08/12/2019
এই বাংলাদেশকে মনে রাখবে ভারত
ম্যাচের বিরতিতে দিল্লি থেকে এক ভারতীয় ক্রীড়া সাংবাদিক হোয়াটসঅ্যাপে বার্তা দিলেন, ‘দারুণ খেলছে বাংলাদেশ! বাংলাদেশ আরও ৩-৪ গোলে এগিয়ে থাকতে পারত। দুটো পেনাল্টি...।’ বাংলাদেশ-ভারত দুই দেশে ক্রিকেট উন্মাদনা থাকলেও আজকের খেলায় কোটি কোটি চোখ তাকিয়ে ছিল ফুটবল লড়াইয়ে। জিততে জিততে শেষ পর্যন্ত বাংলাদেশকে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে ৯০ মিনিট জামাল ভূঁইয়ারা যে খেলাটা উপহার দিয়েছেন, এ বাংলাদেশকে মনে রাখতেই হবে ভারতকে।
বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর দেখে মনে হচ্ছিল, সাদ-জীবনদের অন্তত এক হালি গোল দিতে সুনীল ছেত্রীরা আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবেন। কোনো পত্রিকা তো এমনও হেডিং করেছে, ‘সুনীল ছুটলেই বাংলাদেশ হারিয়ে যাবে’! বাংলাদেশ হারিয়ে যায়নি। বরং বেশ প্রভাববিস্তার করা কৌশলী ফুটবল খেলছে, একটা সময় মনে হচ্ছিল, ভারতই হারিয়ে যাবে বাংলাদেশের সামনে! ৪২ মিনিটে জামাল ভূঁইয়ার সেট পিসে দুর্দান্ত এক হেডে সাদ উদ্দীন বল জড়িয়ে দেন ভারতের জালে। এ গোলে দর্শকে ঠাসা যুবভারতী স্টেডিয়ামে নেমে আসে অদ্ভুত নিস্তব্ধতা। হাজারো নীল জার্সির সমর্থকদের ভিড়ে হাতে গোনা কিছু লাল-সবুজের দর্শকদের চিৎকারই তখন অনেক জোরালো!