23/08/2026
রহমাতুল্লিল আলামিন, সারওয়ারে কায়েনাত হুযূর ﷺ তাবুক অভিযান থেকে মদিনাতুল মুনাওয়ারায় প্রত্যাবর্তন করার পর, তাঁর চাচা হযরত সাইয়্যিদুনা আব্বাস (রা) আরজু করলেন—
“ইয়া রাসূলাল্লাহ ﷺ! হে আল্লাহর রাসূল ﷺ! আমি আপনার প্রশংসা করতে চাই।”
অতঃপর তিনি হুযূর ﷺ-এর শানে প্রশংসামূলক কবিতা আবৃত্তি করার অনুমতি প্রার্থনা করলেন।
হুযূরপুরনূর ﷺ ইরশাদ করলেন—
“আবৃত্তি করুন, আর আল্লাহ আপনার চেহারা উজ্জল রাখুন।”
অতঃপর হযরত সাইয়্যিদুনা আব্বাস (রা) মসজিদের ভিতরে প্রিয় নবীজি ﷺ-এর সম্মুখে এবং তাবুক অভিযানে অংশগ্রহণকারী প্রায় ৩০,০০০ সাহাবায়ে কিরাম (রা)-এর উপস্থিতিতে হুযূর ﷺ-এর শানে প্রশংসামূলক নাত-এ-পাক আবৃত্তি করতে শুরু করেন।
হযরত সাইয়্যিদুনা আব্বাস (রা) নাত-এ-পাকে সাইয়্যিদুল আম্বিয়া, হযরত মুহাম্মাদ মুস্তফা ﷺ-এর পূর্ববর্তী নবীগণের পবিত্র বংশধারার মধ্য দিয়ে আগমনের কথা উল্লেখ করেন। অতঃপর অত্যন্ত শান-শওকতের সঙ্গে হুযূর ﷺ-এর মিলাদ (জন্মবৃত্তান্ত) তুলে ধরেন এবং পূর্ববর্তী নবীগণের প্রতি তাঁর ﷺ রহমত ও মেহেরবানির কথাও বর্ণনা করেন।
হযরত আব্বাস (রা) আবৃত্তি করতে শুরু করেন—
“আপনি তখনও পবিত্র ছিলেন, যখন আপনি ছায়াময় আশ্রয়ে অবস্থান করছিলেন; এমনকি যখন আদম ও হাওয়া (আ) নিজেদেরকে পাতা দ্বারা আচ্ছাদিত করেছিলেন, তখনও আপনি পবিত্র ছিলেন। অতঃপর আপনি যথাসময়ে ধরাধামে আগমন করলেন।”
একপর্যায়ে সারকারে কায়েনাত ﷺ-এর মিলাদ (জন্মদিন) নিয়ে বলেন—
“এবং যখন আপনি জন্মগ্রহণ করলেন (وَأَنْتَ لَمَّا وُلِدْتَ), তখন গোটা পৃথিবী উজ্জ্বল হয়ে উঠল এবং আপনার নূরের আলোতে দিগন্ত উদ্ভাসিত হয়ে গেল।”
হযরত সাইয়্যিদুনা আব্বাস (রা)হুযূর ﷺ-এর সম্মুখে দাঁড়িয়ে ৩০,০০০ সাহাবার উপস্থিতিতে শান-শওকতের সঙ্গে তাঁর মিলাদ বর্ণনা করলেন, তাঁর নূরের প্রশংসা করলেন এবং তাঁর আগমনে পৃথিবী আলোকিত হওয়ার কথা ঘোষণা করলেন।
সুবহানাল্লাহ!
তথ্য সূত্র:
• ইমাম হাকিম — আল-মুস্তাদরাক ‘আলাস-সহিহাইন
• ইমাম তাবারানী — আল-মু‘জামুল কাবীর
• ইমাম বায়হাকী — দালায়িলুন নুবুওয়াহ
• ইমাম আবু নু‘আইম — হিলইয়াতুল আউলিয়া
• ইমাম হাইসামী — মাজমাউয যাওয়ায়িদ
• হাফেজ ইবনে হাজার আসকালানী — আল-ইসাবাহ ফী তাময়ীযিস সাহাবাহ
• হাফেজ ইবনে কাসীর — আল-বিদায়া ওয়ান নিহায়া
• ইমাম জালালুদ্দীন সুয়ূতী — আল-খাসায়েসুল কুবরা
• কাজী ইয়াজ — আশ-শিফা বি-তা‘রীফি হুকূকিল মুস্তফা ﷺ
সংকলন ও সম্পাদনা: Gulshan-e-Chishty