25/05/2026
৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
বিজ্ঞ সদস্য জনাব শরীফ স্যারের বোর্ড::
(ওইদিন স্যার সবাইকে ২০-২২ মিনিট করে রেখেছিলেন। আমি শেষের দিকে ছিলাম। আমার আগের জনকে ১৫ মিনিট রাখলেন,আমাকে রাখলেন ১০-১২ মিনিটের মত। যদিও স্যার বলেছিলেন আমার তাড়া আছে একটু।একটা জায়গায় যেতে হবে আমি অলরেডি লেইট।আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেই।)
রুমে প্রবেশ করার পর সালাম দিলাম। স্যার বললেন ডেক্সে এসে রিচয়েস ফর্ম দিয়ে যান। ফর্ম দেওয়ার পর স্যার বললেন আপনি চয়েস চেঞ্জ করেন নি তাহলে? ভালো। জায়গায় গিয়ে বসে পড়ুন। আমি ধন্যবাদ দিলাম। এসে নিজের জায়গায় বসলাম।
এরপর স্যার বলা শুরু করলেন ডাক্তারি পড়েছেন।স্বাস্থ্য ক্যাডারে আছেনও। আবার এসেছেন কেন? পুলিশের জন্য! আপনারা যে কেন এগুলা করেন। দেশের সবচেয়ে মেধাবিরা হয় ডাক্তার। আর আপনি ডাক্তার হয়ে আসলেন পুলিশ হতে।
আমি উত্তর দিতে চাইছিলাম।স্যার বললেন দাঁড়ান আগে আমি বলি। আমি সরি স্যার বলে আবার চুপ করে গেলাম।
স্যার বললেন এত কষ্ট করে ৫ বছরের পড়াশোনা এত পরিশ্রম সব নষ্ট।
আমি বললাম স্যার আমার পড়াটা একেবারে পুরোপুরি নষ্ট হবে না।আমি পুলিশের পেশাতেও এটা কাজে লাগাতে পারব। ফরেনসিক মেডিসিন....
স্যার আবার থামালেন।বললেন এগুলা জানি আমি।এগুলা আপনারা এমনেই বলেন। ডাক্তারি ভালো না লাগলে পড়ছেন কেন,ক্রিমিনোলজি পড়তেন ঢাবিতে,পলিটিক্যাল সাইন্স পড়তেন,ডাক্তারি ছেড়ে পালাতেন।ঢোকার পরে তো বুঝছিলেন এটা যে আপনি চান না।
কেন পালালাম না এটার উত্তর কি হতে পারে ভেবে না পেয়ে হেসে বললাম আসলে স্যার ভর্তি যেহেতু হয়ে গিয়েছিলাম পালানোর সুযোগ ছিল না। শেষ করেই বের হতে হতো।তাই এখন পালাতে চাই। গ্র্যাজুয়েশন তো একটা শেষ করতেই হতো স্যার।
স্যার হেসে দিলেন। বললেন তা ঠিক।গ্র্যাজুয়েশন একটা লাগেই।
স্যার: ডাক্তারই থাকেন। আপনি ডাক্তারিতে ভালো করবেন।
আমি: স্যার আমার মনে হয় আমি ডাক্তারিতে ভালো করতে পারব না। যে বিষয় ছাত্র অবস্থায় আমি উপভোগ করি নি সেটাতে ক্যারিয়ার করলে একদিকে নিজের সাথে যেমন প্রতারনা হবে তেমনি আমার কাছে যারা সেবা নিতে আসবে তারাও সঠিক সেবা না পেয়ে প্রতারিত হবেন। যেহেতু এই পেশায় আমার মন নেই।
শরীফ স্যারের সকল কথায় আমি হাসি মুখে জি স্যার জি স্যারই বলে গেলাম যেহেতু স্যার উত্তর করতে দিচ্ছিলেন না।
স্যার এক্সটার্নাল ১ স্যারকে বললেন প্রশ্ন করতে।
এক্সটার্নাল ১: জেলা প্রশাসক হিসেবে আপনার অফিসের লোকজন আপনার কাজের সমালোচনা করলে কি করবেন?
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বর্ডারে কাঁটাতার নিয়ে সমস্যা করছে।প্রশাসনের লোক হিসেবে আপনার ভূমিকা কি? বাংলাদেশের কি করা উচিত?
এক্সটার্নাল ২: স্যার বললেন স্বাস্থ্য ক্যাডারে আছেন।কোথায় আছেন।
আমি: স্যার আমি ৪৫ তমতে সুপারিশপ্রাপ্ত।এখনো গ্যাজেট কিংবা পোস্টিং হয় নি।
স্যার : প্রথম চয়েস কি
সেনাবাহিনীর মূলনীতি কি?
আমি: আমি আন্তরিক ভাবে দু:খিত স্যার। আমি পড়েছিলাম কিন্তু মনে করতে পারছি না।সমরে আমরা শান্তিতে আমরা পরের লাইনটা ভুলে গেলাম স্যার।আমি আবারো দু:খিত স্যার।
স্যার: পি আর বি ফুল ফর্ম? সাল টা কত।
শরীফ স্যার: স্যার আপনার প্রশ্নের মাঝে একটু ইন্টারাপ্ট করছি।আমি কিছু প্রশ্ন করতে চাই।
এক্সটার্নাল২: হ্যাঁ স্যার করেন আপনি।সমস্যা নাই।
শরীফ স্যার: এই যে বলেন তো সি আর পিসি ফুল ফর্ম? সালটা কত?
পুলিশকে কখনো রাস্তাঘাট থেকে যখন তখন মানুষকে তুলে নিতে দেখছেন? পুলিশ কি এমন করতে পারে?
আমি: জি স্যার।
স্যার: সি আর পি সির কোন কোন ধারায় পুলিশ এমন করতে পারে?
আমি: স্যার সি আর পিসি ৫৪ ধারা অনুযায়ী পুলিশ বিনা ওয়ারেন্টে এভাবে এরেস্ট করতে পারে।
স্যার: ওখানে পয়েন্ট কয়টা?
আমি: স্যার ৯ টা।
স্যার: আপনাকে বললাম কোন কোন ধারা। আপনি একটা বলে থেমে গেলেন কেন? (অথচ স্যার নিজেই সম্পুরক প্রশ্নে চলে গেছিলেন)
আমি: সরি স্যার। স্যার ৬৫ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে তখন পুলিশ এরেস্ট করে। ( আমার আসলেই জানা ছিল না ৫৪ ধারা ছাড়া আর কোন ধারায় পুলিশ যখন তখন ধরে নিয়ে যেতে পারে!)
স্যার: আপনারে বললাম পুলিশ।আপনি ম্যাজিস্ট্রেটে গেলেন কেন?
আমি : সরি স্যার। আমি এই মুহূর্তে আর মনে করতে পারছি না।
স্যার: কিচ্ছু পারেন না আপনি! ৫৪ আছে ৫৫ আছে ৫৭ আছে ১২৮ আছে।
আমি : স্যার ১২৮ ধারা তো বে আইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক বেসামরিক শক্তি প্রয়োগের নির্দেশ।
স্যার: কে বলছে আপনাকে? আপনি তো দেখি ৫৪ ধারা ছাড়া কিছুই পারেন না
আমি: হাসি মুখে আবারো সরি বললাম আন্তরিকভাবে!
স্যার: ঠিক আছে কাগজপত্র নিয়ে নেন।আসতে পারেন।
এক্সটার্নাল ২ এর কাছ থেকে কাগজ নিচ্ছিলাম স্যার নাম ধরে ডেকে বললেন অল দ্যা বেস্ট। ভালো থাকো। ডাক্তারই থাক।
আমি পুনরায় স্যারের দিকে ফিরে স্যারকে ধন্যবাদ দিলাম হাসিমুখে বললাম কিন্তু স্যার আমি যে পুলিশ হতে চাই।ডাক্তার থাকতে চাই না।আমি পুলিশই হব স্যার।আমি অনেক বেশিই প্যাশোনেট এই পেশার জন্য।
স্যার হাসলেন এবার জোরে। বললেন যে দেখা যাক কি হয়।আবার বললেন বেস্ট অব লাক।
আমি আবার ধন্যবাদ দিলাম সালাম দিলাম বের হয়ে আসলাম।
পুরা সময় হাসিমুখে ছিলাম। স্যারের সাথে তর্কে জড়াই নি।স্যার রাগারাগি করেছেন এমন না। স্যার যা বলেছেন জি স্যার বলেছি। ভুল ধরলে সরি বলেছি। আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি নম্র ভদ্র থাকার। দুইটা উত্তরে স্যার হাসলেন।
আমার দু:খ হল কেন পুলিশ হতে চাই স্যার এটা বলতে দিলেন না। বাকি প্রশ্নে ভুল ধরা নিয়ে আমার কোনো আফসোস নাই।