22/04/2026
ইংলিশে কীভাবে প্রো লেভেল এ পৌছাবেন?
মো: তানজিলুর রহমান
প্রশাসন ক্যাডার (৪৪তম বিসিএস)
কিছুদিন আগে একজন জাপানিজ ইনভেস্টরের সাথে আমার কথা হচ্ছিল। কী যে সুন্দর করে যে বাংলা বলে ভাই! আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, বাংলা ভাষায় এত সুন্দর দক্ষতা তুমি কীভাবে অর্জন করেছ? সে বললো, ব্যাবসায়িক কাজে অনেক বাঙালি কমিউনিটির সাথে মেশা হয়েছে, তাদের সাথে কথা বলতে বলতে শিখে ফেলেছি। আমি বললাম, বাংলা ব্যাকরণ, ভোকাবুলারি এসব পড়ো নাই? অথবা কোনো বাংলা কোর্স করো নাই? সে বলল, না, এসব কিছুই করে নাই। চিন্তা করেন! মানুষের সাথে জাস্ট কথা বলতে বলতে বাংলা শিখে ফেলেছে। আর আমরা ২০-৩০ বছর ধরে ইংরেজি শিখতে পারছি না, ইংরেজিতে বেসিক কথাবার্তা বলতে পারিনা। আসলে এটা আমাদের দোষ না। সমস্যা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার। ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের ছোটোবেলা থেকে খুব বাজেভাবে গ্রুমিং করা হয়। আমাদের বছরের পর বছর গ্রামার আর ভোকাবুলারি শেখানো হয়। তার উপরেই পরীক্ষা হয়। এতে আমাদের মধ্যে ধারণা জন্মে যায় যে, গ্রামার আর ভোকাবুলারি শেখা মানেই ইংরেজি শেখা। তাই তো বুড়ো হয়েও আমরা কোথায় Has been বসবে আর কোথায় Had been বসবে এই নিয়ে মারামারি করি, কিন্তু ইংলিশ আর শেখা হয়ে ওঠে না। এর চেয়ে বড়ো সেলুকাস আর কী হতে পারে?
পৃথিবীর যে-কোনো ভাষার সৃষ্টি হয়েছে আমাদের মনের ইচ্ছাগুলোকে প্রকাশ করার জন্য, আপনি যা কল্পনা করেন তা অন্যকে বোঝানোর জন্য। সেই আদিম সমাজ থেকেই মানুষ নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ভাষা ব্যবহার করে আসছে। এরা কেউ কোনোদিন গ্রামার শেখে নাইরে ভাই। গ্রামার তো দুইদিন আগের আবিষ্কার। আমাদের দেশে কোটি কোটি মানুষ বাংলায় কথা বলে। এদের মধ্যে কয়জন বাংলা গ্রামার জানে? তারা কমিউনিকেশন, লিসেনিং বা এক কথায় চর্চার মাধ্যমে বাংলা শিখেছে। বাংলাদেশি কাউকে যদি জিজ্ঞেস করেন- "তোমাকে আমি ভবিষ্যতে ভালোবেসেছিলাম" এই বাক্যে ভুল কী? যে কেউই বলে দিতে পারবে ভুল কোথায়। এটাই হচ্ছে ভাষার দক্ষতা। ইংরেজিও একটি ভাষা মাত্র। যে-কোনো ভাষা ভালোভাবে রপ্ত করতে গেলে সেই ভাষায় শুধু গ্রামার আর ভোকাবুলারি শিখলেই হবে না, সে ভাষায় কথা বলতে হবে, লিখতে হবে, শুনতে হবে, পড়তে হবে, এমনকি সে ভাষাতে কল্পনা করাও শিখতে হবে। তাহলেই বলা যাবে আপনি সে ভাষাটা যথাযথভাবে শিখেছেন।
অর্থাৎ ভাষা শেখার জন্য শুধু Grammar আর Vocabulary নিয়ে পড়ে থাকলে হবে না। এর পাশাপাশি আপনাকে Listening, Reading, Speaking, Writing আর Imagining এর চর্চা করতে হবে প্যারালালি। প্রত্যেকটা ধাপে নিজেকে কীভাবে প্রস্তুত করবেন, আমার অভিজ্ঞতার আলোকে শেয়ার করছি-
👉 Vocabulary
আমাদের দেশের যে পরীক্ষা ব্যবস্থা এতে বেসিক ভোকাবুলারি আর গ্রামার না শিখে উপায় নাই। ভোকাবুলারির জন্য Google Play store থেকে ডাউনলোড করুন Magoosh এর GRE vocabulary Flashcards. খেলতে থাকুন এই ফ্লাশ কার্ড। প্রত্যেক শব্দের নীচে থাকে দুইটি অপশন “I Knew this word or I didn’t know this word.” Word না পারলে দ্বিতীয় অংশে ক্লিক করবেন। তাহলে ঘুরে ঘুরে না পারা শব্দটা আবারও সামনে আসবে। যতক্ষণ না মুখস্থ হচ্ছে ঐ শব্দটা ঘুরে ঘুরে সামনে আসতেই থাকবে। না পারা শব্দ একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল এ সামনে আসাটা ব্রেইনে স্থায়ী হওয়ার জন্য উৎকৃষ্ট উপায়। এছাড়া, এখানে প্রত্যেকটা Word এর ইউজ কেমন হবে, তা বোঝানোর জন্য সুন্দর সুন্দর বাক্য দেওয়া থাকে। খুব খেয়াল করে Word গুলো বাক্যে কীভাবে ব্যবহৃত হচ্ছে তা শেখার চেষ্টা করবেন। এটা শেষ করে Magoosh এর Vocabulary Builder- Test Prep একটা অ্যাপ আছে। ওটা দিয়ে এই যে ভোকাবুলিরাগুলো শিখলেন, তা দিয়ে টিক/ MCQ খেলবেন। একদিকে Vocabulary শিখছেন। অন্যদিকে তা দিয়ে MCQ খেলছেন। দারুণ কেমিস্ট্রি। শব্দগুলো শুরুতে শিখতে আপনার কষ্ট হবে। কিন্তু এই শেখার ফল অনেক মিষ্টি।
👉 Grammar
গ্রামার অংশের জন্য Cliffs TOEFL আর Common Mistakes in English by T.J. Fitikides বই দুইটি মাস্টারপিস। গ্রামার অংশটা ভালো করে দেখে নেবেন এখান থেকে। আর আমাদের মাঝে বহুল প্রচলিত Master/ English for Competitive Exam এই বইগুলোও যথেষ্ট ভালো। এগুলো থেকেও হেল্প নিতে পারেন।
👉 Listening
এক্ষেত্রে একটু ট্যাকটিক্যাল হতে হবে। চাকুরির প্রস্তুতি আর ইংলিশ শেখার মাঝে সেতুবন্ধন সৃজন করতে হবে। যারা বিসিএস বা অন্যান্য সরকারি চাকুরি-এর প্রস্তুতি নিচ্ছেন, তারা পছন্দের টপিকগুলো YouTube এ ইংলিশ-এ সার্চ দিয়ে দিয়ে দেখবেন, শুনবেন। এতে ঐ বিষয়ে প্রস্তুতিও হলো, আবার ইংলিশ লিসেনিং শেখাও হলো। পাশাপাশি সাম্প্রতিক ও বৈশ্বিক বিষয়াবলি নিয়ে নিজেকে আপডেট রাখার জন্য কোন কোন চ্যানেল ফলো করবেন? প্রথমেই বলি, আমাদের উপমহাদেশের কোনো মানুষের কণ্ঠে সুন্দর ইংলিশে বিশ্বকে জানতে চাইলে দেখুন Firstpost চ্যানেলটি। এখানে প্রতিদিন সময় করে Vantage by Palki Sharma দেখবেন। Palki Sharma এর ইংলিশ টোন এত সুন্দর মাশাল্লাহ। আমার কাছে একসময় Vantage by Palki Sharma কী যে ভালো লাগত! কিন্তু ইদানীং আমার কাছে মনে হচ্ছে এই এপিসোডটাকে জাতীয় উগ্রবাদী আদর্শ ধীরে ধীরে গিলে ফেলছে। যাই হোক, ইংলিশ লিসেনিং এর জন্য এখনো ভালো অপশন।
বিশ্ব ইতিহাস ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে BBC, DW, Timeline - World History Documentaries এর ডকুমেন্টরিগুলো দেখবেন। দারুণ লাগবে। মনটা প্রশান্তিতে ভরে যাবে। যেমন- Timeline - World History Documentaries এর একটা ডকুমেন্টরি আছে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে “How Mandela Changed South Africa | From Prison To President”। আহ! কী দারুণ! এগুলো দেখলে মনে হয়, আরে বিসিএস ক্যাডার হয়ে আর কী হবে? জীবনে এরকম একখান ডকুমেন্টরি বানাতে পারতাম যদি!
FRANCE 24 এ দেখবেন বিভিন্ন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পডকাস্ট। ধীরে সুস্থে দেখবেন সুন্দর সুন্দর বিষয় নিয়ে অতিথিরা কথা বলছে। ভালো লাগবে।
আর কোনো বিষয়ে গভীর বিশ্লেষণের জন্য দেখবেন “VisualPolitik”। খুব দারুণ অ্যানালাইসিস করে এরা।
👉 Reading
নিয়মিত আপডেট এর জন্য Google Play Store থেকে ডাউনলোড করে নিন The Business Standard, The Daily Star, Reuters, Al Jazeera, The Guardian, The Economist, BBC, DW, NYTimes, Washington Post অ্যাপগুলো। সবগুলো অ্যাপ একটি সিংগেল ফোল্ডার করে মোবাইলের হোম স্ক্রিনে রাখুন। ফ্রি সময় পেলেই এগুলোতে চোখ বুলাবেন। সব খুটে খুটে কারো পক্ষে পড়া সম্ভব না। সব পড়ার দরকার নাই। আপনার যা ভালো লাগে তাই পড়ুন। পরীমনিকে নিয়ে ভালো লাগলে তাই পড়েন। তাও সমস্যা নাই। কিন্তু বিসিএস/ অন্যান্য সরকারি চাকুরির সিলেবাসের সাথে বিষয়টা কম্প্যাটিবল- এরকম টপিক পড়লে বেটার। আর পলিটিক্যাল অ্যানালাইসিস-এর জন্য উপর্যুক্ত নিউজপেপারের Opinion, Editorial, Analysis অংশগুলো তো পড়বেনই। পাশাপাশি গভীর অ্যানালাইসিস এর জন্য The Atlantic আর The Diplomat পড়বেন। যখন যে বিষয় নিয়ে দেখবেন বিশ্ব গরম, সাথে সাথে এই দুইটায় সেই বিষয়ে সার্চ দিয়ে পড়ে নিবেন। চমৎকার সব লেখা পাবেন।
কিন্তু কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমি উপরের যে সোর্সগুলোর কথা বললাম সবগুলো ফ্রিতে পড়তে পারবেন না। কিছু আছে খালি টেহা চাইবে। ভাই, চাইলে টাকা ছাড়াও এগুলো পড়ার উপায় আছে। বিষয়টা আইনসিদ্ধ নয় দেখে আমি পাবলিক পোস্টে শেয়ার করছি না। কিন্তু এখনকার যুগে এগুলো কঠিন কিছু না। কষ্ট করে উপায় খুঁজলে কেষ্ট মিলবেই।
👉 Writing
উপরের সোর্সগুলো থেকে যাই দেখবেন বা পড়বেন, দিনে অন্তত আধাঘণ্টা লিখবেনই মাস্ট। যেই টপিক পড়ে বা শুনে মনে হবে বিসিএস এর সিলেবাসের সাথে relevant, তার উপরে নিজের ইচ্ছা মতো ঘড়ি ধরে লিখে ফেলুন। এবার এটাকে ছবি তুলে পিডিএফ করে ফেলুন। আপলোড করুন ChatGPT অথবা Gemini তে। তাকে বলুন এই লেখাটা আরো কীভাবে সুন্দর করে লেখা যেত? তুলনা করুন। প্রতিদিন নিজেকে ডেভেলপ করুন। আর গ্রামার চেকিং এর জন্য পিসিতে লিখুন অথবা ফোনের জিমেইলে লিখুন আর গ্রামারলি অন করে রাখুন। নিজের ভুল নিজেই বুঝতে পারবেন। ৩০ মিনিটে কতটুকু লিখছেন হিসাব রাখুন। প্রতিদিন নিজের প্রগ্রেস নিজের সাথে মেলান। প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে ছাড়িয়ে যান।
👉 Speaking
স্পিকিং নিয়ে হেল্প নিন AI এর। Gemini/ChatGPT এর Advanced voice mode এ গিয়ে যখন ইচ্ছা তখন AI এর সাথে কথা বলুন।
👉 Imagining
এখন থেকে মনে মনে যে দুশ্চিন্তাগুলো করেন, যেমন- বিসিএস না হলে কী করব? জিএফ কি আমারে ছাড়ি যাইবে গা? অমুকের পিছনে লাগবো কোন স্টাইলে? – এসবও চিন্তা করবেন ইংরেজিতে। "What should I do if I don’t succeed in BCS?", "Is my girlfriend going to leave me?, "In what style should I go after that person?" – এভাবে কল্পনা করা শিখতে হবে। আপাতত ইংলিশ হবে আপনার জীবন ব্যবস্থার একটি অংশ।
কেউ কেউ বলবে “এত ইংরেজি শিখে হবে কি! এর কোনো মানে আছে? হ্যান ফ্যান অনেক কিছু! কিন্তু মনে রাখবেন, বিসিএস বা সরকারি চাকুরির জগতে যখন আপনি পা দিয়েছেন, ইংলিশ ই হবে আপনার সবচেয়ে বড়ো অস্ত্র।
পরিশেষে, নিজেকে নিয়ে কিছু বলি। আপনাদের কাজে লাগবে। বিশ্বাস করেন ভাই, ইংরেজিতে এক সময় আমার অবস্থা খুবই শোচনীয় ছিল। এতই শোচনীয় ছিল যে, বুয়েটে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে আমাদের একটা ইংলিশ কোর্স ছিল- সেটাতে আমি ফেইল করেছিলাম। আমার খুব মেজাজ খারাপ হলো।এর পরে ভার্সিটিতে থাকা অবস্থাতেই আমি ইংলিশে নিজেকে ডেভেলপ করা শুরু করি। ইংলিশে ভাংগা ভাংগা জ্ঞান নিয়েই আমি টুকটাক ইংলিশ বই ও পত্রিকা পড়া শুরু করি। কিছু বুঝতাম, কিছু বুঝতাম না। কিন্তু পড়ে গেছি। যাই হোক, শেষ বর্ষের ফাইনাল সেমিস্টার পরীক্ষা দেওয়ার সময়ে বিসিএস পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই। সেমিস্টার শেষ হওয়ার সাথে সাথে আমি ইংলিশে নিজেকে ডেভেলপ করার জন্য জোরেশোরে কাজ শুরু করলাম। কারণ প্রশ্ন Analysis করে দেখলাম, ইংলিশে সুপার ডুপার প্রিপারেশন না থাকলে কোথাও ভালো করা যাবে না। এর পরে আমি উপর্যুক্ত উপায়ে বেসিক ভোকাব আর গ্রামার শেখার পরে লিসেনিং, রিডিং, রাইটিং এ ব্যাপক জোর দিই। আমি আমার জীবনে যে পরিমাণে ইংলিশ নিউজ, আর্টিকেল আর বই পড়েছি, তা দিয়ে মনে হয় একটা বড়োসড়ো লাইব্রেরি বানানো যাবে। আমি ঘণ্টার পর ঘণ্টা YouTube এ ইংরেজি নিউজ শুনেছি, ডকুমেন্টরি দেখেছি। আমি সময় পেলেই ইংলিশে লিখেছি। এর পরে আর পিছে ফিরে তাকানো লাগে নাই। আপনারা জানেন, আমি বাংলা ভার্শনের ছাত্র হওয়া সত্ত্বেও ৪৪তম বিসিএস ইংলিশ ভার্শনে পরীক্ষা দিয়েছি। আমি আমাদের দেশের বিনিয়োগকে প্রমোট করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের সামনে ঘণ্টার পর ঘণ্টা ইংরেজিতে Presentation দিই। এগুলো একদিনে হয় নাই। সত্যি বলতে আমার এখন গ্রামারের কোনো রুলস মনে নাই। এগুলোর কোনো প্রয়োজনও হয় না। একটা বাক্য দেখলেই বুঝতে পারি এখানে সমস্যা আছে কীনা; এটারে কীভাবে ভাবে ঠিক করা লাগবে। একটা প্যাসেজ এ যতই অজানা ভোকাবুলারি থাকুক, পড়া মাত্রই থিমটা বুঝতে পারি। যা মনে চাই নির্ভুলভাবে লিখতে পারি।
যথাযথভাবে ইংলিশ যদি শিখতে চান, পালটে ফেলুন জীবনে চলার স্টাইল। মননে, চলনে, স্বপনে রাখুন ইংরেজিকে। ভালোবাসুন ইংরেজিকে।
[পরবর্তী কোনো এক স্লটে ম্যাথ নিয়ে লেখার চেষ্টা করবো]