11/07/2026
হঠাৎ করে তোমাকে ছেড়ে আসিনি। তোমাকে ছেড়ে আসার আগে নিজেকে ভাবনার গোল টেবিলে বসিয়ে বুঝাতে হয়েছে অনেককিছুই। হুট করে ভালোবাসা যায়, কিন্তু হুট করে ছেড়ে আসা যায় না।
মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে যখন আমি আর নিজের সাথে পেরে উঠছিলাম না, তখন দূরে সরে এসেছি। অভিযোগ করা বন্ধ করেছি, অভিমান করা বন্ধ করেছি, ঝগড়া করা বন্ধ করেছি, চোখের জল ফেলা বন্ধ করেছি, বন্ধ করেছি মন খারাপ করা। তোমাকে আর কখনো দেখাতে যাইনি বুকের ক্ষতগুলো, ইনিয়েবিনিয়ে বোঝাতে যাইনি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। দাঁতে দাঁত কামড়ে সহ্য করে নিয়েছি সবটুকুন বেদনা।
তারপর, অনেকদিন পর, ঝাপসা চোখ মুছতে মুছতে তোমাকে ভালোবাসাও বন্ধ করে দিলাম। অপুষ্টিতে ভুগতে থাকা মাথার অবাঞ্চিত একটা চুলের মত তোমার জীবন থেকে এমনভাবে টুপ করে ঝরে গেলাম যে- তুমি টেরই পেলে না...