06/10/2026
সারাদিন ব্যস্ত থেকেও দিন শেষে মনে হয় আজ আসলে কী করলাম?
আপনি কাজ করছেন।সময় দিচ্ছেন।অনেক কিছু করার ইচ্ছাও আছে।তবু গুরুত্বপূর্ণ কাজগুলো জমেই থাকছে।কারণ সমস্যা সবসময় সময় কম থাকা নয়।অনেক সময় সমস্যা হলো সময়টা কোথায়, কীভাবে এবং কোন কাজে দিচ্ছেন, সেটা না জানা।
আপনার হাতে থাকা সময়টুকুই যদি একটু গুছিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে একই দিনে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব।
প্রোডাক্টিভিটি বাড়ানোর ১০টি টিপস
১.ঘুম থেকে উঠুন আপনার পরিকল্পনাকে সামনে রেখে
দিনটা শুরু হওয়ার আগেই ঠিক করুন আজ আপনার গুরুত্বপূর্ণ কাজ কী?স্বপ্ন আর চিন্তাকে বাস্তবায়নের অভিপ্রায় নিয়েই দিন শুরু হোক।অপ্রয়োজনীয় চিন্তা যেন আপনার দিনের নিয়ন্ত্রণ নিয়ে না নেয়।
২.নিজের ‘পিক আওয়ার’ খুঁজে বের করুন
সবার কাজ করার সেরা সময় এক নয়।কেউ ফজর থেকে যুহর পর্যন্ত সতেজ থাকে। কেউ আবার যুহরের পর থেকে রাত পর্যন্ত ভালো কাজ করতে পারে।আপনার দিনের কোন সময়ে আপনি সবচেয়ে সতেজ, একাগ্র ও প্রাণবন্ত থাকেন সেটা খুঁজে বের করুন।তারপর সেই সময়টা দিন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে।
৩.পিক আওয়ারে অন্য কাজ ঢুকতে দেবেন না
আপনার সেরা সময়টা যদি আড্ডা, সামাজিকতা, অপ্রয়োজনীয় আলাপ বা অন্য কাজে চলে যায়, তাহলে গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি কী রাখবেন?মোক্ষম সময়ে বাধা-বিক্ষিপ্ততা যতটা সম্ভব দূরে রাখুন।সেই কয়েক ঘণ্টা আপনার পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়নের পেছনে দিন।
৪.বেশি কাজ নয়, ভালো কাজের দিকে মন দিন
প্রোডাক্টিভিটি মানে শুধু বেশি সময় কাজ করা নয়।কোয়ান্টিটি নয় কোয়ালিটি এর দিকে গুরুত্ব দিন।অতিরিক্ত পরিশ্রম করতে গিয়ে যদি আপনার সতেজতা, বুদ্ধিমত্তা, স্বাস্থ্য, পরিবার কিংবা ইমানি শক্তি দুর্বল হয়ে যায়, তাহলে সেই সাফল্য কিসের?কাজ করুন। কিন্তু নিজেকে শেষ করে নয়।
৫.কাজের মাঝে বিশ্রাম রাখুন
সবসময় কাজ করলেই যে বেশি ফল পাওয়া যাবে এমন নয়।পর্যাপ্ত বিশ্রাম নিয়ে সতেজ হয়ে কাজে ফিরুন। কারণ ক্লান্ত ও দুর্বল অবস্থায় দীর্ঘ সময় কাজ করার চেয়ে অল্প সময় প্রাণবন্ত ও কার্যকর থাকা বেশি গুরুত্বপূর্ণ।
৬.বিক্ষিপ্ততাকে জীবন থেকে ছুড়ে ফেলুন
আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে ভাবছেন। ঠিক তখনই মোবাইলের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, কারও ফোন কিংবা অন্য কোনো কাজ এসে আপনার মনোযোগটা ছিনিয়ে নিল। একবার মন অন্যদিকে চলে গেলে আগের চিন্তায় ফিরে আসাও কঠিন হয়ে পড়ে। এভাবেই ধীরে ধীরে আমাদের মন গভীর চিন্তার ক্ষমতা হারিয়ে ফেলে।তাই মাঝে মাঝে নিজেকে সব ধরনের বিক্ষিপ্ততা থেকে দূরে রাখুন।
প্রয়োজনে কিছু সময়ের জন্য মোবাইলটা বন্ধ করে পাশে রেখে দিন। সেই সময়টুকু কুরআন পড়ুন, বই পড়ুন কিংবা মনোযোগ দিয়ে কোনো উপকারী লেকচার শুনুন। কিছুদিন এভাবে চলার পর হয়তো নিজেই অবাক হয়ে দেখবেন এতদিন সময়ের অভাব ছিল না, অভাব ছিল মনোযোগের!
৭.‘কাল থেকে করব’ এই কথাটা বাদ দিন
কাজ জমিয়ে রাখা মনোযোগ নষ্ট করার অন্যতম কারণ।কাল থেকে শুরু করব।এখনো তো অনেক সময় আছে।এই কথাগুলো যতবার মাথায় আসবে, ততবার নিজেকে মনে করিয়ে দিন আজকের কাজ আজই করতে হবে।
কোনো কারণে পুরো কাজ করা সম্ভব না হলেও, অন্তত অল্প কিছু করুন।ইমাম শাওকানির সেই কথাটা মনে রাখুন দুইএক লাইন হলেও লিখি।দিনটা যেন একেবারে বিফলে না যায়।
৮.বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করুন
প্রতিদিন এক পারা কুরআন পড়তে হবে এমন বড় লক্ষ্য কাউকে চাপে ফেলতে পারে।তখন সে কাজটাই ফেলে রাখতে শুরু করে।সমাধান?কাজটাকে ছোট করুন।একবার ৫ পৃষ্ঠা পড়ুন। তারপর আবার ৫ পৃষ্ঠা। এভাবে ধীরে ধীরে এগিয়ে যান।বড় লক্ষ্যকে ছোট ছোট কাজের মধ্যে নিয়ে এলে পথটা অনেক সহজ হয়ে যায়।
৯.নিজের লক্ষ্যকে বাস্তবসম্মত করুন
আজ থেকেই প্রতিদিন ৫০ পৃষ্ঠা পড়ব এমন সিদ্ধান্ত নিয়ে কয়েকদিন পর ক্লান্ত হয়ে সব ছেড়ে দেওয়ার চেয়ে ৫ পৃষ্ঠা দিয়ে শুরু করা ভালো।প্রথম দিন কম হোক।কিন্তু এমনভাবে শুরু করুন, যাতে আপনি চালিয়ে যেতে পারেন।অল্প হলেও নিয়মিত এই নীতিই ধীরে ধীরে বড় ফল তৈরি করতে পারে।
১০.একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনায় নিজেকে নিবিষ্ট করুন
একসাথে অনেক দিকে ছুটলে মনোযোগ হারিয়ে যায়।কোনো কিছু সত্যিই অর্জন করতে চাইলে নিজের শক্তি, সময়, চিন্তা ও অনুভূতিকে সেই উদ্দেশ্যের দিকে নিবদ্ধ করুন।পানির ফোঁটা খুব ছোট।কিন্তু একই জায়গায় বারবার পড়তে থাকলে শক্ত পাথরের বুকেও গর্ত তৈরি হয়।আপনার কাজও তেমন।একদিন অনেক কিছু করে থেমে যাওয়া নয়।প্রতিদিন একটু একটু করে একই দিকে এগিয়ে যাওয়া।
মনে রাখবেন সাফল্যের পথে সবচেয়ে বড় শক্তি শুধু প্রতিভা নয়।নিয়মিতভাবে নিজের মনোযোগকে সঠিক জায়গায় ধরে রাখার ক্ষমতাও।
আজ আপনার জীবনে সবকিছু একসাথে বদলানোর দরকার নেই।শুধু একটা কাজ বেছে নিন।একটা সময় ঠিক করুন।বিক্ষিপ্ততা সরিয়ে দিন।তারপর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান।
হয়তো আজ পরিবর্তনটা ছোট মনে হবে।কিন্তু একদিন পেছনে ফিরে তাকালে দেখবেন এই ছোট ছোট দিনগুলোই আপনার জীবনটা বদলে দিয়েছে।
আপনার দিনের কোন সময়টা আপনার ‘পিক আওয়ার’। কমেন্টে জানিয়ে দিন।