22/09/2026
শা-পা ডে নাকি অশ্লীলতা ?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
শাড়ি বা পাঞ্জাবী পরা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু শা-পা ডে ঘিরে যে পরিবেশ তৈরি হয়, একজন মুসলিম হিসেবে সেটা নিয়ে একটু চিন্তা করা দরকার।
আমরা অনেক সময় ভাবি, একদিনই তো! সবাই করছে, আমিও করলাম। বন্ধুদের সঙ্গে ঘুরলাম, ছবি তুললাম।
কিন্তু আমাদের দেখতে হবে, এই আনন্দের মধ্যে আল্লাহর কোনো নিষেধ অমান্য হচ্ছে কি না।
বাস্তবে এ ধরনের আয়োজনে ছেলে-মেয়েদের অবাধ মেলামেশা, একসঙ্গে ছবি তোলা, অতিরিক্ত সাজসজ্জা এবং অনেক ক্ষেত্রে পর্দার সীমা ঠিকভাবে রক্ষা না করার বিষয় দেখা যায়।
আল্লাহ তাআলা বলেন, "তোমরা ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ।"
[সূরা আল-ইসরা, ১৭:৩২]
খেয়াল করুন, শুধু গুনাহ করতে নয়, গুনাহের কাছেও যেতে নিষেধ করা হয়েছে।
আরেকটা বিষয়ও গুরুত্বপূর্ণ। আমি যদি কোনো কাজ করি এবং আমার পোস্ট, ছবি বা উৎসাহ দেখে অন্য কেউ সেই কাজে আগ্রহী হয়, তাহলে বিষয়টা শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ থাকে না।
আল্লাহ তাআলা বলেন, "যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটুক তা পছন্দ করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।"
[সূরা আন-নূর, ২৪:১৯]
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে ভ্রান্ত পথের দিকে আহ্বান করে, তার অনুসরণকারীদের গুনাহের অনুরূপ গুনাহ তার ওপরও বর্তাবে।
[সহিহ মুসলিম, ২৬৭৪]
তাই প্রশ্নটা শুধু
"আমি গেলে কী এমন হবে?"
না।
বরং ভাবা উচিত, আমার উপস্থিতি, ছবি বা পোস্ট কি এমন কোনো কাজকে স্বাভাবিক করে তুলছে, যেটা ইসলাম সমর্থন করে না?
এই লেখা কাউকে ছোট করার জন্য নয়। আমরা সবাই ভুল করি।
শুধু নিজের এবং প্রিয় ভাই-বোনদের জন্য একটা রিমাইন্ডার,
একদিনের আনন্দের জন্য এমন কিছু না করি, যেটা পরে আমাদের আমলনামায় আফসোসের কারণ হয়।
আল্লাহ আমাদের হারাম থেকে বেঁচে থাকার এবং অন্য কাউকে গুনাহের দিকে উৎসাহিত না করার তাওফিক দিন।
আমিন।