11/07/2026
"ভালো মানুষ পেলেও অনেক প্রতিষ্ঠান কেন তাদের ধরে রাখতে পারে না?"
"অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয়সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদেরকে ক্ষমা কর এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর। আর কাজে-কর্মে তাদের সাথে পরামর্শ কর। অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন।"
— সূরা আলে ইমরান, ৩:১৫৯
এই আয়াতটি শুধু রাসূল ﷺ-এর চরিত্রের বর্ণনা নয়; এটি নেতৃত্বেরও একটি চিরন্তন নীতিমালা।
একটা টিম, প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সবচেয়ে বড় শক্তি শুধু দক্ষ মানুষ নয় বরং মানবিক পরিবেশ।
যদি একজন নেতা সবসময় রাগ, ধমক আর কঠোরতার ভাষায় কথা বলেন, ছোট ছোট ভুলেও অপমান করেন, তাহলে ধীরে ধীরে মানুষ দূরে সরে যেতে শুরু করে। কেউ হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু অন্তরে সম্পর্কটা ভেঙে যাবে। সুযোগ পেলেই সে অন্য জায়গা খুঁজবে।
কারণ মানুষ শুধু বেতন বা পদবির জন্য কাজ করে না। মানুষ চায় সম্মান। চায় তাকে বোঝা হোক। চায় ভুল করলে শুধরে নেওয়ার সুযোগ।
এ কারণেই আল্লাহ তা'আলা তাঁর প্রিয় নবী ﷺ-কে নম্রতা, ক্ষমাশীলতা এবং পরামর্শের শিক্ষা দিয়েছেন।
যদি সর্বশ্রেষ্ঠ নেতাকেও এই গুণগুলো ধারণ করতে বলা হয়, তাহলে আমাদের জন্য এগুলো কতটা জরুরি ,একবার ভেবে দেখুন।
হ্যাঁ, নেতৃত্বে কখনো কখনো দৃঢ় হতে হয়। কিন্তু দৃঢ়তা আর রূঢ়তা এক জিনিস নয়।
যেখানে সহানুভূতি থাকে, সেখানে মানুষ দায়িত্ব নিয়ে কাজ করে।
যেখানে সম্মান থাকে, সেখানে আনুগত্য জন্মায়।
আর যেখানে শুধু ভয় থাকে, সেখানে মানুষ বেশিদিন থাকে না।
একজন কর্তৃত্ববাদী নেতা হয়তো কিছুদিন সবাইকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু একজন মানবিক নেতা মানুষের হৃদয় জয় করেন। আর হৃদয় জয় করতে পারাই টেকসই নেতৃত্বের আসল ভিত্তি।
আপনি যদি কোনো টিম, পরিবার বা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন, তাহলে আজ নিজেকে একটি প্রশ্ন করুন,
আপনার উপস্থিতিতে মানুষ স্বস্তি পায়, নাকি শুধু ভয় পায়?