01/12/2025
"সেবা কর মুক্ত মনে, শান্তি দাও সর্বজনে।"
"বিজ্ঞানে নয় ভয়, চর্চায় হবে জয়।"
মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায়
চুনারঘাট উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত বিজ্ঞান শিক্ষক ও বিজ্ঞান ক্লাব পরিচালকদের নিয়ে সেবা কর্তৃক দুই দিনের “শিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা” সফলভাবে সম্পন্ন হয়েছে।
সেবা কর্তৃক বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)’র সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করা হয় চুনারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে।
সেবা ২০১৮ সালের অক্টোবর মাস থেকে চুনারঘাট উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব গঠন করে নিয়মিতভাবে বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ক্লাব পরিচালকদের দক্ষতা বৃদ্ধি, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি দূর করা এবং বিদ্যালয়ে বিজ্ঞানকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাওছার শোকরানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চুনারঘাট, হবিগঞ্জ; জনাব ডা. মোহাম্মদ আব্দুল মুছাব্বির, প্রতিষ্ঠাতা পরামর্শক, সেবা; এবং জনাব মোছা. তানজিনা খানম, নির্বাহী পরিচালক, সেবা।
দুই দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ হিসেবে ছিলেন জনাব রেজাউল করিম, ল্যাব সহকারী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর; এবং বিজ্ঞান উপকরণ বিশেষজ্ঞ মি. সঞ্জীব বর্মণ।
পরিচালনায় ছিলেন মোঃ খালিদ হাসান, প্রজেক্ট কো-অর্ডিনেটর, সেবা।
প্রশিক্ষকদের প্রাণবন্ত উপস্থাপনা, হাতে-কলমে পরীক্ষণ পদ্ধতি এবং বাস্তব ভিত্তিক বিজ্ঞান শিক্ষার কৌশল প্রশিক্ষণার্থীদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।
প্রথম দিনের সেশনগুলোতে আলোচনা করা হয় বিজ্ঞান ক্লাবের উদ্দেশ্য, কার্যক্রম, পরিকল্পনা, বিজ্ঞান ল্যাব ব্যবস্থাপনা, উপকরণ সংরক্ষণ ও ব্যবহার, বিজ্ঞানের বিস্ময় ও জ্ঞানভিত্তিক আলোচনা, নমুনা বিশ্লেষণ এবং স্বল্প ব্যয়ে লো-কস্ট বিজ্ঞান উপকরণ তৈরির কৌশল। শিক্ষকরা নিজেরা উপকরণ তৈরি করে দেখেন এবং কীভাবে ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে এসব ব্যবহার করবেন সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
দ্বিতীয় দিনের সেশনে করা হয় পূর্ব দিনের আলোচনার পর্যালোচনা, উন্নত বিজ্ঞান পরীক্ষণ ও বিশ্লেষণ, পরীক্ষণের ফলাফল মূল্যায়ন, অংশগ্রহণমূলক শিক্ষণ পদ্ধতি, ক্লাব পরিচালনার উন্নত কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান কার্যক্রমকে আরও গতিশীল করার উপায়। শিক্ষকরা লো-কস্ট ও স্থানীয়ভাবে পাওয়া উপকরণ ব্যবহার করে নানা ধরনের পরীক্ষণ তৈরি করেন যা তাঁদের বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকর করবে।
অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, দুই দিনের এই প্রশিক্ষণ তাঁদের ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বাড়িয়েছে। বিজ্ঞানভীতি দূর করার উপায়, বাস্তব ভিত্তিক পাঠদান, ল্যাব ব্যবস্থাপনা, ক্লাব পরিচালনা, উপকরণ তৈরি এবং শিক্ষার্থীদের উৎসাহী করার পদ্ধতি সম্পর্কে নতুন অনেক কিছু শিখতে পেরেছেন। সেবা’র উদ্যোগ এবং বিএফএফ-এর সহযোগিতায় যে প্রশিক্ষণ পেয়েছেন তা মাঠ পর্যায়ে সত্যিকার অর্থেই পরিবর্তন আনবে বলে মন্তব্য করেন।