20/06/2025
প্রথম পেশাগত পরীক্ষার জন্য ফিজিওলজির পুরো রোডম্যাপ—বই, লেকচার, অনলাইন রিসোর্স একসাথে এক পোস্টে!
প্রথম পেশাগত পরীক্ষায় মোট তিনটি বিষয়ে পড়াশোনা করতে হয়—অ্যানাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি। এর মধ্যে অ্যানাটমির সিলেবাস এতটাই বিশাল যে অনেক শিক্ষার্থীকেই এ বিষয়টি নিয়েই অধিকাংশ সময় ব্যয় করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রির দিকে তুলনামূলকভাবে কম মনোযোগ দেওয়া হয়।
তবে ফিজিওলজির গুরুত্ব কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। যদিও এর সিলেবাস অ্যানাটমির মতো দীর্ঘ নয়, কিন্তু মানবদেহকে বুঝতে হলে ফিজিওলজির ভূমিকা অপরিসীম। অ্যানাটমি আমাদের শেখায় শরীরের গঠন বা কাঠামো কেমন, আর ফিজিওলজি দেখায় সেই শরীর কিভাবে কাজ করে—হৃদয় কীভাবে স্পন্দিত হয়, ফুসফুস কিভাবে শ্বাস গ্রহণ করে, হরমোন কীভাবে আমাদের দেহের কার্যক্রম নিয়ন্ত্রণ করে—এই সবকিছুই ফিজিওলজির অন্তর্ভুক্ত।
ফিজিওলজিতে আমাদের নিচের সিস্টেমগুলো পড়তে হয় –
1. Cellular Physiology
2. Physiology of Blood
3. Cardiovascular Physiology
4. Respiratory Physiology
5. Gastrointestinal Physiology
6. Renal Physiology
7. Endocrine Physiology & Physiology of Reproduction
8. Neurophysiology & Physiology of Body Temperature
9. Physiology of Special Senses
Books for physiology
1:Guyton and Hall Textbook of Medical Physiology by John E. Hall
ফিজিওলজি শেখার জন্য সবচেয়ে সহজবোধ্য ও ফলপ্রসূ বই হিসেবে Guyton and Hall’s Textbook of Medical Physiology নিঃসন্দেহে সবার আগে চলে আসে। এই বইটা এমনভাবে লেখা, যেন একেবারে নতুন একজন শিক্ষার্থীও ধাপে ধাপে মানবদেহের জটিল প্রক্রিয়াগুলো সহজে বুঝে ফেলতে পারে। ভাষা একদম সরল, প্রাঞ্জল — এমন নয় যে পড়তে গিয়ে মাথায় চাপ পড়ে যাবে, যেমনটা অনেকসময় A.K. Datta পড়ে মনে হয়।
বাংলা মাধ্যমে যাঁরা পড়াশোনা করে আসছেন, তাঁদের শুরুতে ইংরেজি বই পড়তে একটু অসুবিধা হতে পারে—এটা স্বাভাবিক। কিন্তু যদি কেউ শুরু থেকেই ধৈর্য ধরে প্রতিদিন একটু একটু করে পড়ে, আর অপরিচিত শব্দগুলো গুগল / Chatgpt করে বুঝে নেয়, তাহলে দুই-তিন মাসের মধ্যেই সেটা অভ্যাসে পরিণত হবে। একসময় দেখবে, Guyton-এর লেখার সহজ ও গল্পময় ভঙ্গি তোমার খুব ভালো লাগছে।
এই বইটা শুধু তথ্য দেয় না, প্রতিটি বিষয় এমনভাবে ব্যাখ্যা করে, যেন তুমি কারও মুখে গল্প শুনছো—ধীরে ধীরে একটা জটিল কনসেপ্টও পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই ফিজিওলজি বুঝতে চাইলে, এই বইটা হতে পারে তোমার অন্যতম সেরা সঙ্গী।
আমাদের কারিকুলামের সব বিষয় Guyton এ সম্পূর্ণভাবে উঠে আসেনি। বিশেষ করে Blood, Cardiovascular Physiology এবং Nervous System–এই বিভাগগুলোর কিছু টপিক গাইটনে যথেষ্ট বিস্তারিত নয়। তাই এসব অংশ পড়তে হলে অতিরিক্ত কিছু রেফারেন্স বা ক্লাস নোটের সাহায্য নিতে হয়।
2. Ganong's Review of Medical Physiology
গাইটনের পাশাপাশি Ganong’s Review of Medical Physiology বইটিও গুরুত্বপূর্ণ একটি রেফারেন্স হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে। যদিও বইটি আকারে ছোট ও অনেকটাই সংক্ষিপ্তভাবে লেখা, তবুও এতে কিছু বিষয় দারুণভাবে উপস্থাপিত হয়েছে। তবে যেহেতু এটি মূলত একটি রিভিউ টাইপ বই, তাই আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য সরাসরি এটি দিয়ে শুরু করাটা বুদ্ধিমানের কাজ নয়।
গাইটনের মাধ্যমে যদি ফিজিওলজির মৌলিক ধারণাগুলো আগে থেকেই পরিষ্কার থাকে, তাহলে পরে Ganong পড়ে সেই জ্ঞানকে আরও পরিপূর্ণ করা যায়। কিন্তু যদি শুরুতেই কেউ Ganong দিয়ে পড়া শুরু করে, তাহলে অনেক বিষয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে, কারণ এতে অনেক বিষয়ের ব্যাখ্যা সংক্ষিপ্ত এবং পূর্বজ্ঞান না থাকলে বোঝা কঠিন হয়। তবে সব দিক বিবেচনায়, এটি একটি নির্ভরযোগ্য ও অথেনটিক বই, যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে ফিজিওলজির গভীরতা আরও ভালোভাবে অনুধাবন করা সম্ভব।
3.Samson Wright's applied physiology
by Samson Wright
আমাদের কারিকুলামে Blood বিষয়ক অধ্যায় ভালোভাবে বুঝতে সাধারণত শিক্ষকরা Samson Wright’s Applied Physiology বইটি বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকেন। তবে পুরো বই পড়ার দরকার পড়ে না—শুধুমাত্র রক্ত সম্পর্কিত অধ্যায়টি আলাদাভাবে বাজারে সহজেই পাওয়া যায়।
তবে মনে রাখা দরকার, Samson Wright’s এর লেখার ভঙ্গি তুলনামূলকভাবে একটু জটিল। গাইটনের মতো সহজ ও গল্পময় নয়, বরং কিছুটা ক্লিনিক্যাল অ্যাপ্রোচ এবং জটিল ভাষায় উপস্থাপন করা হয়েছে। তাই এই বইটি পড়ার আগে রক্ত সম্পর্কিত মূল ধারণাগুলো যদি গাইটন বা ক্লাস লেকচারের মাধ্যমে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে Samson Wright’s থেকে পড়াটাও অনেক সহজ হয়ে যাবে।
4. CC CHATTERJEE’S HUMAN PHYSIOLOGY
কার্ডিওভাসকুলার ফিজিওলজি (CVS) এবং নার্ভাস সিস্টেম বুঝতে আমাদের কারিকুলামের আলোকে CC Chatterjee's Human Physiology বইয়ের সংশ্লিষ্ট চ্যাপ্টারগুলো বেশ সহায়ক হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে যেসব টপিক গাইটনে অনুপস্থিত বা কম বিস্তারিতভাবে এসেছে, সেগুলো এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
যদিও গাইটনে CVS নিয়ে অসাধারণ আলোচনা রয়েছে—যেসব অংশ আছে, তা অত্যন্ত গভীর ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে—তবুও পুরো কারিকুলাম কভার করার ক্ষেত্রে কিছু টপিক বাদ পড়ে যায়। সেই ঘাটতি পূরণেই CC Chatterjee বইটি কাজে আসে। তবে পুরো বই পড়ার দরকার নেই; শুধু CVS এবং নার্ভাস সিস্টেম সংক্রান্ত অংশগুলো কারিকুলাম অনুযায়ী পড়লেই যথেষ্ট। শিক্ষকেরাও মূলত এই নির্দিষ্ট দুটি চ্যাপ্টারের জন্যই এই বইটি রেফারেন্স হিসেবে সাজেস্ট করে থাকেন।
5.Sembulingam’s Essentials of Medical Physiology
ফিজিওলজির জন্য গাইটনের পাশাপাশি আরও কিছু সহায়ক বই রয়েছে, যেগুলো অনেক শিক্ষার্থীর কাছে জনপ্রিয়। এর মধ্যে Sembulingam’s Essentials of Medical Physiology একটি সহজ ও সহজবোধ্য বই হিসেবে পরিচিত। যারা শুরুতেই গাইটনের ভাষা একটু কঠিন মনে করেন, তাদের জন্য Sembulingam একটি ভালো বিকল্প হতে পারে। এতে বিষয়গুলো তুলনামূলকভাবে সহজ ভাষায় এবং সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, ফলে প্রাথমিক ধারণা তৈরি করতে এই বইটি বেশ সহায়ক।
6.BRS Physiology
মূলত USMLE পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি একটি রিভিউ টাইপ বই। এটি খুব সংক্ষিপ্তভাবে মূল পয়েন্টগুলো তুলে ধরে, তাই রিভিশনের সময় বা গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত ঝালিয়ে নিতে এটি বেশ কার্যকর। তবে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ফিজিওলজির গভীর ধারণা তৈরি করতে হলে এই বইটি একমাত্র উৎস হিসেবে যথেষ্ট নয়। বরং গাইটন বা Sembulingam থেকে বেসিক ধারণা নিয়ে BRS দিয়ে রিভিশন করলে বেশি উপকার পাওয়া যায়।
7. First Aid for the USMLE Step 1
First Aid for the USMLE Step 1 হলো USMLE Step 1 পরীক্ষার জন্য সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য রিভিউ গাইড। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন একজন শিক্ষার্থী পরীক্ষার আগে সর্বোচ্চ তথ্য খুব কম সময়ে রিভিশন করতে পারেন।
এই বইটিতে Physiology এর অনেক বিষয় সংক্ষেপে, টেবিল ও ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ হাই-ইয়িল্ড তথ্য, পরীক্ষায় বারবার আসা কনসেপ্ট, ক্লিনিক্যাল করেলেশন ও মেমোরি ট্রিকস—সবকিছুই এতে সুন্দরভাবে সাজানো আছে।
বর্তমান কারিকুলামে আমাদের বাধ্যতামূলক ভাবে Clinical Question উত্তর করতে হয়। Clinical Question এর জন্য First Aid for the USMLE Step 1 এর সাহায্য নেওয়া যেতে পারে।
Online Resources
1.Dr. Najeeb Lectures
ফিজিওলজির জন্য Dr. Najeeb-এর লেকচারগুলো খুবই জনপ্রিয় এবং USMLE স্ট্যান্ডার্ডের। ভিডিওগুলো একটু লম্বা হলেও কন্সেপ্টগুলো খুব স্পষ্টভাবে বোঝায়। সম্পূর্ণ লেকচার দেখতে পেইড সাবস্ক্রিপশন লাগে, কিন্তু তার ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি ভিডিও আছে, যা শুরু করার জন্য উপযোগী। এটা ফিজিওলজি শেখার জন্য খুবই ভালো একটি রিসোর্স।
2.Ninja Nerd
প্রফেসর Jack Murphy তার চ্যানেলে বেশ কিছু দারুণ কন্সেপ্টভিত্তিক ভিডিও লেকচার দিয়েছেন যা ফিজিওলজি শেখার জন্য খুবই উপকারী। Ninja Nerd এর প্লেলিস্টগুলো দেখে সহজেই বিষয়গুলো বুঝে নেওয়া যায় এবং ক্লাস করার জন্য এগুলো অনেক ভালো রিসোর্স হিসেবে কাজ করে।
3. Broad and Beyond (BNB) Lectures
Broad and Beyond (BNB) Lectures হলো Dr. Jason Ryan কর্তৃক তৈরি একটি জনপ্রিয় মেডিক্যাল লেকচার সিরিজ। এখানে তিনি ফিজিওলজি, ফার্মাকোলজি এবং অন্যান্য মেডিক্যাল বিষয় খুবই বিস্তারিত ও পরিষ্কারভাবে উপস্থাপন করেন। এই ভিডিও সিরিজটি মূলত USMLE স্ট্যান্ডার্ড অনুসারে তৈরি।
Aiman Talukder
Dhaka Medical College (K-79)
Hons. In Anatomy,Physicians,Biochemistry and Pharmacology
Mentor,White Coat Crew