02/05/2026
শিরোনাম: পণ্য কি এক শাখা থেকে অন্য শাখায় নিচ্ছেন? সঠিক মূসক চালান ব্যবহার করছেন তো? 🚚/মূসক-৬.৪ এবং ৬.৫ চালানে কি ভ্যাট দিতে হয়?
🔍 মূসক-৬.৪: আপনি যদি আপনার কাঁচামাল অন্য কোনো কারখানায় প্রসেসিং বা উৎপাদনের জন্য পাঠান, তবে এই 'চুক্তিভিত্তিক উৎপাদন চালানপত্র' ব্যবহার করুন।
🔍 মূসক-৬.৫: আপনার প্রতিষ্ঠান যদি কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত হয় এবং আপনি আপনার এক ডিপো থেকে অন্য ডিপোতে বা শোরুমে পণ্য স্থানান্তর করেন, তবে এই 'পণ্য স্থানান্তর চালানপত্র' ইস্যু করা বাধ্যতামূলক।
সতর্কতা: যথাযথ চালান ছাড়া পণ্য পরিবহন করলে তা জব্দ হওয়ার এবং বড় অংকের জরিমানা হওয়ার ঝুঁকি থাকে।
বাস্তবধর্মী উদাহরণ (Example):
১. মূসক-৬.৪ (Contractual Manufacturing) এর উদাহরণ:
জাবের এন্টারপ্রাইজ শার্ট তৈরি করে। তাদের নিজস্ব কারখানায় কাপড় কাটার ব্যবস্থা আছে, কিন্তু বোতাম লাগানোর জন্য তারা অন্য একটি ছোট কারখানাকে (Third Party) কাজ দেয়।
প্রক্রিয়া: জাবের এন্টারপ্রাইজ যখন কাটা কাপড়গুলো অন্য কারখানায় পাঠাবে, তখন মূসক-৬.৪ ইস্যু করবে।
ফলাফল: ওই কারখানা যখন বোতাম লাগিয়ে শার্টগুলো ফেরত পাঠাবে, তখনও তারা ৬.৪ ব্যবহার করবে। এতে প্রমাণ থাকে যে পণ্যটি বিক্রির জন্য নয়, বরং প্রসেসিংয়ের জন্য স্থানান্তর করা হয়েছে।
২. মূসক-৬.৫ (Stock Transfer) এর উদাহরণ:
জাবের এন্টারপ্রাইজ একটি কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান। তাদের প্রধান গুদাম (Warehouse) ঢাকায় এবং একটি শোরুম চট্টগ্রামে।
প্রক্রিয়া: ঢাকা থেকে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে পণ্য পাঠানোর সময় মূসক-৬.৫ ইস্যু করতে হবে।
ফলাফল: যেহেতু প্রতিষ্ঠানটি কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত, তাই এক শাখা থেকে অন্য শাখায় পণ্য নিতে ভ্যাট দিতে হয় না। তবে রাস্তায় ভ্যাট কর্মকর্তাদের তল্লাশি এড়াতে এবং স্টকের হিসাব মেলাতে এই চালানপত্রটি বাধ্যতামূলক।
মূসক-৬.৪ এবং ৬.৫ চালানে কি ভ্যাট দিতে হয়?
সহজ কথায় উত্তর হলো: না, মূসক-৬.৪ এবং মূসক-৬.৫ ইস্যু করার সময় কোনো ভ্যাট পরিশোধ করতে হয় না। তবে এর পেছনে কিছু নির্দিষ্ট আইনি শর্ত ও প্রক্রিয়া রয়েছে।
১. মূসক-৬.৪ (চুক্তিভিত্তিক উৎপাদন চালানপত্র)
এটি মূলত পণ্য বা কাঁচামালের 'প্রসেসিং' বা 'উৎপাদনের' জন্য ব্যবহৃত হয়, বিক্রয়ের জন্য নয়।
ভ্যাট কেন প্রযোজ্য নয়: এখানে পণ্যের মালিকানা পরিবর্তন হয় না। আপনি আপনার নিজের কাঁচামাল অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। যেহেতু এটি বিক্রয় নয়, তাই কোনো আউটপুট ভ্যাট দিতে হয় না।
মনে রাখার বিষয়: যখন কাজ শেষে ওই কারখানা পণ্যটি ফেরত পাঠাবে, তখন তারা তাদের 'সার্ভিস চার্জ' বা 'মেকিং চার্জ'-এর ওপর ভ্যাট আরোপ করবে। কিন্তু মূল পণ্যের মূল্যের ওপর কোনো ভ্যাট লাগবে না।
২. মূসক-৬.৫ (পণ্য স্থানান্তর চালানপত্র)
এটি শুধুমাত্র কেন্দ্রীয় নিবন্ধিত (Central Registration) প্রতিষ্ঠানের এক শাখা থেকে অন্য শাখায় পণ্য পাঠানোর দলিল।
ভ্যাট কেন প্রযোজ্য নয়: কেন্দ্রীয় নিবন্ধনের মূল সুবিধাই হলো আন্তঃশাখা লেনদেনে ভ্যাট অব্যহতি। পণ্য যখন এক ডিপো থেকে অন্য ডিপোতে যায়, তখন মালিকানা জাবের এন্টারপ্রাইজের হাতেই থাকে। তাই এটি বিক্রয় হিসেবে গণ্য হয় না এবং ভ্যাট লাগে না।
সতর্কতা: যদি আপনার প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত না হয়, তবে আপনি মূসক-৬.৫ ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে এক শাখা থেকে অন্য শাখায় পণ্য পাঠাতে হলে মূসক-৬.৩ এর মাধ্যমে ভ্যাট পরিশোধ করেই পাঠাতে হবে।