17/06/2026
আজ নতুন হিজরী বর্ষের প্রথম দিন—১ মুহাররম, ১৪৪৮ হিজরী।
হিজরী সনের সূচনা হয়েছে মহান হিজরতের স্মৃতিকে কেন্দ্র করে। আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ﷺ আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেই ঐতিহাসিক হিজরতকেই ভিত্তি করে মুসলমানদের বর্ষপঞ্জি গণনা শুরু হয়।
একটি নতুন বছরের সূচনা আত্মজিজ্ঞাসার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জীবনের আরেকটি বছর শেষ হয়ে গেল। এই বছরে আখিরাতের জন্য কতটুকু পাথেয় সঞ্চয় করেছি? দীর্ঘ আখিরাতের সফরের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি?
হিজরী বর্ষের প্রথম মাস মুহাররম—একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার (১০ মুহাররম) রোজা মুসলমানদের জন্য আবশ্যক ছিল। এ ছাড়াও এই মাসে বহু ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম -আলাইহিসসালাম- কে নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন এবং মুসা -আলালাইহিসসালাম- এর মাধ্যমে বনী ইসরাঈলকে ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন।
এই দিনকে কেন্দ্র করে কোনো উৎসব, দিবস উদযাপন বা আনন্দ-উল্লাস নয়; বরং নিজের জীবন থেকে আরেকটি বছর বিদায় নেওয়ার প্রেক্ষিতে আত্মসমালোচনা, তাওবা এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণই হওয়া উচিত একজন মুমিনের মূল চিন্তা।