দ্বীনিয়াত

দ্বীনিয়াত দ্বীন জানুন, দ্বীন শিখুন এবং দ্বীন অনুযায়ী জীবন গড়ুন এবং অন্যকে শেখান।

21/10/2025

মুসলিম ইতিহাসে অনেক নারী মসজিদে হাদীসের ক্লাস নিতেন!

উম্মুদ দারদা রাহিমাহাল্লাহ দামেস্ক ও জেরুজালেমের মসজিদে হাদীস শেখাতেন। তাঁর হাদীসের ক্লাসে অংশগ্রহণ করতেন তখনকার সময়ের বিখ্যাত অনেক আলেম। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ছিলেন উম্মুদ দারদা রাহিমাহাল্লাহর ক্লাসের একজন ছাত্র।

শায়েখা উম্মুল খায়র ফাতিমা বিনতে ইব্রাহীম রাহিমাহাল্লাহ মসজিদে নববীতে হাদীস শেখাতেন। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহর ছেলেরা ছিলেন তাঁর ছাত্র। উম্মুল খায়র ফাতিমার বিখ্যাত ছাত্র ছিলেন মুসলিম ইতিহাসের স্বনামধন্য আলেম আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ।

দামেস্কের বিভিন্ন মসজিদে নারীরা হাদীস শেখাতেন। যেমন: আল-জামিয়া আল-মুজাফফারী, জামে বনু উমাইয়্যা। আয়িশা বিনতে আব্দিল হাদী রাহিমাহাল্লাহকে বনু উমাইয়্যার গ্র‍্যান্ড মসজিদের হাদীসের শিক্ষিকা হিশেবে নিয়োগ দেয়া হয়।


সাহাবীদের পর মুসলিম ইতিহাসের সবচেয়ে সেলিব্রেটেড নারী স্কলার ছিলেন কারিমা বিনতে আহমদ।

কারিমাহ বিনতে আহমদের বিখ্যাত ছাত্র ছিলেন শাফেয়ী মাজহাবের আলেম খতীব বাগদাদী রাহিমাহুল্লাহ। এছাড়াও তাঁর শিক্ষার্থী ছিলেন- আবু তালেব আল হুসাইন, মুহাম্মদ ইবনে বারাকাত, আলি ইবনু হুসাইন আল-ফাররা, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আবুল কাসেম আলি ইবনে ইব্রাহিম, আবুল মুজাফফার মানসুর ইবনে সামআনি প্রমুখ। [শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ, ইলমের ভালোবাসায় চিরকুমার উলামায়ে কেরাম, পৃষ্ঠা ৩৪৩]


ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সময়ে বাগদাদে একজন বিখ্যত আলেমা ছিলেন ফাতিমা বিনতে আব্বাস আল-বাগদাদিয়াহ রাহিমাহাল্লাহ। তাঁর ডাকনাম ছিলো ‘উম্মে যাইনাব’।

মুসলিম ইতিহাসের অন্যতম পলিম্যাথ ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ ছিলেন ফাতিমা বিনতে আব্বাসের ছাত্র।

ইমাম যাহাবী তাঁর শিক্ষিকা সম্পর্কে বলেন:

“আমি ফাতিমা বিনতে আব্বাসের কাছে গেলাম। তাঁর চরিত্র, বিনয় ও তাকওয়া দেখে অবাক হলাম। তিনি ফিক্বহে খুব পারদর্শী ছিলেন। ইমাম ইবনে তাইমিয়াও ফাতিমার জ্ঞান ও প্রজ্ঞার প্রশংসা করেন। তিনি সমাজের মানুষের কাছে বেশ জনপ্রিয় ছিলেন।” [ইমাম আয-যাহাবী, সিয়ারু আ’লাম আন-নুবালা, আয-যুয আল-মাকফুদ, ৪১৬]


আমরা যেমন সিভিতে লিখি কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছি, তেমনি আলেমগণ তাদের জীবনীতে উল্লেখ করতেন তারা কোন কোন আলেমের কাছ থেকে পড়াশোনা করেছেন।

যাদের মধ্যে অনেকের শিক্ষিকা ছিলেন।

ইমাম আহমদ ইবনে হাম্বল, আবু ইব্রাহীম আল তর্জুমানী, আলী ইবনে মুসলিম আল-তূসী, কাযী আবু ইয়ালা নারীদের কাছে জ্ঞানার্জন করেন।

ইমাম নাজমুদ্দিন ইবনে ফাহাদ ১৩০ জন নারীর কাছ থেকে ইলম অর্জন করেছেন।

সহীহ বুখারীর অন্যতম শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী তাঁর কিতাবে হিজরি অষ্টম শতাব্দীর ১৭০ জন নারী শায়েখের উল্লেখ করেছেন, যার মধ্যে ৫৪ জন থেকে তিনি নিজে হাদীস বর্ণনা করেন।

ইমাম ইবনে হাজারের ছাত্র আল্লামা সাখাবী ৮৫ জন নারী থেকে ইলম অর্জন করেছেন।

তাঁর সমসাময়িক আল্লামা জালালুদ্দীন সুয়ূতি ৪৪ জন নারী আলেমের কাছ থেকে ইলম অর্জন করেছেন।

বিখ্যাত আলেম ও ইতিহাসবিদ হাফিজ ইবনে আসাকির ৮০ জনের বেশি নারী আলেমের কাছে জ্ঞানার্জন করেন। যেসব নারী আলেমের কাছে তিনি জ্ঞানার্জন করেন তাদেরকে নিয়ে তিনি একটি জীবনীগ্রন্থ লিখেন।

তাঁর সমসাময়িক আবু সা'দ আল সাম'আনী ৬৯ জন নারীর কাছে হাদীস শিখেন। হাফিজ আবু তাহির আল সিলাফী ১০ জন নারী আলেমের কাছ থেকে হাদীস শিখেন।

মুসলিম ইতিহাসের বিখ্যাত পলিম্যাথ, শায়খুল ইসলাম আল্লামা ইবনুল জাওযী ৩ জন নারী আলেমের কাছে জ্ঞানার্জন করেন। তাঁর সমসাময়িক আব্দুল গণী আল-মাকদিসী বেশ কয়েকজন নারী আলেমের কাছে জ্ঞানার্জন করেন।

বিখ্যাত ইতিহাসবিদ ইমাম ইবনুল আসির, ইবনুল সালাহ, হাফিজ আল-মুনজিরী, মুহিব আল-তাবরী বেশ কয়েকজন নারীর কাছে জ্ঞানার্জন করেন।

শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, ইবনে জামাহ, ইবনে সায়্যিদ আন-নাস, আবুল হাজ্জাজ আল-মিজ্জী, ইমাম আয-যাহাবী, ইমাম ইবনুল কাইয়্যিম, তাজ উদ্দিন সুবকী, হাফিজ আল্লামা ইবনে কাসির, আল্লামা যারকাশী, আল্লামা ইবনে রজব হাম্বলী, আল-বুলকিনী, হাফিজ আবুল ফযল আল-ইরাকী, আল্লামা ইবনুল জাজারী, হাফিক শামসুদ্দীন আশ-শাখাওয়ী সহ অনেক বিখ্যাত ইমামগণের নারী শিক্ষিকা ছিলেন। (মুহাম্মদ আকরাম নদভী, আল-মুহাদ্দিসাত, পৃষ্ঠা ১৪০-১৪২। এছাড়াও যেসব ইমামগণের নামোল্লেখ করলাম, তাদের স্বতন্ত্র জীবনী পড়লে তাদের শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা পাবেন।)


সেসব শিক্ষিকাদের কারো কারো ঘরের দরজায় পর্দা টানানো থাকতো, পর্দার আড়ালে থেকে তারা দারস দিতেন৷ কেউ কেউ মসজিদে দারস দিতেন।

সেইসব বিখ্যাত নারী আলেমা ও তাঁদের বিখ্যাত ছাত্রদের কাছে পর্দা জ্ঞানার্জনের অন্তরায় হয়ে দাঁড়ায়নি। বরং পর্দা মেনেও কিভাবে জ্ঞানচর্চা করা যায়, সেটা মুসলিম ইতিহাসের পূর্ববর্তী আলেমগণের জীবনী পড়লে জানা যায়।

19/10/2025

"ইহসান হচ্ছে মু'মিন ব্যক্তি দুনিয়ায় স্বীয় রবের ইবাদাতের সময় তাঁর উপস্থিতি অনুভব করবে এবং তিনি যে তাকে পর্যবেক্ষণ করছেন এই বোধকে অন্তরে জাগরুক রাখবে। সে এমন অনুভূতি নিয়ে ইবাদাত করবে যেন সে স্বীয় রবকে ইবাদাতের সময় অন্তর দিয়ে দেখছে এবং তাঁর দিয়ে চেয়ে আছে। আর এই আমলের পুরস্কার হিসেবে সে আখিরাতে স্বীয় চোখে আল্লাহ তাআলাকে দেখবে"।

~ ইমাম ইবনু রাজাব হাম্বলী [রাহ.]

[জামিঊল উলূমি ওয়াল হিকাম: ১/১২৬]

19/10/2025

আবূ মূসা আশআরী [রা.] বলেছেন, রাসূলুল্লাহ ﷺ বলতেন, "কিয়ামতের পূর্বে হারাজ হবে"।
জিজ্ঞেস করা হল, "হারাজ কী জিনিস?"
তিনি ﷺ বললেন, "মিথ্যা ও হত্যাকাণ্ড"।

সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমরা এখন যে পরিমাণে হত্যা করছি এর চেয়েও বেশি হত্যা করব?

রাসূলুল্লাহ ﷺ বললেন, "তোমরা যে কাফিরদের হত্যা করছ এমন হবে না বিষয়টা; বরং ব্যাপারটা এমন হবে যে তোমরা (মুসলিমরা) একে অপরকে হত্যা করবে। এমনকি একজন ব্যক্তি তার প্রতিবেশিকে হত্যা করবে, তার ভাইকে হত্যা করবে, তার চাচাকে হত্যা করবে, চাচাতো ভাইকে হত্যা করবে"।

সাহাবীরা বললেন, সুবহানআল্লাহ! আমাদের কি তখন বোধশক্তি থাকবে না?

রাসূলুল্লাহ ﷺ বললেন, "না, তবে সেসময়কার লোকেদের বোধবুদ্ধি ছিনিয়ে নেয়া হবে, যাতে করে তোমাদের কেউ ভাববে সে কোনো কিছুর ওপর (কোনো সঠিক মতের/পথের ওপর) আছে, আসলে সে কোনো ভিত্তির ওপর নেই"।

আবু মূসা আশআরী [রা.] এরপর বললেন, "যার হাতে মুহাম্মাদের ﷺ প্রাণ তাঁর কসম, আমি আশঙ্কা করি যে, আমাকে ও তোমাদেরকে সেই অবস্থা পেয়ে বসবে। আমাদের নবী ﷺ আমাদেরকে এ বিষয়ে যে জ্ঞান দিয়েছেন তার আলোকে আমি নিজের জন্য এবং তোমাদের জন্যও এ থেকে মুক্তি পাবার কোনো পথ খুঁজে পাই নি। তবে একটা বিষয় হতে পারে যে, আমরা এই ফিতনায় যেভাবে ঢুকবো সেভাবেই বেরিয়ে আসবো, এতে নিজেরা কোনো অবদান রাখবো না (আশা করি এতে এর ক্ষতি থেকে বেঁচে থাকবো"।

[ ইমাম আহমাদ (রাহ.), আল মুসনাদ, হা: ১৯৬৩৬, আল্লামা শুআইব আরনাউত্বের (রাহ.) মতে সহিহ]

 #কুরআন    #তাজভীদ
13/10/2025

#কুরআন #তাজভীদ

13/10/2025

আল্লাহ্ নাকি রব?

কুরআন ও সালাতে এই নামের রহস্য কী?

আল্লাহ্ তা'আলার অসংখ্য সুন্দর নাম ও গুণবাচক নাম রয়েছে। এর মধ্যে সবচেয়ে মহান নাম হলো 'আল্লাহ্', যা তাঁর একচ্ছত্র সত্তাকে বোঝায়। কিন্তু লক্ষ্য করেছেন কি, পবিত্র কুরআন ও সালাতের গুরুত্বপূর্ণ স্থানে বারবার 'আল্লাহ্' নামের চেয়ে 'রব' নামটি কেন ব্যবহার করা হয়েছে?

আসুন, এর পেছনের চমৎকার তাৎপর্যগুলো জেনে নিই:

১. 'রব' শব্দের গভীর তাৎপর্য:
'রব' (رَبّ) শব্দের অর্থ শুধু 'প্রভু' বা 'মালিক' নয়। এর মধ্যে আরও অনেকগুলো অর্থ নিহিত:

প্রতিপালক: যিনি সৃষ্টি করেছেন, লালন-পালন করছেন, খাদ্য-পানীয় দিচ্ছেন।

নিয়ন্ত্রণকারী: যিনি সবকিছুর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন।

পূর্ণতাদানকারী: যিনি একটি জিনিসকে ধীরে ধীরে উন্নতির শেষ সীমায় পৌঁছে দেন।

অভিভাবক ও রক্ষক: যিনি সুরক্ষা দেন এবং বিপদ থেকে বাঁচান।

২. কুরআনের শুরু ও শেষে 'রব' কেন?

কুরআনের শুরু (সূরা ফাতিহা): "আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন"

সৃষ্টির সূচনা এবং জীবনের শুরুতে আমাদের প্রয়োজন নিরবচ্ছিন্ন পরিচর্যা। 'রাব্বিল আলামিন' বলে আল্লাহ্ ঘোষণা করেন যে, তিনি এই বিশাল জগতের একমাত্র প্রতিপালক ও তত্ত্বাবধায়ক। তাঁর প্রশংসা করছি, কারণ তাঁর পালন ছাড়া আমাদের অস্তিত্ব অসম্ভব।

কুরআনের সমাপ্তি (সূরা নাস): "কুল আউযু বিরাব্বিন নাস"

কুরআনের শেষে আমরা আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে। এখানে আল্লাহ্ মানুষের রক্ষক ও প্রতিপালক হিসেবে পরিচিত। শয়তানের অনিষ্ট থেকে পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য 'রব' নামটি সবচেয়ে উপযুক্ত, যিনি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ ও হেফাজত করেন।

৩. সালাতের রুকু-সেজদায় 'রব' ব্যবহারের কারণ:

রুকুতে: "সুবহানা রাব্বিয়াল আজিম"

রুকুতে আমরা বিনয়ী হয়ে ঝুঁকে যাই। এই শারীরিক দুর্বল অবস্থায় আমরা তাঁর মহান প্রতিপালকত্বের ঘোষণা করি। অর্থাৎ, আমরা দুর্বল হলেও আমাদের রব মহান শক্তিধর ও নিয়ন্ত্রক।

সেজদায়: "সুবহানা রাব্বিয়াল আ'লা"

সেজদা হলো বান্দার আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থা এবং চরম বিনয়। যখন আমরা মাটিতে মুখ রেখে সবচেয়ে নিচু অবস্থায় যাই, তখন ঘোষণা করি আমাদের রব সর্বোচ্চ (আ'লা)। এই 'রব' (প্রতিপালক) গুণটি তাঁর শ্রেষ্ঠত্ব ও পবিত্রতার (সুবহানা) সাথে যুক্ত হয়ে আমাদের চরম নির্ভরতা প্রকাশ করে।

৪. কেন অনেক আয়াত 'রব্বি' দিয়ে শুরু হয়?
কুরআনের বহু আয়াত যা দো'আ বা ইবাদত-নির্ভর, সেগুলো 'রব্বি' (হে আমার রব) দিয়ে শুরু হয়েছে। যেমন, 'রাব্বি জিদনি ইলমা' (হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন)।

এর কারণ হলো:
যখন আমরা আল্লাহ্ তা'আলার কাছে কিছু চাই, তখন আমরা তাঁর পালনকর্তা ও দাতা গুণের দিকে মনোনিবেশ করি। আমরা বিশ্বাস করি, আমাদের সব প্রয়োজন পূরণের ক্ষমতা কেবল তাঁরই আছে। তাই দো'আর সময় 'রব্বি' সম্বোধনটি বান্দা ও তাঁর প্রতিপালকের মধ্যে একটি বিশেষ ব্যক্তিগত সম্পর্ক ও নির্ভরতার অনুভূতি তৈরি করে, যা ইবাদতের জন্য অত্যন্ত জরুরি।

'আল্লাহ্' তাঁর সত্তার নাম। আর 'রব' হলো সেই নাম, যা আমাদের সাথে তাঁর অবিচ্ছিন্ন সম্পর্ক, লালন-পালন ও করুণাময় প্রতিপালন তুলে ধরে। যখনই আশ্রয়, ইবাদত বা কৃতজ্ঞতা প্রকাশের বিষয় এসেছে, আল্লাহ্ তা'আলা তাঁর এই বিশেষ নামটি ব্যবহার করতে শিখিয়েছেন।

এই গভীর তাৎপর্যগুলো জানার পর সালাতে আপনার মনোযোগ কতটা বেড়েছে? কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন! 👇
#ইসলামিক_পোস্ট #কুরআনের_তাৎপর্য #রব #আল্লাহ্ #সালাত #গভীর_চিন্তা

05/10/2025

মাখরাজ ও সিফাতের মধ্যে পার্থক্য

কোনো আরবি হরফ সঠিকভাবে উচ্চারণ করতে হলে দু’টি জিনিস জানা জরুরি—

১️⃣ মাখরাজ (উচ্চারণের স্থান)
২️⃣ সিফাত (বৈশিষ্ট্য)

এ দু’টি বিষয়ই আরবি ভাষাকে দেয় তার স্বতন্ত্র ও নির্মল ধ্বনি। এর মাধ্যমেই কুরআন তিলাওয়াত হয় হুবহু সেইভাবে, যেমনটি তা নাযিল হয়েছে। তবে মনে রাখতে হবে— মাখরাজ ও সিফাত এক বিষয় নয়। নিচে এ দুটির পার্থক্য দেওয়া হলো:

🔹 মাখরাজ [উচ্চারণের স্থান]

মাখরাজ হলো সেই স্থান বা অঙ্গ, যেখান থেকে বর্ণের ধ্বনি উৎপন্ন হয়। যেমন— ঠোঁট, গলা, জিহ্বা।
অর্থাৎ মাখরাজ বোঝায়— “কোথায়” ধ্বনি তৈরি হচ্ছে।

🔹 সিফাত [বৈশিষ্ট্য]

সিফাত হলো ধ্বনি উৎপন্ন হওয়ার ধরন বা ভঙ্গি। যেমন— ভারী/হালকা, সিসকার ধ্বনি, প্রবাহিত হওয়া ইত্যাদি।
অর্থাৎ সিফাত বোঝায়— “কীভাবে” ধ্বনি উচ্চারিত হচ্ছে।

✅ সংক্ষেপে বলা যায়—

মাখরাজ জানায় ধ্বনির অবস্থান,

আর সিফাত জানায় ধ্বনির গুণগত বৈশিষ্ট্য।

30/09/2025

একটি সাধারণ নিয়ম: আরবরা সাকিন দিয়ে শুরু করে না এবং মুতাহাররিক দিয়ে থামে না

আরবি ভাষাভাষীরা কোনো শব্দ সাকিন হরফ দিয়ে শুরু করে না এবং মুতাহাররিক হরফ দিয়ে থামে না।
এর মানে হলো—

প্রতিটি আরবি শব্দের প্রথম অক্ষর অবশ্যই মুতাহাররিক হবে অর্থাৎ তার উপর ফাতহা, দম্মা বা কাসরা কোনো একটা থাকবে।

আর প্রতিটি শব্দ বা বাক্যের শেষ অক্ষর, যেখানে পাঠক থামবে, সেটি অবশ্যই সাকিন হবে তার উপরে ফাতহা, দম্মা বা কাসরা থাকলেও সেটা সাকিন উচ্চারিত হবে।

উদাহরণ:

الَّذِيْنَ يُقِيْمُوْنَ
📖 (সূরা আল-বাকার, আয়াত: ৩)

এখানে প্রথম অক্ষর ا [আলিফ] এ কোন হরকত না হওয়া সত্বেও যবর পড়া হয়।
আর ওয়াকফের সময় শেষ হরফে হরকত থাকলে সাকিন করতে হয় কুরআন পরতে পারে এমন প্রায় সবারই জানা।
#কুরআন #কুরআন_শিক্ষা

04/08/2025

❝একজন ব্যক্তির উচিত নয় যে সে এমন নারীর মুখকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে যাকে সে বৈধভাবে পাবে না।❞

~ ইমাম তাউস [রাহ. ]

[ ইমাম হান্নাদ বিন সারী (রাহ.), আয যুহদ: ২/৬৫০]

03/07/2025

আশুরার রোযা — এক বছরের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ!

মুহাররম মাস, হিজরী বছরের প্রথম মাস। আর এর ১০ তারিখ — আশুরা, ইসলামী ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ দিন।
রাসূল ﷺ বলেন:

"আশুরার রোযা পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দেয়।"
— [সহীহ মুসলিম, হাদীস: 1162]

ইহুদিরাও এই দিন রোযা রাখত, কারণ আল্লাহ তাআলা এই দিনে মূসা (আঃ) ও তার জাতিকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন।

রাসূল ﷺ বলেন:
"আমরা মূসার চেয়ে বেশি হকদার।"
— [সহীহ বুখারী, হাদীস: 2004]

তিনি শুধু আশুরার দিন নয়, এর আগে বা পরে একদিন বাড়িয়ে ৯ ও ১০ বা ১০ ও ১১ মুহাররম রোযা রাখতে উৎসাহ দিয়েছে। যাদের সুযোগ হয় সিয়ামের নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ

Address

Kakrail
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনিয়াত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share