18/05/2026
সত্যিকারের তাওবা ও গুনাহে আর না ফিরার জন্য সুন্দর কিছু দু'আ—
❝হে আল্লাহ, আমাকে এমন তাওবা দিন যা আমার জীবন বদলে দেয়, আর আমাকে আর কখনো গুনাহের পথে ফিরতে না হয়।
ইয়া তাওয়্যাব, ইয়া গফফার, ইয়া রহীম...
আমি আপনার দরজায় এসেছি এক ভাঙা মন নিয়ে, এক অপরাধবোধে ভরা হৃদয় নিয়ে। আমার মুখে লজ্জা, অন্তরে কান্না-কারণ আমি জানি, আমি আপনাকে কতবার অসন্তুষ্ট করেছি, কতবার আপনার দেওয়া নিয়ামত ব্যবহার করেছি গুনাহের পথে। আপনি আমাকে কত হাজার বার সুযোগ দিয়েছেন, আমি আবারও ভুল করেছি। আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমি ফেরার আগেই যেন গাফেলতায় ডুবে গিয়েছি। হে আল্লাহ, আমি আর পারছি না। আমি সত্যিই ফিরতে চাই। এবার এমনভাবে ফিরতে চাই, যেন আর কখনো পেছনে তাকাতে না হয়। এমন তাওবা চাই, যা আমার আত্মাকে নতুন করে গড়ে তোলে।
ইয়া মালিকুল মূলক, ইয়া লাতীফ, ইয়া হালীম...
আপনি তো জানেন আমার অতীত। আপনি জানেন আমি কেমন ছিলাম, এবং এখন কেমন হতে চাই। আমি নিজের ভেতরের অন্ধকারের কথা কাউকে বলতে পারি না, কিন্তু আপনি সবকিছু জানেন। আপনি জানেন আমার সেই গোপন গুনাহগুলো, যেগুলোর কথা আমি ভুলেও কাউকে জানাতে পারি না, অথচ আপনি জানেন, দেখেছেন, আপনি আমার সীমা লঙ্ঘন সহ্য করেছেন। আজ সেই বোঝা কাঁধে নিয়ে আমি এসেছি আপনার দরবারে-নিজের গুনাহের বোঝা হালকা করতে, নিজের অসহায়ত্ব স্বীকার করতে, ক্ষমা চাইতে, নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ে তুলতে। হে আল্লাহ, আমাকে নতুন করে গড়ে তুলুন।
আমাকে সত্যের পথে শক্ত রাখুন। গুনাহ এবং সময় নষ্টকে বানিয়ে দিন আমার চোখের বিষের মতন অপছন্দনীয়। বিষয় যেন আমার নাফস গুনাহের দোটানায় সময় নষ্ট না করে।
আমাকে হালকা করে দিন। আমাকে ক্ষমা করে দিন। আমাকে ফিরিয়ে নিন।
ইয়া নূর, ইয়া হাদি, ইয়া কারীম...
আপনি আমাকে এমন একটি হৃদয় দিন, যা গুনাহের চিন্তাতেই কাঁপে, যা তাওবার সুখে ভরে ওঠে। আমাকে এমন একজন বান্দা করে দিন, যে আপনার ভালোবাসার ভয়ে গুনাহ থেকে দূরে থাকে, শুধু জাহান্নামের ভয় নয় বরং আপনাকে কষ্ট না দেওয়ার ভয়েই কান্না করে। আমার অন্তরে আপনার ভয়, আপনার ভালোবাসা, আর আপনাকে হারানোর আতঙ্ক এমনভাবে গেঁথে দিন-যেন শয়তানের কোনো ধোঁকা আর আমাকে টানতে না পারে। হে আল্লাহ, আমি চাই না আপনি আমার প্রতি বিরক্ত থাকুন। আমি চাই না আপনি আমাকে দূরে ঠেলে দিন। বরং আপনি আমাকে এতটা ভালোবাসুন-যেন সেই ভালোবাসাই আমাকে সব গুনাহ থেকে সরে যেতে বাধ্য করে।
হে রহমানুর রহিম...
আমি জানি, এই পৃথিবীটা ধোঁকার জায়গা। এখানকার গ্ল্যামার, লোভ, প্রশংসা, চাহিদা, হিংসা, অহংকার-সব আমাকে আবারও গুনাহের দিকে টেনে নিয়ে যেতে পারে। তাই আমি চাই আপনি আমার চারপাশে এমন একটা রহমতের প্রাচীর গড়ে দিন-যা আমাকে আবারও পেছনের অন্ধকারে ডুবতে না দেয়। আপনি আমার সময়গুলো এমন ভালো কাজে ভরিয়ে দিন-যেন গুনাহের সুযোগই না থাকে। আপনি আমাকে এমন বন্ধু দিন, এমন সঙ্গ দিন, এমন পরিবেশ দিন, যেগুলো আমাকে আপনার কাছেই নিয়ে যায়। আপনি আমার জীবনকে এক তাওবাহকারীর জীবন বানিয়ে দিন-যেন মাসুম বাচ্চার মত পবিত্র।
اللَّهُمَّ اجْعَلْ تَوْبَتِي نَصُوحًا، وَاجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ الْأَوَّابِينَ، وَلَا تَجْعَلْنِي مِمَّنْ يَعُودُ بَعْدَ الْإِنَابَةِ، وَاغْسِلْ قَلْبِيْ مِنْ آثَارِ الذَنْبِ، يَا غَفُوْرُ، يَا تَوَّاب
আল্লাহুম্মাজ'আল তাওবাতী নাসূহা, ওয়াজ'আলনী মিনাত্ তাওয়াবীনাল আউয়াবীন, ওয়া লা তাজ'আলনী মিম্মান ইয়াঊদু বা'দাল ইনাবাহ্, ওয়াগসিল ক্বালবী মিন আছারিয যাম্ব, ইয়া গাফূর, ইয়া তাওয়্যাব।
অর্থ: হে আল্লাহ, আমার তাওবাকে পরিপূর্ণ করুন। আমাকে তাওবাকারী ও বারবার আপনার দিকে ফিরে আসা বান্দাদের মধ্যে রাখুন। আমাকে এমন করে দিন যে তাওবা করার পর আর ফিরেও না তাকায়। আমার হৃদয় থেকে গুনাহর ছায়াগুলো ধুয়ে দিন-হে ক্ষমাশীল, হে তাওবা কবুলকারী।
আমিন, ইয়া রব্বি।❞
- 'আমার প্রিয় দুআর ডায়েরি বই' থেকে
Darut Tawheed Academy