10/08/2026
প্রিয় শিক্ষার্থীরা,
আজ অনেকেই হয়তো A+ পাওনি, কারও ফলাফল হয়তো তোমার প্রত্যাশার চেয়েও কম হয়েছে। কেউ হয়তো হাসিমুখে ফলাফল উদযাপন করছো, আবার কেউ নীরবে একা বসে ভাবছো—“আমি কি তাহলে ব্যর্থ?”
না, তুমি ব্যর্থ নও। ❤️
মনে রেখো, একটি বোর্ড পরীক্ষার ফলাফল কখনোই তোমার মেধা, যোগ্যতা কিংবা ভবিষ্যতের চূড়ান্ত মানদণ্ড হতে পারে না।আজ যে ফলাফলটা তোমাকে কাঁদাচ্ছে, কয়েক বছর পর হয়তো সেই ফলাফলটিই তোমার জীবনের সবচেয়ে ছোট একটি অধ্যায় হয়ে থাকবে।
অনেক ডাবল A+ পাওয়া শিক্ষার্থীও জীবনের পরবর্তী ধাপে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি। আবার এমন অনেক শিক্ষার্থী আছে, যারা স্কুল-কলেজের পরীক্ষায় অসাধারণ ফলাফল করতে পারেনি, কিন্তু জীবনে নিজের যোগ্যতায় অনেক বড় জায়গা তৈরি করেছে।
কারণ জীবন কোনো বোর্ড পরীক্ষার খাতা নয়—জীবন হলো বারবার চেষ্টা করার, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর গল্প।
তাই আজকের ফলাফল যদি তোমার মনের মতো না হয়, নিজেকে ছোট করো না। বাবা-মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়ানোরও প্রয়োজন নেই। বরং নিজেকে বলো—
“হয়তো আজ আমি আমার প্রত্যাশিত ফলাফল পাইনি, কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়।”
তোমার সামনে এখনো অনেক পথ, অনেক সুযোগ, অনেক স্বপ্ন অপেক্ষা করছে।একটা রেজাল্ট তোমার ভবিষ্যৎ লিখে দেয় না—তোমার পরিশ্রম, ধৈর্য, সততা আর লেগে থাকার মানসিকতাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে।
আর যারা প্রত্যাশিত ফলাফল পেয়েছো, তোমাদেরও অভিনন্দন। ❤️তবে মনে রেখো—A+ তোমার সাফল্যের শুরু হতে পারে, কিন্তু জীবনের শেষ পরিচয় নয়।
আর যারা আজ কাঁদছো—কেঁদে নাও, মনটা হালকা করো। তারপর চোখের পানি মুছে আবার শুরু করো।
তোমার রেজাল্ট তোমার একটি অধ্যায়, পুরো গল্প নয়।তোমার গল্পের সেরা অধ্যায়গুলো এখনো লেখা বাকি। ❤️
— SH SOHEL