24/06/2025
পর্ব - ১: গবেষণাপত্রের অ্যাবস্ট্রাক্ট কীভাবে লিখবেন?
অ্যাবস্ট্রাক্ট একটি গবেষণাপত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ, যা মূলত পাঠকের কাছে গবেষণার প্রাথমিক সারসংক্ষেপ উপস্থাপন করে। এটি সংক্ষিপ্ত, স্পষ্ট ও সংগঠিতভাবে গবেষণার প্রেক্ষাপট, উদ্দেশ্য, ব্যবহৃত গবেষণা পদ্ধতি, প্রধান ফলাফল এবং উপসংহার তুলে ধরে। অধিকাংশ পাঠক এবং রিভিউয়ার প্রথমেই শিরোনাম ও অ্যাবস্ট্রাক্ট দেখে সিদ্ধান্ত নেন গবেষণাপত্রটি তারা পড়বেন কি না। তাই একটি ভালো অ্যাবস্ট্রাক্ট তথ্যসমৃদ্ধ, সুসংগঠিত ও আকর্ষণীয় হতে হবে।
প্রতিটি জার্নালের নিয়ম অনুযায়ী অ্যাবস্ট্রাক্টের শব্দসীমা ভিন্ন হতে পারে, সাধারণত ১৫০ থেকে ৩০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, তবে কিছু ক্ষেত্রে এটি ৫০০ শব্দ পর্যন্ত হতে পারে। এই সীমার মধ্যেই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে খুব গোছানোভাবে উপস্থাপন করতে হয়। অ্যাবস্ট্রাক্ট দুই ধরনের হতে পারে: স্ট্রাকচার্ড (Structured) এবং আনস্ট্রাকচার্ড (Unstructured)। স্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্টে আলাদা আলাদা বিভাগে তথ্য উপস্থাপন করা হয়, যেমন: Introduction/Background, Objectives, Methods, Results, Conclusion। অন্যদিকে, আনস্ট্রাকচার্ড অ্যাবস্ট্রাক্টে এগুলো একটি একক অনুচ্ছেদে বিন্যাস করা হয়। ফরম্যাটের পার্থক্য থাকলেও উভয় ধরনেই মূল কাঠামো ও তথ্য উপাদান এক থাকে।
📌 Introduction / Background: শুরুতেই ২-৩টি বাক্যে গবেষণার বিষয়বস্তু এবং সেটি কেন গুরুত্বপূর্ণ তা সংক্ষেপে তুলে ধরতে হয়। এতে পাঠক গবেষণার প্রেক্ষাপট সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পান।
📌 Objectives: এরপর নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে গবেষণার উদ্দেশ্য বা গবেষণা প্রশ্ন কী। গবেষণায় কী সমস্যার সমাধান খোঁজা হয়েছে বা কী জানতে চাওয়া হয়েছে তা সংক্ষেপে বর্ণনা করতে হবে।
📌 Methods: এখানে গবেষণায় ব্যবহৃত মূল পদ্ধতি, নমুনা (sample), গবেষণার ধরন (qualitative/quantitative), এবং ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের প্রক্রিয়া সংক্ষেপে উল্লেখ করতে হয়। কিছু গবেষণার ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করতে হয়, যেমন: CONSORT (randomized trial), STROBE (observational study), এবং PRISMA (systematic review)।
📌 Results: এই অংশে গবেষণার প্রধান ফলাফলগুলো সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হয়। বিস্তারিত পরিসংখ্যান বা বিশ্লেষণ নয়, বরং কী পাওয়া গেছে তার একটি স্পষ্ট সারাংশ দেওয়া উচিত।
📌 Conclusion: শেষে গবেষণার ফলাফল থেকে প্রাপ্ত মূল বার্তা, তার প্রভাব (impact) এবং ভবিষ্যতের গবেষণার সম্ভাব্য দিকনির্দেশনা সংক্ষেপে উল্লেখ করতে হয়।
📘 অ্যাবস্ট্রাক্টে Tense ব্যবহারের নিয়ম
সামাজিক বিজ্ঞান (Social Science) গবেষণায় সাধারণ সত্য, বর্তমান প্রেক্ষাপট এবং গবেষণার তাৎপর্য বোঝাতে সাধারণত present tense ব্যবহার করা হয়। যেমন: গবেষণার পদ্ধতি, ফলাফল এবং এর প্রভাব বর্ণনায় present tense ব্যবহৃত হয়। তবে পূর্ববর্তী গবেষণাগুলোর তথ্য উপস্থাপনে past tense ব্যবহার করা হয়। মানবিক বিজ্ঞান (Humanities) গবেষণায় অতীতে সংঘটিত ঘটনা বা রচনার বর্ণনায় past tense ব্যবহৃত হয় (যেমন: ১৯৭০ বা ৮০ দশকের সাহিত্য বা ইতিহাস)। কিন্তু সেই লেখাগুলোর বিশ্লেষণ, ব্যাখ্যা, এবং গবেষকের যুক্তি উপস্থাপনে present tense ব্যবহার করা হয়। বিজ্ঞান (Science) গবেষণায় সাধারণভাবে গবেষণা কীভাবে সম্পন্ন হয়েছে, কী পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং কী ফলাফল পাওয়া গেছে, তা বোঝাতে past tense ব্যবহার করা হয়। তবে গবেষণার উদ্দেশ্য, এর তাৎপর্য, এবং এখনো যে কাজ বাকি আছে বা গবেষণাটি কেন গুরুত্বপূর্ণ সেই দিকগুলো বোঝাতে present tense ব্যবহৃত হয়।
📘 অ্যাবস্ট্রাক্ট লেখার সময় যেগুলো করা উচিত
- সংক্ষিপ্ত ও স্পষ্ট ভাষায় লিখুন
- জার্নালের নির্ধারিত শব্দসীমা ও ফরম্যাট মেনে চলুন
- পুরো গবেষণাপত্র শেষ করার পর অ্যাবস্ট্রাক্ট লিখুন
- গবেষণার মূল উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল ও উপসংহার পরিষ্কারভাবে উপস্থাপন করুন
- প্রাসঙ্গিক কীওয়ার্ড যুক্ত করুন, যাতে সার্চ ইঞ্জিনে সহজে খুঁজে পাওয়া যায়
- বানান ও ব্যাকরণ ভালোভাবে পরীক্ষা করুন
- যদি আনস্ট্রাকচার্ড ফরম্যাট হয়, তবে একটি প্যারাগ্রাফে তথ্য সাজিয়ে লিখুন
- in order to এর পরিবর্তে to ব্যবহার করুন
- despite the fact that এর পরিবর্তে although লিখুন
- in relation to এর বদলে about ব্যবহার করুন
- exhibits, shows, possesses এর পরিবর্তে has লিখুন
- represents বা is found to be এর বদলে is ব্যবহার করুন
📘 অ্যাবস্ট্রাক্ট লেখার সময় এড়িয়ে চলুন
- অতিরিক্ত অভিনব বা নাটকীয় ভাষা ব্যবহার
- ভবিষ্যতের গবেষণা নিয়ে অনুমান বা কল্পনা
- অপরিচিত সংক্ষিপ্ত রূপ বা অ্যাক্রোনিম ব্যবহার
- একই তথ্য বারবার পুনরাবৃত্তি
- really ও very শব্দ ব্যবহার
- মূল গবেষণাপত্রে যা নেই, তা অ্যাবস্ট্রাক্টে ঢোকানো
- সাইটেশন বা রেফারেন্স যোগ
- টেবিল বা চিত্র অ্যাবস্ট্রাক্টে উল্লেখ বা cite
📘 কীওয়ার্ড (Keywords)
রিসার্চ পেপারে কীওয়ার্ড হলো কিছু নির্বাচিত গুরুত্বপূর্ণ শব্দ বা শব্দগুচ্ছ যা পুরো গবেষণার মূল বিষয়বস্তু, প্রাসঙ্গিক ক্ষেত্র ও গবেষণার ফোকাসকে সংক্ষেপে উপস্থাপন করে। সাধারণত ৩ থেকে ১০টি কীওয়ার্ড ব্যবহার করা হয়, যেগুলো গবেষণাপত্রের ধারণা, পদ্ধতি, প্রযুক্তি বা অধ্যয়নকৃত সমস্যাকে প্রতিনিধিত্ব করে। এগুলো গবেষণাপত্রকে ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন, কিংবা জার্নালের ডাটাবেসে খুঁজে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো কীওয়ার্ড নির্বাচন গবেষণাপত্রের দৃশ্যমানতা (visibility) বাড়ায়, রিলেভেন্ট অডিয়েন্স টার্গেট করতে সাহায্য করে এবং citation সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কীওয়ার্ড বাছাইয়ের সময় খুব সাধারণ শব্দ বা অতিরিক্ত জটিল টার্ম এড়িয়ে চলা উচিত। এমন শব্দ ব্যবহার করা উচিত যা গবেষণার সাথে সরাসরি সম্পর্কযুক্ত, প্রাসঙ্গিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত টার্ম হিসেবে ব্যবহৃত হয়।