24/03/2025
"একদা রাজা তাঁর সভাসদ বীরবলকে প্রশ্ন করলেন, বলোতো বীরবল, অবিদ্যা কি ?
বীরবল উত্তর দিলেন, জাহাঁপনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে ৪ দিন ছুটি দিতে হবে, ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব !
রাজা রাজি হয়ে তাঁকে ৪ দিন ছুটি দিলেন। বীরবল এক মূচির কাছে গিয়ে বললেন, ভাই এক জোড়া জুতো বানিয়ে দাও।
মূচি বলল, ঠিক আছে হুজুর, মাপটা দিন।
বীরবল বললেন, ওসব মাপ টাপ ছাড়ো, এক হাত লম্বা আর এক বিঘৎ চওড়া জুতো বানাও, আর ওতে কিছু হীরে জহরত জুড়ে দাও। সোনা আর রুপোর সুতো দিয়ে সেলাই করো, টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দরদাম করব না।
মূচি বলল, ঠিক আছে, কিছু টাকা আগাম দিন, আর ৩ দিন বাদে এসে নিয়ে যাবেন।
তৃতীয় দিন পুরো টাকা দেওয়ার আগে বীরবল মূচিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে ও এই জুতোর গল্প কারও কাছে কখনও করবে না।
তারপর বীরবল একপাটি জুতো নিজের কাছে রেখে অন্য পাটিটা একটি প্রার্থণালয়ের সামনে ফেলে দিলেন।
ভোরবেলা প্রার্থণালয়ের তত্বাবধায়ক এসে ঐ একপাটি জুতো আবিষ্কার করলেন। তত্বাবধায়ক চিন্তা করলেন, এত বড় জুতো কখনও কোন মানুষের পায়ে হতে পারে না, আর যা হীরে জহরত লাগানো তাতে নিশ্চয়ই রাত্রে সৃষ্টিকর্তা এসেছিলেন, এবং বাইরে ভুল করে এই একপাটি জুতো ফেলে গেছেন।
উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন, তারপর বার বার জুতোটা কে চুমু খেতে লাগলেন। পরে এলাকার আরও অনেক লোক এলে তত্বাবধায়ক সকলকে এই সৃষ্টিকর্তার জুতো-র পাটি পাওয়ার গল্প বললেন। সকলেই বলল, নিশ্চয়ই এই জুতো সৃষ্টিকর্তারই হবে, মানুষের পায়ে এত বড় জুতো হতেই পারে না, আর প্রার্থণালয়ের বাইরে যখন পাওয়া গেল তখন ভুত বা প্রেতাত্মার ও নয়। সবাই মিলে জুতোর পাটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগল। শেষ পর্যন্ত জুতোর কথা রাজার কানে গেল......রাজার আদেশে সেই জুতো দরবারে পেশ হল।
রাজাও স্বীকার করলেন, এ জুতো সৃষ্টিকর্তারই হবে। তিনিও বারবার মাথায় ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, এই জুতো প্রার্থণালয়ের কোন পবিত্র স্থানে রাখা হোক।
পরের দিন বীরবলের ছুটি শেষ হল, উনি সভায় এসে রাজাকে কে সালাম ঠুকে মাথা নিচু করে বসে রইলেন।
রাজা প্রশ্ন করলেন, কি হল রাজা বীরবল, তুমি এমন বিরসবদন কেন ?
বীরবল বললেন, জাহাঁপনা, আমার বাড়ি থেকে একপাটি জুতো চুরি গেছে।
একপাটি জুতো ? রাজা প্রশ্ন করলেন।
হ্যাঁ, আমার প্রপিতামহের একপাটি জুতো চুরি গেছে, চোর একপাটি ফেলে গেছে।
ঐ একপাটি জুতো কি তোমার কাছে আছে ? রাজার প্রশ্ন।
হ্যাঁ, আমার কাছে আছে - বীরবল অন্য পাটিটা বের করে দেখালেন।
দেখেই তো রাজার মাথা ঘুরতে আরম্ভ করল, নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন প্রার্থণালয় থেকে জুতোর পাটি নিয়ে আসতে। তারপর বললেন, আমরা তো এটাকে সৃষ্টিকর্তার জুতো মনে করে কত মাথা ঠেকিয়ে, চুমু খেয়ে, চেটে চেটে চকচকে করে তুলেছি !
বীরবল বললেন, জাহাঁপনা, একেই বলে অবিদ্যা। এই ভারতবর্ষ একদিন এমনি অবিদ্যায় ছেয়ে যাবে। অনেক মানুষের বুদ্ধিলোপ হবে। তারা ধূর্ত মানুষকে ভগবান জ্ঞান করবে এবং দেবতার আসনে বসিয়ে পুজো করবে।
বর্তমানে বোধহয় সেই সময় এসেছে এবং সমাজে সেটাই হতে আরম্ভ হয়েছে।"