02/02/2026
দশম শ্রেণির শিক্ষার্থীদের সফলতা নিশ্চিতকরণে আলেকজান মেমোরিয়েল হাই স্কুল ও কলেজের সমন্বিত উদ্যোগ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলেকজান মেমোরিয়েল হাই স্কুল ও কলেজ থেকে দশম শ্রেণির টেস্ট পরীক্ষার পর নিয়মিত ও অনিয়মিত (গত বছরের ফেল করা) শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কোচিং ব্যবস্থার আয়োজন করা হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৬ দিন প্রতিদিন ৫ ঘণ্টা করে এবং অনিয়মিত শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৩ দিন প্রতিদিন ২ ঘণ্টা করে কোচিং পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, অনিয়মিত শিক্ষার্থীরা শুধুমাত্র ১ বা ২টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ A+ ব্যাচ চালু করা হয়েছে, যেখানে অতিরিক্ত যত্ন ও মনিটরিং নিশ্চিত করা হচ্ছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নিয়মিত মনিটরিং ও সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা ইনশাআল্লাহ ভালো ফলাফল করতে সক্ষম হবে। ফর্ম ফিলআপের সময় সকল শিক্ষার্থীর নিকট থেকে অঙ্গীকারনামায় স্বাক্ষর গ্রহণ করা হয়েছে, যাতে তারা নিয়মিত কোচিংয়ে উপস্থিত থাকে। এরপরও যারা অনুপস্থিত থাকছে, তাদেরকে প্রতিদিন ফোন করা হচ্ছে এবং অন্তত সপ্তাহে ২ দিন যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এসব তথ্য নিয়মিতভাবে রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে।
ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, অনিয়মিত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে ৩ বার ফোন করার পরও উল্লেখযোগ্য অমনোযোগিতা বিদ্যমান। এ অবস্থায় সম্মানিত শিক্ষকগণ তাদের বাসায় সরাসরি ভিজিট করছেন। এসব পদক্ষেপের একমাত্র উদ্দেশ্য হলো সকল শিক্ষার্থীকে কৃতকার্য করা। এমনকি শিক্ষার্থীদের জন্য আলাদা গাইড টিচার নিয়োগ করা হয়েছে এবং যদি কোনো গাইড টিচার দায়িত্ব পালনে ব্যর্থ হন, সে ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে তার বেতন কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা চলতি মাস থেকেই কার্যকর হচ্ছে।
এরপরও যেসব নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থী বারংবার অনুপস্থিত থাকছে, তাদের বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষা বোর্ড বরাবর চিঠি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাতে তাদের ফর্ম ফিলআপ বাতিল করা হয়। কারণ, এতসব উদ্যোগের পরও প্রতিষ্ঠানের পক্ষে অতিরিক্ত কিছু করা সম্ভব নয়। উল্লেখ্য, ষষ্ঠ থেকে দশম শ্রেণি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্যও প্রতিষ্ঠানের নানাবিধ দায়িত্ব রয়েছে।
এই প্রেক্ষিতে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কৃতকার্য করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়ন অথবা প্রয়োজনে তাদের বাদ দেয়ার বিষয়ে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত কার্যকরে এলাকাবাসী ও অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে
প্রাক্তন শিক্ষার্থী
আলেকজান মেমোরিয়েল হাই স্কুল ও কলেজ