26/06/2025
আমি চাটতে শিখিনি
– মোঃ রোমান মোল্যা
পা চাটতে বলিস? না রে ব্যাটা,
আমি মানুষ — তোদের মত চামচা না।
তুই যতই হইস নেতা,
তোর মুখে যদি দেখি মিথ্যার জ্বালা,
আমি নিরবে থাকি না — করি প্রশ্নের পালা!
তুই মন্ত্রী হোস, চেয়ারম্যান হোস,
গায়ে তোয়ালে পরে টক শো করিস,
কিন্তু তোর ভিতরে দেখি একটা শুয়োর লুকানো,
গরিবের ভাত চুরি করে ফুর্তি করিস।
চামচামি করলে মাথায় তুলে নাচাস,
আমি চামচা না ভাই —
আমি কলম ধরি, আঁকি বিদ্রোহ ছবি,
তুই সাহস থাকলে সামনে আয়, দেখিস কী হয়!
তোদের সভা দেখলে মনে হয় সার্কাস,
সবাই হাততালি দেয়,
আমি বলি — “সব ভুয়া!
সব গাদ্দার! সব তেলবাজ!”
তুই ভয় দেখাস? “গুম করবি”? —
হাসি পায়!
তুই ভাড়াটে গুন্ডা নিয়ে ঘুরিস,
আমি একা —
তবু সাহসে বুক ফুলায়।
তুই চাস আমি মাথা নিচু করে
তোর সামনে হাঁটি,
আমি বলি — ভেঙে দে মিথ্যার প্রাচীর,
তবু সত্য থেকে আমি ফিরি না একচুলও!
তোর মতো চামচারা
খাসির মাংস খায়
শালগমের মত মুখে হাসি লাগিয়ে,
আমি ভাতের সাথে প্রতিবাদ খাই —
তাতে রক্ত থাকলে থাক,
মরে গেলেও মিথ্যা না গাই রে।
তুই পত্রিকা কিনিস,
নিউজ বানাস,
বুলেট চালাস,
আমি খালি কলম নিয়ে
তোর চাটুকার রাজ্যে
বিদ্রোহের আগুন জ্বালাই
আস্তে আস্তে।
এই কবিতা না —
এটা হুঁশিয়ারি!
আমি চাটতে শিখিনি,
শিখার দরকারও নাই রে —
শব্দই আমার অস্ত্র, সাহসই ঢাল,
মুখোমুখি হলে — থামবি তুই, না আমি?