31/08/2025
রংপুরের তারাগঞ্জ বাজারের ফুটপাতে বসে জুতা সেলাই করে মাত্র ১৪ বছরের জয় রবিদাস। কয়েকদিন আগেও সে ছিল তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র, স্বপ্ন ছিল পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। কিন্তু ৯ আগস্ট গণপিটুনিতে তার বাবা রূপলাল রবিদাস নিহত হওয়ার পর সবকিছু বদলে যায়। বাবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবার শূন্য আসন পূরণ করতে জয়কে বাধ্য হয়ে নামতে হয়েছে পৈতৃক পেশায়। ছোট কাঠের চৌকিতে বসে সে এখন জুতা সেলাই করে দিনে কয়েক শ টাকা আয় করে সংসার চালানোর চেষ্টা করছে। মা, ঠাকুরমা ও দুই বোনের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। পড়াশোনার স্বপ্ন থেমে গেলেও জয় আশা করে অন্তত তার দুই বোন যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে। স্থানীয়রা বলছেন, বাবার স্বপ্ন ছিল সন্তানদের শিক্ষিত করা, কিন্তু আজ সেই জায়গায় তার স্কুলপড়ুয়া ছেলে বসে জুতা সেলাই করছে, যা পুরো সমাজের বিবেককে নাড়া দেয়।
Source: The Daily Star