10/02/2018
কিছুদিন আগে উত্তরা পাঁচ নম্বর সেক্টরে একজন বিকাশ এজেন্টকে ছিনতাইকারীরা ছুরি মারে। হাঁটুর কাছে ছুরির পোঁচ লেগেছিল, অধিক রক্তক্ষরনে বেচারা মারা যায়। আধাঘণ্টার বেশি সময় তিনি রাস্তায় পড়ে ছিলেন। কেউ তাঁকে উঠিয়ে হাসপাতালেও নেয় নাই, পুলিশ বা এ্যাম্বুলেন্সকেও খবর দেয় নাই। অথচ সময়মত হাসপাতালে নিলে আল্লাহ চাইলে তিনি বেচেও যেতে পারতেন। সবাইই ভেবেছিল, আমি কেন করবো, অন্যজন কেন নয়? পুলিশি হয়রানির শিকার হতে হবে কিংবা ব্যস্ততা বা ঝামেলাতে জড়ানোর এই খোঁড়াযুক্তিগুলো কি আহত মানুষটি আমার প্রিয় কেউ হলেও দিতাম? নিথর হয়ে পড়ে থাকা মানুষটিও কিন্তু কারো বাবা, কারো সন্তান। ফেসবুকে অনেক সময় রোগীর আত্মীয়স্বজনরা রক্তের জন্য পোস্ট দেন। স্ক্রল করে সবাই নিচে চলে যায়। ব্লাড গ্রুপ ম্যাচ করলেও অনেক ক্ষেত্রে সাড়া দেই না আমরা। প্রত্যেকেই ভাবি, এখানে আমি কিছু না করলেও চলবে। বাকিরা নিশ্চয়ই করবে। অথচ ওদিকে হাসপাতালে চিন্তিত মানুষগুলোর কথা একবারও ভাবি না। "এক ব্যাগ রক্ত পাওয়া গিয়েছে" এরকম একটি সুসংবাদ শোনার জন্য হয়তো মানুষগুলো প্রতি মিনিটে কয়েকবার মোবাইলের স্ক্রিনে চোখ বুলান, কিন্তু আমার আপনার অবহেলার কারনে প্রতিবারই তাদের নিরাশ হতে হয়। বাসায় কাজ করে যে বুয়া, বাড়ির দারোয়ান বা পরিচিত দিনমজুর এরকম অনেকেই আমাদের কাছে তাদের অভাবের কথা বলেন। জরুরী চিকিৎসার প্রয়োজন, ছেলে বা মেয়ের বিয়ে অথবা অন্য যে কোন দরকারে আমাদের কাছে কিছু চাইলে, কয়জনই বা আমরা তাদের হেল্প করি। এক বন্ধুর পোস্টে দেখলাম, তাদের বাসায় কাজ করতে এসেছিল বাবা হারা ছোট একটি দশ বছরের মেয়ে। সেই মেয়ের আজ বিয়ে হল, তাদেরই বাসায় থেকে। একটি পথের শিশুকে পরিবারের সদস্য বানিয়ে নেয়া আমাদের কাছে অনেক বিরল, অথচ এটা একটি কমন ঘটনা হওয়ারই কথা ছিল। ----------- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট উক্তি, যে ব্যক্তি বলে সমাজ ধ্বংস হয়ে গিয়েছে, মূলত সেই সমাজকে ধবংস করে। - সহিহ মুসলিম। এই সমাজ, আমি সহ আরও কিছু মানুষকে নিয়েই গঠিত। অন্যর দায়িত্ব সম্পর্কে খবর নেয়ার আগে আমি যদি আমার কর্তব্যটি করতাম, এই সমাজ আরও আগেই ঠিক হয়ে যেত। আমি কেন, সে কেন নয়? এ যুক্তি না দিয়ে আসুন ভাবি, সে কেন? আমি কেন নয়? কোন বিপদগ্রস্থকে বিপদ থেকে উদ্ধার করতে আল্লাহ তা'আলার কারো সাহায্যর প্রয়োজন হয় না। তারপরও তিনি যদি আমাকে বাছাই করেন, এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। সৌভাগ্যবান সেই, যে করুণাময়ের দেয়া সেই সুযোগকে লুফে নেয়। হতভাগা সে, যে পেয়েও তা হেলায় হারায়। (সংগৃহীত)