31/03/2025
🌙 ঈদ মুবারক! আজকের দিনটা কীভাবে কাটাব?
ছোটবেলায় ঈদের আগের রাতে ঘুম আসত না! নতুন জামা, ঈদের সালামি, মায়ের রান্না পায়েসের মন জুড়ানো গন্ধ—সব মিলিয়ে অন্যরকম একটা আনন্দ! কিন্তু বড় হওয়ার পর ঈদের মানেটা বদলে গেছে… আজকের এই ঈদটা আমার জীবনের ইউনিক এক ঈদ…!
..... ফোন বেজে উঠল। ওপাশ থেকে এলো সুসংবাদ! দৌড়াতে দৌড়াতে হাসপাতালে গেলাম। ছোট্ট, নিষ্পাপ একটা মুখ আমার সামনে… ঈদের সবচেয়ে বড় উপহার যেন আল্লাহ তা'আলা আমাকে ঈদের আগের দিনই দিলেন! ডান কানে যখন আজান দিচ্ছিলাম, শত চেষ্টাতেও নিজেকে সংবরণ করতে পারিনি। 🥹 এই ঈদ অন্যরকম, জীবনের নতুন দায়িত্ব, নতুন অনুভূতির ঈদ! ফলিল্লাহিল হামদ!
🎯 ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল:
• ঈদের নামাজের আগেই যাকাতুল ফিতর আদায় করা।
• ফজরের পর ঈদগাহের পথে তাকবির পড়া: "আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।"
• গোসল ও সুগন্ধি ব্যবহার করা।
• উত্তম পোশাক পরিধান করা।
• ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া (ঈদুল ফিতরের সুন্নত)।
• দুই রাকাত ঈদের নামাজ আদায় করা।
• রাস্তা পরিবর্তন করে ঈদগাহ থেকে ফেরা।
• পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে দেখা করা।
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الْأعْمَال
‘আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করুন।’
✨🌙 ঈদ মুবারক! 🌙✨
30/03/2025
🗓 ২৯ রমাদান [রবিবার, ৩০ মার্চ ২০২৫]
🌃 আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬:১৪ মিনিট
🌇 আগামীকালের সাহরির শেষ সময়: ভোর ৪:৩৫ মিনিট
🌿 রমাদানের শিক্ষা ধরে রাখা
আজ হয়তো শেষ রমাদান। আরেকটি রমাদান পাবো কিনা, জানি না! রমাদানের পরেও আমাদের আমল কীভাবে হবে? এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এখনই।
📖 রাসূল ﷺ বলেছেন:
তোমরা ঠিকভাবে নিষ্ঠাসহ কাজ করে নৈকট্য লাভ কর। জেনে রেখ, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে না এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমাল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। (বুখারী: ৬৪৬৭)
আসুন, আজ থেকে চেষ্টা করি:
✅ ছোট ছোট আমল হলেও সেগুলোকে অবহেলা না করতে
✅ আবার রমাদান পাওয়ার জন্য আল্লাহর কাছে দু'আ করতে
✅ খুব খুব করে আল্লাহর কাছে সাহায্য চাইতে
🤲 ইয়া আল্লাহ! আমাদের এই রমাদান কবুল করো। আমাদের তওবা কবুল করো। তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। 🤲
29/03/2025
🗓 ২৮ রমাদান [শনিবার, ২৯ মার্চ ২০২৫]
🌃 আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬:১৩ মিনিট
🌇 আগামীকালের সাহরির শেষ সময়: ভোর ৪:৩৬ মিনিট
💡 রাতের শেষ ভাগ: দু'আ কবুলের বিশেষ সময়
রমাদানের শেষ দশক চলছে। এই সময় দু'আ কবুলের বিশেষ মুহূর্ত হলো রাতের শেষ ভাগ, যখন আল্লাহ তা'আলা তাঁর বান্দাদের ডাকেন।
📖 রাসূল ﷺ বলেছেন:
মহামহিম আল্লাহ তা’আলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন: কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন, যে আমার নিকট চাইবে। আমি তাকে তা দিব। কে আছে এমন, যে আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। (বুখারী: ১১৪৫)
আসুন, আজ থেকে চেষ্টা করি:
✅ রাতের ঘুমানোর সময় তাহাজ্জুদের নিয়ত করতে
✅ গভীর রাতে একান্ত মনে আল্লাহর কাছে ক্ষমা ও হিদায়াত চাইতে
🤲 ইয়া আল্লাহ! আমাদের দু'আগুলো কবুল করো। আমাদের গুনাহগুলো ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। 🤲
28/03/2025
🗓 ২৭ রমাদান [শুক্রবার, ২৮ মার্চ ২০২৫]
🌃 আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬:১৩ মিনিট
🌇 আগামীকালের সাহরির শেষ সময়: ভোর ৪:৩৭ মিনিট
🤝 ফিতরা আদায়ের গুরুত্ব
ঈদের আগেই ফিতরা আদায় করতে হবে। প্রত্যেক মুসলিমের উপর এটা ফরজ। এর মাধ্যমে গরিবদেরও আনন্দের সাথে ঈদ উদযাপনের সুযোগ হয়।
📖 ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:
রসূলুল্লাহ ﷺ সদাক্বাতুল ফিতর ফরয করেছেন - অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে (রমাদানের) সওমকে পবিত্র করতে এবং মিসকীনদের খাদ্যের ব্যবস্থার জন্য। যে ব্যক্তি (ঈদের) সলাতের পূর্বে তা আদায় করে সেটা কবুল সদাক্বাহ গণ্য হবে। আর যে ব্যক্তি সলাতের পরে আদায় করে, তা সাধারণ দান হিসেবে গৃহীত হবে। (আবু দাউদ: ১৬০৯)
আসুন, আজ থেকে চেষ্টা করি:
✅ সময়মত সাধারণ খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে
✅ অন্যদেরকেও ফিতরা আদায়ে উৎসাহিত করতে
🤲 ইয়া আল্লাহ! আমাদের দান-সদকা কবুল করো। আমাদের ঈদকে সব মানুষের জন্য আনন্দময় ও কল্যাণকর করো। আল্লাহুম্মা আমিন। 🤲
27/03/2025
🗓 ২৬ রমাদান [বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫]
🌃 আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬:১৩ মিনিট
🌇 আগামীকালের সাহরির শেষ সময়: ভোর ৪:৩৯ মিনিট
🌙 তাকওয়ার সাথে ঈদের প্রস্তুতি
রমাদান প্রায় শেষ হয়ে এল। ঈদের প্রস্তুতি নিতে হবে, কিন্তু তাকওয়ার সাথে। ঈদে যেন আমরা রমাদানের শিক্ষা ভুলে না যাই। আল্লাহকে ভয় করে চলি..
📖 আল্লাহ তা'আলা বলেন:
ذٰلِكَ وَ مَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰهِ فَاِنَّهَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ
"এটাই হল আল্লাহর বিধান; যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই।" (হাজ্জ: ৩২)
আসুন, আজ থেকে চেষ্টা করি:
✅ ঈদের প্রস্তুতি নিতে গিয়ে অপব্যয় ও অপচয় থেকে বেঁচে থাকতে
✅ আশপাশের অভাবীদের সাধ্যমত সাহায্য করতে, তাঁদের খোঁজ নিতে
🤲 ইয়া আল্লাহ! আমাদের ঈদের আনন্দ হালাল ও বরকতময় করো। আমাদের সব গুনাহ ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। 🤲
26/03/2025
🗓 ২৫ রমাদান [বুধবার, ২৬ মার্চ ২০২৫]
🌃 আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬:১২ মিনিট
🌇 আগামীকালের সাহরির শেষ সময়: ভোর ৪:৪০ মিনিট
🌾 দান-সদকার মর্যাদা
দেখতে দেখতেই রমাদান প্রায় শেষের পথে। শেষ দিনগুলোতে আমরা যেন দান-সদকা করার সুযোগ হাতছাড়া না করি। কারণ, এই মাসে দান করলে আল্লাহ তা'আলা অনেকগুণ বাড়িয়ে সওয়াব দেন।
📖 আল্লাহ তা'আলা বলেন:
اَلَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَهُمۡ بِالَّیۡلِ وَ النَّهَارِ سِرًّا وَّ عَلَانِیَۃً فَلَهُمۡ اَجۡرُهُمۡ عِنۡدَ رَبِّهِمۡ ۚ وَ لَا خَوۡفٌ عَلَیۡهِمۡ وَ لَا هُمۡ یَحۡزَنُوۡنَ
"যারা নিজেদের ধন-সম্পদ রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের প্রতিদান তাদের রব-এর নিকট রয়েছে। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।" (বাকারা: ২৭৪)
আসুন, আজ থেকে চেষ্টা করি:
✅ গরিব-অসহায়দের জন্য অল্প কিছু হলেও দান করতে
✅ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের প্রয়োজনের খোঁজ নিতে
🤲 ইয়া আল্লাহ!আমাদের অন্তরকে উদার করো। আমাদের হাতকে দানের জন্য প্রসারিত করো। আমাদের দান-সদকাগুলো কবুল করো। আল্লাহুম্মা আমিন। 🤲
25/03/2025
🗓 ২৪ রমাদান [মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫]
🌃 আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬:১২ মিনিট
🌇 আগামীকালের সাহরির শেষ সময়: ভোর ৪:৪১ মিনিট
🌳 আল্লাহর পথে ধৈর্য ধরা
জীবনের বিভিন্ন স্টেজে আমরা কত রকমের সমস্যার সম্মুখীন হই। আমাদের মধ্যে সবাই কিন্তু ফেইলর না। যারা বিপদে ধৈর্য ধরতে পারে তাঁরা উইনার।
📖 আল্লাহ তা'আলা বলেন:
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ، اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیۡنَ
"হে মু’মিনগণ! ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।" (সূরা বাকারা: ১৫৩)
একে তো এই আয়াত থেকে বিপদের সময় কী করব সেই শিক্ষা পাচ্ছি, সেইসাথে বোনাস হিসেবে আল্লাহর ওয়াদা—তিনি ধৈর্যশীলদের সাথে থাকেন। সুবহান-আল্লাহ!
আসুন, আজ থেকে চেষ্টা করি:
✅ যেকোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখতে
✅ ধৈর্যের মাধ্যমে জীবনের ছোট-বড় কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলার সংকল্প করতে
🤲 ইয়া আল্লাহ! আমাদের ধৈর্যশীল ও দৃঢ় ঈমানদার বানিয়ে দাও। বিপদে আমাদের শক্তি দাও। আল্লাহুম্মা আমিন। 🤲
24/03/2025
🗓 ২৩ রমাদান [সোমবার, ২৪ মার্চ ২০২৫]
🌃 আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬:১১ মিনিট
🌇 আগামীকালের সাহরির শেষ সময়: ভোর ৪:৪২ মিনিট
📘 কুরআনের সাথে সম্পর্ক মজবুত করা
রমাদানে আমরা আলহামদুলিল্লাহ কুরআনের সাথে বেশি বেশি সময় কাটাই। কিন্তু বছরের অন্যসব মাসে কীভাবে এই অভ্যাস ধরে রাখবো?
📖 আল্লাহ তা'আলা বলেন:
كِتٰبٌ اَنۡزَلۡنٰهُ اِلَیۡكَ مُبٰرَكٌ لِّیَدَّبَّرُوۡۤا اٰیٰتِهٖ وَلِیَتَذَكَّرَ اُولُوا الۡاَلۡبَابِ
"আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে জ্ঞান-বুদ্ধিসম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে।" (সাদ: ২৯)
আসুন, আজ থেকে চেষ্টা করি:
✅ রমাদানের পরও নিয়মিত কুরআন পড়ার প্ল্যান করতে ও অভ্যাস ধরে রাখতে
✅ আয়াতের অর্থ নিয়ে চিন্তা করে করে পড়তে
🤲 ইয়া আল্লাহ! আমাদের কুরআন বুঝার এবং কুরআন অনুসরণের তাওফিক দাও। আল্লাহুম্মা আমিন। 🤲
23/03/2025
🗓 ২২ রমাদান [রবিবার, ২৩ মার্চ ২০২৫]
🌃 আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬:১১ মিনিট
🌇 আগামীকালের সাহরির শেষ সময়: ভোর ৪:৪৩ মিনিট
📛 গুনাহ থেকে মুক্তির সুযোগ
আমরা যদি রমাদান শেষ হয়ে যাওয়ার আগেই গুনাহ থেকে তাওবা না করতে পারি, তাহলে আর কখন??
📖 রাসূল ﷺ এর হাদীস থেকে জানতে পারি, যে ব্যক্তি রমাদান পেয়েও তা যথাযথভাবে পালন না করে, নিজের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে ব্যর্থ হয়, তার জন্য ধ্বংস! ধ্বংস! ধ্বংস!" (তিরমিজি: ৩৫৪৫)
আসুন, আজ থেকে চেষ্টা করি:
✅ নিজের মধ্যে কী কী পরিবর্তন এনেছি, তা পর্যালোচনা করতে
✅ রমাদানের শিক্ষা বছরজুড়ে ধরে রাখার সংকল্প করতে
✅ একান্ত মনে, নীরবে, আল্লাহর কাছে তাওবা করতে
🤲 ইয়া আল্লাহ! আমাদের এই রমাদান কবুল করো। আমাদের আমলগুলো রমাদানের পরেও টিকিয়ে রাখার শক্তি দাও। আমাদের মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। 🤲
22/03/2025
🗓 ২১ রমাদান [শনিবার, ২২ মার্চ ২০২৫]
🌃 আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬:১১ মিনিট
🌇 আগামীকালের সাহরির শেষ সময়: ভোর ৪:৪৪ মিনিট
✨ লাইলাতুল কদর সন্ধান
লাইলাতুল কদর কী? এমন এক রাত যে রাতকে আমার প্রিয় রব্বুল আলামিন হাজার মাসের চাইতেও উত্তম ঘোষণা করেছেন! সুবহান আল্লাহ!! রমাদানের শেষ দশকের বিজোড় রাত গুলো আমরা লাইলাতুল কদর খুঁজব।
📖 আল্লাহর রসূল ﷺ বলেছেন:
"যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে।" (বুখারী ৩৫)
আসুন, আজ থেকে চেষ্টা করি:
✅ ইবাদাত বাড়িয়ে দিতে (কুরআন তিলাওয়াত, দুআ, তাহাজ্জুদ, দান-সদকা)
✅ রমাদান শেষ হওয়ার আগেই আল্লাহর কাছে কৃত গুনাহ মাফ চেয়ে নিতে
🤲 ইয়া আল্লাহ! আমাদের কদরের রাতের বরকত দাও। আমাদের গুনাহ মাফ করো। আমাদের তাকওয়াবান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। 🤲
21/03/2025
🗓 ২০ রমাদান [শুক্রবার, ২১ মার্চ ২০২৫]
🌃 আজকের ইফতারের সময়: সন্ধ্যা ৬:১০ মিনিট
🌇 আগামীকালের সাহরির শেষ সময়: ভোর ৪:৪৫ মিনিট
🌙 শেষ দশকের প্রস্তুতি
রমাদানের শেষ দশক কল্পনাতীত ফযীলতপূর্ণ এবং বরকতময়! এখন থেকেই নিজেকে গিয়ার-আপ করা দরকার।
📖 উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন:
যখন রমাদানের শেষ দশক আসত তখন নবী ﷺ তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশী বেশী ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন। (বুখারী: ২০২৪)
আসুন, আজ থেকে চেষ্টা করি:
✅ শেষ দশকে কী কী আমল করব, প্ল্যান করতে (ইতিকাফ, তাহাজ্জুদ, দুআ, ইসতিগফার, তিলাওয়াত)।
✅ খুব বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে।
🤲 ইয়া আল্লাহ! আমাদের কদরের রাত পর্যন্ত পৌঁছে দাও। কদরের রাতের আমল করার তাওফিক দাও। আমাদের গুনাহ থেকে পবিত্র করো। আল্লাহুম্মা আমিন। 🤲