16/02/2023
সপ্তাহ ঘুরে আবার চলে এলো জুমুআর দিন। এ দিনের অন্যতম আমল হলো 'সূরা কাহফ' তিলাওয়াত এবং রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উপর বেশি বেশি দরুদ পাঠ।
সূরা কাহফ। এটি অসামান্য ছন্দময় এক সূরা—যার পরতে পরতে লুকিয়ে আছে ফিতনার দিনের করণীয়। আর এই সুন্নাহ আমলের বাড়তি পাওনা হিসেবে আপনার ঈমানের নূর চমকাবে পরবর্তী জুমআ পর্যন্ত!
আর এ হাদীসটি তো জানেনই—
"যে ব্যক্তি জুম'আর দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, তার ঈমানের নূর এক জুম'আ হতে আরেক জুম'আ পর্যন্ত চমকাতে থাকবে।" (মিশকাত, ২১৭৫; আত-তারগীব, ৭৩৬)
#দরুদ পাঠ
১. রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
‘যে আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার বিনিময়ে তার ওপর দশবার রহমত নাযিল করেন।’ (মুসলিম, ৩৮৪)
২. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
‘তোমরা তোমাদের ঘরকে কবর (আমলহীন) বানিয়ো না। তোমরা আমার কবরকে উৎসবস্থলে (ভিড় জমানোর কেন্দ্রে) পরিণত কোরো না। বরং তোমরা আমার প্রতি সালাম (দরুদ) পেশ করবে। কেননা তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের সালাত ও সালাম আমার নিকট পৌঁছে থাকে।’ (সুনানু আবী দাঊদ, ২০৪২)
৩. নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
‘আল্লাহর কিছু ফেরেশতা এমন আছে, যারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়। তাঁরা আমার উম্মাতের সালাম আমার কাছে পৌঁছিয়ে থাকেন।’ (নাসায়ি, ১২৮২)
৪. রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
‘যে কেউই আমার ওপর সালাম পেশ করে, তখন আল্লাহ আমাকে তার খবর দেন এবং আমি তার জবাব প্রদান করে থাকি।’ (সুনানু আবী দাঊদ, ২০৪১)
জুমুআর দিনের অন্য আমলগুলোর পাশাপাশি আমরা বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
আমাদের একেকটি জুমুআ আমলের রঙে রঙিন হোক। হৃদয় পূর্ণ হোক সূকুনে।
#জুমুআ_রিমাইন্ডার