ চুপ থাকতে হবে। কারও সাথে কথা বলা বা মোবাইল ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
৭. সূরা কাহাফ তেলাওয়াত: জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ওই ব্যক্তির জন্য নূর (আলো) চমকাতে থাকে।
৮. দরুদ শরীফ পাঠ: প্রিয় নবী (সা.)-এর ওপর এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করা অত্যন্ত সওয়াবের কাজ, কারণ জুমার দিন আমাদের দরুদ সরাসরি নবীজির (সা.) কাছে পেশ করা হয়।

জুমার দিন আমাদের জন্য এক বিশাল নেয়ামত। আসুন, সপ্তাহের এই বিশেষ দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে জুমার নামাজের গুরুত্ব অনুধাবন করে সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার তাওফিক দান করুন। আমিন!

(পোস্টটি শেয়ার করে আপনার কাছের মানুষদেরও জানার সুযোগ করে দিন। দ্বীনের কথা প্রচার করাও একটি সাদাকায়ে জারিয়া ।)

09/09/2026

কখনো কি চিন্তা করেছেন, আল্লাহ তাআলা কেন একথা বললেন না যে "প্রতিটি প্রাণীই মারা যাবে"? বরং তিনি বলেছেন, ”প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে”।

মৃত্যু কি কোনো খাবার বা পানীয় যে, আমাদের তার স্বাদ নিতে হবে?

আমরা কোরআনের এই আয়াতটি প্রায়ই পড়ি। কিন্তু খুব কম মানুষই (ذَائِقَةُ) বা 'স্বাদ গ্রহণ' শব্দটিতে থেমে একটু গভীরভাবে চিন্তা করেন। আল্লাহ কেন সাধারণ ভাষায় 'আমরা মরে যাব' বা 'ধ্বংস হয়ে যাব' না বলে 'স্বাদ নেওয়া' শব্দটি বেছে নিলেন?

এর পেছনে এমন এক গভীর মনস্তাত্ত্বিক ও আত্মিক রহস্য লুকিয়ে আছে, যা নিয়ে ভাবলে বাস্তবেই কলিজা কেঁপে ওঠে!

আপনি যখন কোনো খাবার মুখে দেন, তার স্বাদ কিন্তু এক সেকেন্ডেই গায়েব হয়ে যায় না। বরং তা আপনার পুরো অনুভূতিতে ছড়িয়ে পড়ে এবং আপনি তা অনুভব করতে থাকেন।

আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন এটা বোঝানোর জন্য যে, মৃত্যু হঠাৎ করে নিভে যাওয়া বা 'সুইচ অফ' হয়ে যাওয়ার মতো কিছু নয়! এটি একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া। ধীরে ধীরে রূহ টানা হতে থাকে এবং মানুষ তার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে মৃত্যুর প্রতিটি মুহূর্তকে সজ্ঞানে 'উপলব্ধি' করে।

মানুষ তখন ফেরেশতা এবং অদৃশ্যের ওই জগত দেখতে শুরু করে, যা সে দুনিয়াতে ভুলে ছিল।

আল্লাহ বলেন,"আমি তোমার ওপর থেকে পর্দা সরিয়ে দিয়েছি, আজ তোমার দৃষ্টি বড়ই প্রখর!" (সূরা ক্বাফ: ২২)

রূহ একবারে বের হয় না; বরং পায়ের আঙুল থেকে বের হতে শুরু করে ধীরে ধীরে কণ্ঠনালিতে এসে পৌঁছায়।

কোরআনে বলা হয়েছে,

"কখনো নয়! যখন প্রাণবায়ু কণ্ঠনালিতে পৌঁছাবে... আর সে বুঝতে পারবে যে, এটাই বিদায়বেলা!"(সূরা কিয়ামাহ: ২৬-২৮)

যে মুহূর্তে রূহ শরীর ছেড়ে যায়, মানুষের চোখ তখন আসমানের দিকে সেটার পিছু নেয়।

যেমনটা নবীজি (সা.) বলেছেন: "নিশ্চয়ই রূহ যখন কবজ করা হয়, দৃষ্টি তখন তার পিছু নেয় (তাকিয়ে থাকে)।" (সহিহ মুসলিম)

কেন 'স্বাদ' শব্দটিই বেছে নেওয়া হলো?

আল্লাহ কেন বললেন না যে, প্রতিটি প্রাণী মৃত্যুকে 'দেখবে' বা 'শুনবে'?

আপনি কোনো ভয়ংকর দৃশ্য দেখলে চোখ বন্ধ করতে পারেন, কটু শব্দ শুনলে কানে আঙুল দিতে পারেন, গরম কিছু ছুঁয়ে ফেললে হাত সরিয়ে নিতে পারেন।

কিন্তু 'স্বাদ'? মুখে কোনো কিছু চলে গেলে আর জিভে লাগলে, আপনি কিছুতেই তার স্বাদ থেকে পালাতে পারবেন না! সেই অভিজ্ঞতা আপনার 'ভেতরে' প্রবেশ করে এবং আপনার অস্তিত্বের অংশ হয়ে যায়।

মৃত্যু এমন কোনো ঘটনা নয় যা আপনি দূর থেকে দাঁড়িয়ে দেখবেন। বরং মৃত্যু আপনার শিরা-উপশিরায়, কোষের ভেতরে ঢুকে যাবে। আপনি চান বা না চান, এর স্বাদ আপনাকে পেতেই হবে।

যেহেতু মৃত্যুকে 'আস্বাদন' করতে হবে, তাই নিশ্চিতভাবেই এর একটা স্বাদ আছে। খাবারের যেমন আলাদা স্বাদ থাকে, তেমনি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আর আমলের ওপর ভিত্তি করে মৃত্যুর স্বাদও একেকজনের জন্য একেক রকম হবে।

নবীজি (সা.) বলেছেন: "পানির পাত্র থেকে যেভাবে সহজে পানি গড়িয়ে পড়ে, মুমিনের রূহ ঠিক সেভাবেই সহজে বেরিয়ে আসে।" (মুসনাদে আহমাদ)

এটি এমন এক স্বাদ, যা প্রশান্তি আর জান্নাতের সুসংবাদে ভরপুর।

নবীজি (সা.) বলেছেন, "ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার শিঁক যেভাবে টেনে বের করা হয়, (পাপীর) রূহকে ঠিক সেভাবেই টেনে-হিঁচড়ে বের করা হয়।" (মুসনাদে আহমাদ)

এটি চরম কষ্ট, অনুশোচনা আর আক্ষেপের স্বাদ।

এমনকি নবী-রাসূল এবং নেককাররাও 'সাকারাতুল মাউত' বা মৃত্যুর কষ্ট অনুভব করেন। কিন্তু মুমিনের জন্য এই কষ্ট তার মর্যাদা বুলন্দ করার মাধ্যম, যা আল্লাহর সাথে পবিত্র হয়ে সাক্ষাতের আগে তার আমলনামাকে একেবারেই নিখুঁত করে দেয়।

সারকথা হলো, মৃত্যু এমন এক পেয়ালা, যা সব মানুষের হাতে হাতে ঘুরছে। আমরা সবাই এই পেয়ালার পানীয় পান করব। তবে কেউ এর স্বাদ পাবে প্রশান্তি আর জান্নাতের সুবাসে, আর কেউ পাবে চরম ভয় আর আক্ষেপের তিক্ততায়।

আজকের এই দিনে কয়েক মিনিটের জন্য হলেও একা বসে নিজের বিবেককে একটা প্রশ্ন করি, আমার বর্তমান আমল, আমার নামাজ আর আল্লাহর সাথে আমার সম্পর্কের হিসাব অনুযায়ী... আমি নিজের জন্য মৃত্যুর কোন "স্বাদ" তৈরি করছি?

আল্লাহ তাআলা আমাদের সুন্দর মৃত্যু নসিব করুন। মৃত্যুকে আমাদের জন্য সমস্ত অকল্যাণ থেকে মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।

09/09/2026

বর্ণনাকারী: আবূ হুরায়রা (রাঃ)

আবূ হুরায়রা (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন যে, এক ব্যক্তি তার ভাইকে দেখার জন্য অন্য এক গ্রামে গেলো। আল্লাহ্‌ তা’য়ালা তার জন্য রাস্তায় একজন ফেরেশতা মোতায়েন করলেন। সে ব্যক্তি যখন ফেরেশতার কাছে পৌঁছলো, তখন ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? সে বললো, আমি এই গ্রামে আমার এক ভাইকে দেখার জন্য যাচ্ছি। ফেরেশতা বললেন, তার উপর তোমার কি কোন অনুগ্রহ আছে, যা তুমি আরো বৃদ্ধি করতে চাও? সে বললো, না। আমি তো শুধু আল্লাহ্‌র জন্য তাকে ভালবাসি। ফেরেশতা বললেন, আমি আল্লাহ্‌র পক্ষ থেকে তোমার কাছে এ পয়গাম নিয়ে এসেছি যে, আল্লাহ্ তোমাকেও ভালবাসেন, যেমন তুমি তোমার ভাইকে তাঁরই জন্য ভালবাসো।” (মুসলিম ২৫৬৭)

১০০ সুসাব্যস্ত হাদিস, হাদিস নং ৮১
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

07/09/2026

মুহাম্মাদ (সাঃ) যে সত্যিই স্রষ্টার প্রেরিত রাসূল, তা প্রমাণ করার জন্য অন্ধবিশ্বাসের প্রয়োজন নেই; মানবীয় মনস্তত্ত্ব, ইতিহাস এবং সাধারণ যুক্তির কষ্টিপাথরে বিচার করলেই সত্যটি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়।

স্বার্থ ও উদ্দেশ্যের মনস্তাত্ত্বিক পরীক্ষা:
যেকোনো মানুষ সাধারণত ক্ষমতা, সম্পদ, প্রভাব বা খ্যাতির লোভে মিথ্যা দাবি করে বা নতুন কোনো মতবাদ প্রচার করে। মক্কার কুরাইশরা যখন ইসলাম প্রচারে অতিষ্ঠ হয়ে ওঠে, তখন তারা মুহাম্মাদ (সাঃ)-কে মক্কার রাজত্ব এবং অঢেল সম্পদের প্রস্তাব দিয়েছিল এই শর্তে যে, তিনি যেন তাঁর এই প্রচার থেকে বিরত থাকেন। একজন সাধারণ মানুষ, যার মূল লক্ষ্য কেবল নিজের প্রভাব বিস্তার করা বা নেতা হওয়া, তার কাছে এর চেয়ে বড় সুযোগ আর কী হতে পারে? কিন্তু তিনি এই লোভনীয় প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। যৌক্তিক দৃষ্টিকোণ থেকে, যিনি নিজের প্রভাব বিস্তারের জন্য কোনো মনগড়া কিতাব বানাবেন, তিনি কখনোই নিজের জন্য এত বড় পার্থিব সুযোগকে পায়ে ঠেলে দেবেন না। তাঁর এই প্রত্যাখ্যান অকাট্যভাবে প্রমাণ করে যে তাঁর উদ্দেশ্য কোনো পার্থিব অর্জন ছিল না, বরং তাঁর লক্ষ্য ছিল কেবল স্রষ্টার আদেশ পালন করা।

অকল্পনীয় ত্যাগ ও অবিচলতার দর্শন:
মিথ্যাবাদীরা স্বভাবতই সুবিধাবাদী হয়; তারা চরম বিপদে পড়লে বা জীবন সংশয় দেখা দিলে নিজেদের বানানো মিথ্যা থেকে সরে আসে। কিন্তু মুহাম্মাদ (সাঃ) এই ঐশী বাণী প্রচার করতে গিয়ে অকল্পনীয় কষ্ট ও যাতনা সহ্য করেছেন এবং এমনকি তাঁকে নিজ মাতৃভূমি থেকেও বিতাড়িত হতে হয়েছিল। তাঁকে তায়েফে রক্তাক্ত করা হয়েছে, সামাজিকভাবে বয়কট করে বছরের পর বছর অনাহারে রাখা হয়েছে এবং বারবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। লজিক্যাল ফিলোসফি অনুযায়ী, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ স্রেফ একটি মনগড়া মিথ্যার জন্য সারাজীবন এত শারীরিক ও মানসিক নির্যাতন হাসিমুখে সহ্য করবে না। নিজের ভালো বা পার্থিব স্বার্থ তো একজন পাগলও বোঝে। এই অপরিসীম ত্যাগ ও যেকোনো মূল্যে সত্যের ওপর অবিচল থাকা প্রমাণ করে যে, তাঁর কাছে আসা ওহির সত্যতা নিয়ে স্বয়ং তাঁর নিজের ভেতরে বিন্দুমাত্র কোনো সংশয় ছিল না।

নিরক্ষর মানুষের মাধ্যমে নিখুঁত জ্ঞানের প্রকাশ:
সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক প্রমাণ হলো সেই ঐশী গ্রন্থ, যা তিনি মানুষের সামনে উপস্থাপন করেছিলেন। তিনি ছিলেন তৎকালীন আরবের একজন সাধারণ মানুষ, যিনি লিখতে বা পড়তে জানতেন না। অথচ তিনি এমন একটি কিতাব নিয়ে এলেন, যাতে প্রাচীন মিশরের শাসকদের উপাধির নিখুঁত ঐতিহাসিক পার্থক্য (ইউসুফ আঃ এর সময়ে 'রাজা' এবং মূসা আঃ এর সময়ে 'ফেরাউন') নির্ভুলভাবে উঠে এসেছে, যা তৎকালীন শিক্ষিতদের কাছে থাকা বাইবেলেও ভুলভাবে উল্লেখ ছিল। এছাড়াও সূরা আর-রহমানে মহাকাশ ভ্রমণের যৌক্তিক সম্ভাবনাকে বোঝাতে নিখুঁত আরবি ব্যাকরণ ('ইন') ব্যবহার করা হয়েছে, যা সে যুগের কোনো উট চরানো নিরক্ষর মানুষের পক্ষে নিজের থেকে কল্পনা করাও অসম্ভব ছিল।

একজন মানুষ, যার নিজের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে, সারাজীবন অমানবিক কষ্ট সহ্য করে এমন এক নিখুঁত ও অপরিবর্তনীয় জীবনব্যবস্থা মানবজাতিকে উপহার দিয়েছেন—এটি কোনো মানবীয় চিন্তার ফসল হতে পারে না; এটি কেবল সেই সর্বজ্ঞানী স্রষ্টার পক্ষ থেকেই আসা সম্ভব। আপনার যুক্তিবাদী মন কি এই অকাট্য ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক প্রমাণগুলোকে স্রেফ কাকতালীয় বা কোনো মানুষের বানানো গল্প বলে মনে করতে পারে?

06/09/2026

প্রশ্ন: নাস্তিকদের একটি অত্যন্ত পরিচিত অভিযোগ—"বিজ্ঞান তো মহাবিশ্বের সবকিছুই প্রমাণ ও পর্যবেক্ষণের মাধ্যমে ব্যাখ্যা করে দিচ্ছে! যেমন বৃষ্টি কীভাবে হয়, ভূমিকম্প কেন হয়, কিংবা মহাবিশ্বের উৎপত্তি কীভাবে হয়েছে। তাহলে মহাবিশ্বের মেকানিজম যখন বিজ্ঞান দিয়েই ব্যাখ্যা করা যাচ্ছে, তখন অদেখা স্রষ্টায় বিশ্বাস করার যৌক্তিকতা কোথায়? বিজ্ঞান কি ঈশ্বরকে অপ্রয়োজনীয় করে দেয়নি?"

যৌক্তিক ও বুদ্ধিবৃত্তিক জবাব:
বিজ্ঞানকে স্রষ্টার বিকল্প হিসেবে দাঁড় করানো বর্তমান সময়ের বস্তুবাদী ও নাস্তিকদের অন্যতম বড় একটি বুদ্ধিবৃত্তিক ফাঁকি। একজন যুক্তিবাদী মানুষের দৃষ্টিতে বিজ্ঞান এবং স্রষ্টা একে অপরের প্রতিযোগী নয়, বরং বিজ্ঞান হলো স্রষ্টার তৈরি করা নিয়মাবলি আবিষ্কার করার একটি মাধ্যম মাত্র। আসুন বিষয়টি দর্শন ও যুক্তির আলোকে বিশ্লেষণ করি।

১. 'কীভাবে' (How) এবং 'কেন' (Why) এর মাঝে বিভ্রান্তি
নাস্তিক বা অতি-বিজ্ঞানমনস্করা প্রায়ই 'কারণ' এবং 'প্রক্রিয়া'-এর মাঝে লেজে-গোবরে অবস্থা পাকিয়ে ফেলে। বিজ্ঞানের কাজ হলো একটি ঘটনা 'কীভাবে' (How/প্রক্রিয়া) ঘটছে তা পর্যবেক্ষণ করা, কিন্তু ঘটনাটি 'কেন' (Why/কারণ) ঘটছে তার উত্তর বিজ্ঞান দিতে পারে না।
যেমন, বৃষ্টি কেন হয়—এই প্রশ্ন জিজ্ঞেস করলে তারা বলবে সূর্যের তাপে পানি বাষ্প হয়ে ওপরে ওঠে এবং পরে শীতল হয়ে ভারি হয়ে নিচে নেমে আসে। কিন্তু এটি তো বৃষ্টি হওয়ার প্রক্রিয়া, বৃষ্টি হওয়ার উদ্দেশ্য বা কারণ নয়। মহাবিশ্ব কেন সৃষ্টি হয়েছে জিজ্ঞেস করলে তারা বিগ ব্যাং-এর বুলি আওড়ায়, কিন্তু কীভাবে সৃষ্টি হয়েছে তার প্রক্রিয়া দিয়ে কখনোই কেন সৃষ্টি হয়েছে তার কারণ জানা যায় না।
বিষয়টি বুঝতে একটি চমৎকার উদাহরণ দেওয়া যাক। কক্সবাজারে কোনো বন্ধুকে ঘুরতে দেখে আপনি যদি জিজ্ঞেস করেন, "তুমি এখানে কেন?", আর সে যদি উত্তর দেয়, "বাসে চড়েছি, বাস এখানে নামিয়ে দিয়েছে তাই"—তাহলে এটি একটি হাস্যকর উত্তর হবে। বাস কীভাবে তাকে এনেছে তা একটি প্রক্রিয়া, কিন্তু আসার প্রকৃত কারণ হয়তো বেড়ানো বা আত্মীয়ের সাথে দেখা করা। বিজ্ঞান আমাদের 'বাসে চড়ার' প্রক্রিয়া শেখায়, আর ইসলাম আমাদের 'পৃথিবীতে আসার' প্রকৃত উদ্দেশ্য শেখায়। বিশ্বজগতের সৃষ্টি কোনো দুর্ঘটনা নয়, আমাদের জন্ম ও মৃত্যু একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য ও পরীক্ষার অংশ।

২. মেকানিজম জানা মানেই কি স্রষ্টার অনস্তিত্ব?
বিজ্ঞান যদি কোনো কিছুর কার্যপ্রণালী আবিষ্কার করে ফেলে, তার মানে এই নয় যে ওই জিনিসের কোনো স্রষ্টা নেই। উদাহরণস্বরূপ, আধুনিক ক্যানন বা সনি ক্যামেরাগুলো ফোকাস করার জন্য জটিল সেন্সর ও প্রোগ্রামিং ব্যবহার করে, অথচ মানুষের চোখ এর চেয়েও দ্রুত ও নিখুঁতভাবে মুহূর্তের মধ্যে ফোকাস করে। মানুষের চোখ এত জটিল যে স্বয়ং চার্লস ডারউইনও তার বইয়ে স্বীকার করেছিলেন, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এমন নিখুঁত চোখের উদ্ভব হওয়া চূড়ান্ত পর্যায়ের অযৌক্তিক মনে হয়।
আপনি যদি একটি অত্যাধুনিক ক্যামেরার লেন্স, সেন্সর এবং ফোকাসিং মেকানিজম কীভাবে কাজ করে তা ১০০% বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পারেন, তবে তার মানে কি এই দাঁড়াবে যে ওই ক্যামেরার কোনো নির্মাতা নেই এবং এটি এমনি এমনি তৈরি হয়েছে? কখনোই না। ঠিক তেমনি, মানবদেহ বা মহাবিশ্ব কীভাবে কাজ করে তা বিজ্ঞান যত বেশি আবিষ্কার করবে, এর নিখুঁত নকশাকারীর (Intelligent Designer) অস্তিত্ব তত বেশি প্রমাণিত হবে। মেকানিজমের ব্যাখ্যা কখনোই মেকানিকের অস্তিত্বকে বাতিল করে না।

৩. পর্যবেক্ষণ ক্ষমতার সীমাবদ্ধতা
বিজ্ঞান দাঁড়িয়ে আছে মূলত পর্যবেক্ষণের ওপর। কিন্তু বিজ্ঞান নিজেই স্বীকার করে যে, এই বিশাল বিশ্বজগতের অতি ক্ষুদ্র একটি অংশই কেবল মানুষের পর্যবেক্ষণের আওতায় এসেছে। যেখানে আমরা মহাবিশ্বের ৯৫% ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পর্কে প্রায় অন্ধ, সেখানে আমাদের এই অসম্পূর্ণ ও সীমিত পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে মহাবিশ্বের স্রষ্টার অস্তিত্বকে খারিজ করে দেওয়াটা চরম অহংকার ছাড়া আর কিছুই নয়।

সুতরাং, বিজ্ঞান মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে বাতিল করে না, বরং স্রষ্টার সৃষ্টির নিখুঁত কারুকাজ মানুষের সামনে আরও স্পষ্টভাবে উন্মোচিত করে। বিজ্ঞান আমাদের শেখায় মহাবিশ্ব 'কীভাবে' চলছে, আর আল-কুরআন আমাদের শেখায় এই মহাবিশ্ব 'কেন' সৃষ্টি হয়েছে। এই দুটির সংমিশ্রণেই একজন প্রকৃত জ্ঞানী মানুষ সত্যের সন্ধান পান।

05/09/2026

মহাবিশ্বের এক বিশাল সময়কাল জুড়ে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। একশো বা দুশো বছর আগের পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, আমাদের কোনো নাম-পরিচয় বা স্মৃতিও ছিল না। সম্পূর্ণ 'শূন্য' বা অনস্তিত্ব থেকে আমরা এই পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছি। আবার একটি নির্দিষ্ট সময় পর আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করব এবং আমাদের এই পার্থিব অস্তিত্বের অবসান ঘটবে। অস্তিত্বহীনতা থেকে জীবনের শুরু, এবং জীবন থেকে পুনরায় মৃত্যুর এই অকাট্য বাস্তবতাকে আমরা সবাই মেনে নিই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই একই যুক্তির ধারাবাহিকতায় যখন মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার (পুনরুত্থান) কথা আসে, তখন অনেকেই সন্দিহান হয়ে পড়েন।
একটু গভীরভাবে এবং যৌক্তিকভাবে চিন্তা করলে এই সংশয়ের অসারতা খুব সহজেই ধরা পড়ে।

প্রথম সৃষ্টি বনাম পুনরুত্থান
যেকোনো কিছু শূন্য থেকে বা প্রথমবার তৈরি করাটা সবসময় সবচেয়ে বেশি কঠিন। একজন প্রকৌশলী যখন একটি শূন্য মাঠে নতুন কোনো ইমারতের নকশা করে তা নির্মাণ করেন, তখন তাকে সবচেয়ে বেশি মেধা ও শ্রম দিতে হয়। সেই ইমারতটি যদি ভেঙে ফেলা হয়, তবে সেই একই প্রকৌশলীর জন্য সেই একই নকশায় ইমারতটি পুনরায় নির্মাণ করা কি আগের চেয়ে কঠিন, না কি সহজ? সাধারণ যুক্তিই বলে, দ্বিতীয়বার নির্মাণ করাটা প্রথমবারের চেয়ে অনেক বেশি সহজ।

আমরা যখন কিছুই ছিলাম না, সম্পূর্ণ শূন্য থেকে যিনি আমাদের একটি নিখুঁত ও জটিল শরীর, মস্তিষ্ক এবং প্রাণ দিয়ে অস্তিত্বে আনতে পারলেন, মৃত্যুর পর আমাদের সেই অবশিষ্টাংশ থেকে তিনি আমাদের পুনরায় সৃষ্টি করতে পারবেন না—এটি চরম অযৌক্তিক একটি ধারণা। 'শূন্য' থেকে 'অস্তিত্বে' পৌঁছানোই যেখানে সবচেয়ে বড় মিরাকল এবং তা যেহেতু ইতিমধ্যেই একবার ঘটে গেছে, সেখানে মৃত্যুর পর পুনরায় জীবিত করাটা স্রষ্টার অসীম ক্ষমতার কাছে অতি নগণ্য একটি বিষয়।

পবিত্র কুরআনের সূরা আল-বাকারাহ এর ২৮ নম্বর আয়াতে মহান আল্লাহ মানুষের এই অস্তিত্বহীনতা, জীবন, মৃত্যু এবং পুনরুত্থানের অকাট্য চক্রটি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন:
"তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার করছ? অথচ তোমরা ছিলে প্রাণহীন, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন ও পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন এবং অবশেষে তাঁর দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে।"

এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের বর্তমান জীবনটি কোনো স্বয়ংক্রিয় দুর্ঘটনা নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার অংশ। যে স্রষ্টা আমাদের অস্তিত্বহীনতার অন্ধকার থেকে জীবনের আলোতে নিয়ে এসেছেন, মৃত্যু কখনোই তাঁর ক্ষমতার শেষ সীমানা হতে পারে না। মৃত্যু কেবল একটি সাময়িক বিরতি এবং পরবর্তী চিরস্থায়ী জীবনের প্রবেশদ্বার মাত্র। প্রথমবার যিনি কোনো পূর্ব-অস্তিত্ব ছাড়াই আমাদের প্রাণ দিয়েছেন, দ্বিতীয়বার সৃষ্টির জন্য তাঁর কোনো অক্ষমতা থাকতে পারে না।

নিজের জীবনের এই শুরু এবং অনিবার্য পরিণতির কথা চিন্তা করলে, পুনরুত্থানের ধারণাকে কি আপনার কাছে প্রথম সৃষ্টির চেয়েও বেশি যৌক্তিক ও স্বাভাবিক বলে মনে হয় না?

Address

Mirpur/10
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when IOA - Islamic Online Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share