13/09/2020
প্রসঙ্গ শুবাচ
( নতুন ও কৌতূহলী শুবাচিদের জন্য )
" শুদ্ধ বানান, শুদ্ধ ভাষা,
বাংলা আমার ভালোবাসা "
এই স্লোগানকে সামনে রেখে, শুদ্ধ বানান চর্চা ও বাংলা বানানে প্রমিত নিয়ম প্রয়োগে উৎসাহ প্রদান, বাংলা বানান ও শব্দচয়নে ভুল কিংবা যথেচ্ছাচার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, বাংলা ভাষার প্রচার-প্রসার ও সমৃদ্ধায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে যে ফেইসবুক গ্রুপ তার নাম শুবাচ।
প্রতিষ্ঠাকাল : ৩ অক্টোবর ২০১৩
প্রতিষ্ঠাতা : ড. মুহাম্মদ আমীন
প্রধান উপদেষ্টা : অধ্যাপক হায়াৎ মামুদ
এর লক্ষ্য ও উদ্দেশ্য : বাংলা বানানে প্রমিত নিয়ম প্রয়োগ এবং বাংলা ভাষার ব্যাপক প্রচার-প্রসারের জন্য আলোচনা-পর্যালোচনা, গবেষণা ও উপযুক্ত গ্রন্থাদি প্রকাশ করে এর লক্ষ্য অর্জনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এ গ্রুপের অন্যতম উদ্দেশ্য। দেশে-বিদেশে অবস্থানরত বাংলাভাষী ছাড়াও যে সকল বিদেশি বাংলা ভাষা শেখার জন্য আগ্রহী, গ্রুপের পক্ষ থেকে তাঁদের বুদ্ধিবৃত্তিক সহায়তা প্রদান করা হয়। শুদ্ধ বানান চর্চা গোষ্ঠী (শুবাচ)-এর আর একটি উদ্দেশ্য হলো- ড. মোহাম্মদ আমীনের লেখা বিশেষ করে বাংলা বানান ও বাংলা ভাষাবিষয়ক বইসমূহের প্রচার। যাতে তাঁর লেখা ও প্রকাশিত বই এবং বইয়ের বিষয়বস্তু আগ্রহী পাঠকবর্গ জানতে পারেন।
এডমিন ও মডারেটর :
Mohammed Amin
Rashida Akter Mishu
Abdur Rashid
Abeer chowdhury Meem
&
Ab Chhiddiq
Tahasin Aishe
Khurshed Ahmed
Md Anam
মোট শুবাচি : ৫৮২৭৫২ জন ( ১৩/০৯/২০২০ তারিখ পর্যন্ত )
শুবাচি হচ্ছে শুবাচের সদস্য সংখ্যা। যেমন আপনি একজন শুবাচি।
মোট যযাতি : অসংখ্য
যযাতি হচ্ছে শুবাচ গ্রুপে অনুমোদিত পোস্ট।
যযাতি লেখার নিয়ম :
১. রঙিন পটে (কালার অপশনে) করা কোনো যযাতি কোনো অবস্থাতেই অনুমোদন করা হয় না। অধিকাংশ জিজ্ঞাসামূলক যযাতি এটির কারণেই অনুমোদন করা হয় না। এছাড়া যযাতির সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে কেবল দৃষ্টি আকর্ষণের কৌশল হিসেবে কোনো চিহ্ন বা ছবি যুক্ত করা হলেও ওই যযাতি অনুমোদন করা হয় না।
২. যেসকল বিষয় শুবাচে একাধিকবার আলোচিত হয়েছে, ভিন্ন কোনো ধারণা ছাড়া সেসকল বিষয়ে কোনো যযাতি সাধারণত অনুমোদন করা হয় না। তাই, কোনো বিষয়ে প্রশ্ন করার আগে শুবাচে ওই বিষয়ে কোনো যযাতি আছে কি না, তার খোঁজ নিয়ে দেখুন।
৩ . ভুল হতে পারে, ভুল স্বাভাবিক বিষয়; ভুলের বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্যই শুবাচের সৃষ্টি। তবে ছয়-সাত পদের একটি বাক্যে যদি দুই-তিনটি; এমনকি ততোধিক ভুল থাকে, তাহলে সে যযাতি অনুমোদন করা হয় না। স্বাভাবিক বোধে অতি সাধারণ কিংবা হাস্যকর বিবেচিত কোনো প্রশ্ন অনুমোদন করা হয় না।
৪. সমালোচনা সবসময়ই ভালো, যদি তা সমান সমান আলোচনা হয়। কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমালোচনার অজুহাতে অশালীন বক্তব্যসংবলিত কোনো যযাতি অনুমোদন করা হয় না। মোদ্দা কথায় বললে— উপহাসজনক, বিভ্রান্তিকর কিংবা ঘৃণা বা বিরক্ত সৃষ্টি করার আশঙ্কা রয়েছে, এমন কোনো যযাতি অনুমোদন করা হয় না।
৫. শব্দের অর্থ বাক্যের ওপর নির্ভর করে। তাই, কোনো শব্দের অর্থ জানতে চাইলে প্রামাণ্য বাক্যসহ না-দিলে তা অনুমোদন নাও হতে পারে। অভিধান থেকে শব্দ নিয়ে শব্দার্থ জানতে চাইবেন না। এধরনের যযাতি অনুমোদন করা হয় না।
৬. নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে উত্তর চেয়ে— যেমন: ক স্যারের কাছ থেকে উত্তর আশা করছি— কোনো যযাতি দেওয়া হলে তা অনুমোদন করা হয় না।
৭. আপনার লেখা না-হলে লেখকের নাম ও সংশ্লিষ্ট উৎস দিলে তা প্রকাশের জন্য বিবেচনা করা যায়, তবে তথ্য ব্যতীত ‘সংগৃহীত' নামের কোনো লেখকের লেখা অনুমোদন করা হয় না।
৮. কারোর সময়ক্রম, কোনো গোষ্ঠী ও পৃষ্ঠা থেকে অংশ-ভাগ করা (শেয়ার করা) যযাতি অনুমোদন করা হয় না।
৯. যেসব প্রশ্নের উত্তর স্বাভাবিক বিবেচনায় সহজলভ্য মনে করার যথেষ্ট কারণ আছে, সেসব প্রশ্ন অনুমোদন করা হয় না।
১০. যযাতি অনুমোদনের অনেক শর্ত আছে। তবে, সবচেয়ে বড়ো শর্ত হচ্ছে তা প্রকাশের যোগ্য হওয়া। প্রকাশের যোগ্যতা হচ্ছে অনুমোদন পাওয়া। বিবেচিত হয় না বলে, শুবাচের অনেক উপদেষ্টার যযাতিও অনুমোদন করা হয় না।
১১. শুবাচে বাংলা বানান ও ভাষাবিষয়ক যযাতি অগ্রাধিকার পেয়ে থাকে। প্রশ্নের চেয়ে উত্তর-জ্ঞাপক বা তথ্যপূর্ণ কিংবা ব্যাখ্যামূলক যযাতিকে অগ্রাধিকার দেওয়া হয়।
১২. বাংলা একাডেমি নিয়ে যৌক্তিক ও তথ্যবহুল লেখা প্রকাশ করা হয়, কিন্তু সমালোচনার নামে অহেতুক নিন্দা গ্রহণযোগ্য নয়।
১৩. যযাতি অনুমোদনের জন্য আপনাকে কিছুই করতে হবে না। প্রকাশের যোগ্য বিবেচিত হলে অনুমোদন পেয়ে যাবে।
১৪. আপনার যযাতি বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশিত হবে। একটা কথা মনে রাখবেন, শুবাচে প্রকাশিত হওয়ার জন্য বিবেচিত না-হওয়া মানে অযোগ্য হওয়া নয়; আপনার লেখা অযোগ্য, এমন কখনো নয়। এটি সম্পূর্ণ শুবাচগোষ্ঠীর বিবেচনা। আমাদের কাছে বিবেচিত হয়নি, আপনার এমন লেখা অন্য কোথাও শ্রেষ্ঠ বিবেচিত হতে পারে।
তবে মনে রাখবেন, শুবাচ আপনার গুরুত্বপূর্ণ লেখার অপেক্ষায় অপেক্ষমাণ। তাই দেরি নয়, আজই লিখুন।