20/05/2026
একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। আকাশ অন্ধকার হয়ে ছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ দেখি মিনি এসে চুপচাপ আমার পাশে বসেছে। কোনো দুষ্টুমি না, কোনো শব্দ না। শুধু বসে আছে।
আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম।
মিনি চোখ বন্ধ করে শান্ত হয়ে গেল।
সেদিন অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল। মনে হয়েছিল, মানুষ সবসময় কথা বলেই ভালোবাসা প্রকাশ করে না। কিছু সম্পর্ক শব্দ ছাড়াও তৈরি হয়। মিনি কখনও কথা বলতে পারেনি, কিন্তু ওর নীরবতা অনেক মানুষের কথার চেয়েও বেশি সত্যি ছিল।
সময় যত যাচ্ছিল, মিনি আমাদের পরিবারের একটা অংশ হয়ে উঠছিল। বাসায় ফিরলেই দরজার সামনে এসে দাঁড়াত। আমি নামাজ পড়লে জায়নামাজের পাশে বসে থাকত। রাতে পড়তে বসলে কখন ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারতাম না—কারণ মিনি এসে পাশে গুটিশুটি মেরে শুয়ে থাকত।
একটা ছোট্ট প্রাণ কিভাবে মানুষের জীবনে এত মায়া তৈরি করতে পারে, সেটা মিনিকে না দেখলে হয়তো কখনও বুঝতাম না।
অনেক মানুষ ভাবে, প্রাণীদের ভালোবাসা খুব সাধারণ। কিন্তু সত্যি বলতে, তাদের ভালোবাসার মধ্যে কোনো অভিনয় নেই। তারা স্বার্থ বুঝে না, অবস্থান বুঝে না। শুধু বুঝে—কে তাকে নিরাপদ অনুভব করায়।
আর মিনির জন্য হয়তো আমি সেই নিরাপদ মানুষটাই ছিলাম।
সেদিন রাতে পড়ার টেবিলে বসে মিনির দিকে তাকিয়ে একটা কথা মনে হয়েছিল—
এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো হয়তো সেগুলোই, যেখানে ভাষা লাগে না।
সমাপ্ত