12/05/2026
স্মৃতিধন্য জামিয়া জিরির পুণ্যভূমিতে আজ পদার্পন করেছে একটি নুরানী কাফেলা । দাওয়াত ও তাবলীগের মুখলিস রাহবার, দ্বীনের নিরলস কান্ডারি এবং আলমী শুরার অন্যতম যিম্মাদার—হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব (দা.বা.) সহ জামাতের একনিষ্ঠ মুরুব্বীগণ আজ আমাদের এই ইলমী কাননে তশরীফ এনেছেন।
বর্তমানে জামিয়ার মসজিদ মিলনায়তনে মুরুব্বীগণ তালিবে ইলমদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঈমানদীপ্ত নসীহত পেশ করছেন।
আল্লাহ রাব্বুল আলামিন মুরুব্বীদের এই মহিমান্বিত সফরকে কবুল করুন। তাঁদের প্রতিটি নসীহতকে আমাদের জীবন পাথেয় হিসেবে কবুল করে উম্মাহর খিদমতে কবুল করে নিন। আমীন।
30/03/2026
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম, প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আবু তাহের কাসেমী নদভী (রহ.) আজ মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।
প্রায় এক মাস ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর আজ হঠাৎ অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
হযরতের ইন্তেকালে আমরা ❝জামিয়া জিরি❞ পরিবার গভীরভাবে সমবেত। জামিয়ার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব সাহেব গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন। তিনি বলেন,
জামিয়ার ক্রান্তিলগ্নে তিনি যে বলিষ্ঠ ও অভিভাবকসুলভ ভূমিকা পালন করেছেন, তা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। একজন মুখলিস আলেমে দ্বীন এবং তাহাজ্জুদগুজার বুজুর্গ হিসেবে তাঁর জীবন আমাদের জন্য অনুকরণীয়।
আল্লাহ তাআলা মরহুমের সমস্ত দ্বীনি খেদমত কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের সবর করার তাওফীক দান করুন। আমীন।
28/03/2026
ইলমে দ্বীনের উচ্চতর শিক্ষা তথা দাওরায়ে হাদীস বা তাকমীল স্তরে ভর্তি হওয়া যেকোনো তালিবুল ইলমের জন্য একটি স্বপ্ন। আর এই স্বপ্নের পূর্ণতা পেতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী 'জামিয়া জিরি' হতে পারে আপনার শ্রেষ্ঠ গন্তব্য। কারণ, জামিয়া জিরির দাওরায়ে হাদীস জামাতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর অপ্রতিদ্বন্দ্বী সনদের মান ও গভীর ইলমি ঐতিহ্য।
ইলমে হাদীসের পরিভাষায় যাকে 'আ'লা সনদ' বলা হয়, তার দিক থেকে এই প্রতিষ্ঠানটি বর্তমানে এক অনন্য উচ্চতায় আসীন। উলুমুল হাদীসের সর্বজনস্বীকৃত নিয়ম অনুসারে, বর্ণনাকারী থেকে স্বয়ং রাসূলুল্লাহ ﷺ পর্যন্ত মধ্যবর্তী মাধ্যম বা উস্তাদদের সংখ্যা যত কম হয়, সেই সনদ তত বেশি শ্রেষ্ঠ ও উচ্চমানের বলে গণ্য হয়।
জামিয়া জিরিতে যারা সিহাহ সিত্তার দরস প্রদান করেন, তাঁরা প্রত্যেকেই এই উচ্চমানের সনদের অধিকারী। বিশেষভাবে উল্লেখ্য জামিয়ার শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ মুসা (হাফিজাহুল্লাহ)-এর কথা। তাঁর বুখারী শরীফের সনদটি বর্তমান বিশ্বের অন্যতম 'আলা' বা উচ্চতর সনদ হিসেবে স্বীকৃত। তিনি সরাসরি বুখারী শরীফের দরস গ্রহণ করেছেন বরেণ্য আলেম আল্লামা সালেহ আহমদ (রাহ.)-এর কাছ থেকে। আর আল্লামা সালেহ আহমদ (রাহ.) ছিলেন উপমহাদেশের ইলমি জগতের সম্রাট, শায়খুল ইসলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরী (রাহ.)-এর সরাসরি ও সুযোগ্য ছাত্র!
ভাবুন তো, মাত্র দুইজন বা তিনজন মহান মনীষীর মাধ্যমেই আপনি সরাসরি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা কাশ্মীরী (রাহ.)-এর ছাত্রত্ব এবং তাঁর মাধ্যমে রাসূলুল্লাহ সা. পর্যন্ত অবিচ্ছিন্ন এক স্বর্ণালি শিকলে নিজেকে যুক্ত করার বিরল সৌভাগ্য লাভ করছেন। বর্তমান সময়ে এমন সংক্ষিপ্ত ও শক্তিশালী সনদের সান্নিধ্য পাওয়া একজন তালিবুল ইলমের জন্য বড়ই নিয়ামত এবং আত্মিক প্রশান্তির বিষয়।
এছাড়া জামিয়া জিরি দেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি 'আল-হাইআতুল উলয়া'-এর অন্তর্ভুক্ত হওয়ায় এখান থেকে প্রাপ্ত সনদটি সরকারিভাবে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও অ্যারাবিক) সমমানের স্বীকৃতিপ্রাপ্ত। অভিজ্ঞ ও মুখলিস মুহাদ্দিসগণের সরাসরি তত্ত্বাবধান, গভীর তাত্ত্বিক আলোচনা এবং আধ্যাত্মিক পরিবেশে একজন শিক্ষার্থী মুহাক্কিক আলেম হওয়ার পাশাপাশি একজন যোগ্য ইসলামিক স্কলার ও গবেষক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।
তাই বিশুদ্ধ হাদীসের আমানত ও উচ্চতর ইলমি সংযোগ অর্জনের জন্য জামিয়া জিরি-র দাওরায়ে হাদীস জামাত আপনার জীবনের শ্রেষ্ঠ চয়েস হতে পারে।
26/03/2026
আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি (জিরি মাদ্রাসা)-এর
ভর্তির তারিখসংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা
______________________________________________________
বিসমিল্লাহির রাহমানির রাহীম
শিক্ষার অনুপম আলোয় আলোকিত হতে ইচ্ছুক সকল জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,
আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির ১৪৪৭-১৪৪৮ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আসন্ন ৮ই শাওয়াল ১৪৪৭ হিজরী / ২৮ই মার্চ ২০২৬ ইংরেজি (শনিবার) থেকে শুরু হবে, ইনশাআল্লাহ।
জামিয়ার সকল বিভাগে ভর্তি কার্যক্রম যথারীতি চলবে।
তাই, জামিয়ায় ভর্তি হতে আগ্রহী সকল শিক্ষার্থীদের সময়মতো ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আহ্বান রইলো।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে আনীতব্য কাগজপত্র:
নতুন শিক্ষার্থীদের জন্য:
১. পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদানকৃত প্রত্যয়নপত্র।
২. বোর্ড পরিক্ষায় (মারকাযি) উত্তীর্ণদের জন্য মার্কশীট।
৩. গায়রে মারকাযী শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
৪. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও সদ্য তোলা ছবি।
পুরাতন শিক্ষার্থীদের জন্য:
১. বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
২. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও সদ্য তোলা ছবি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দ্বীনি শিক্ষার পথে দৃঢ় পদক্ষেপে চলার তাওফীক দান করুন।
জামিয়া জিরি আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত।
বিনীত
শিক্ষা পরিচালনা বিভাগ
আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি
11/01/2026
আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি-র সম্মানিত মুহাদ্দিস এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা, ড. আ ফ ম খালেদ হোসাইন (দা. বা.) বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামিয়া প্রধানের অনুরোধক্রমে সকল ছাত্র ও শিক্ষকবৃন্দ পরম করুণাময় আল্লাহর দরবারে তাঁর পূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য বিশেষ দোয়ার আয়োজন করেছেন।
মুহতারাম উপদেষ্টার দ্রুত আরোগ্যের জন্য বিশেষভাবে দোয়ার আরজি পেশ করছি, আল্লাহ যেন তাঁকে দ্রুত শেফা দান করেন এবং পুনরায় দ্বীনি ও রাষ্ট্রীয় খিদমতে নিয়োজিত হওয়ার তাওফিক দান করেন।
08/01/2026
ইনশাআল্লাহ, আগামীকাল শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ ইংরেজিতে আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি সমাপনী বর্ষের শিক্ষার্থীদের ইলমি সাধনার পূর্ণতা উপলক্ষে পবিত্র খতমে বুখারী শরীফ ও ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই মহিমান্বিত অনুষ্ঠানে সমাপনী দরস পেশ করবেন জামিয়ার সুযোগ্য শাইখুল হাদীস, সুদীর্ঘ ইলমি সাধনায় পরিপক্ব বরেণ্য আলেমে দ্বীন আল্লামা মুসা সন্দ্বীপী হাফিজাহুল্লাহ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে মাহফিলে ভিন্ন মাত্রা যোগ করবেন পাকিস্তানের খ্যাতিমান ইসলামিক স্কলার ও হাফিজুল হাদীস ❝মুফতী মঞ্জুর মেঙ্গল❞ সাহেব হাফিজাহুল্লাহ।
ইলমের সৌরভ, তাকওয়ার দীপ্তি ও হৃদয়ের পরিশুদ্ধতার আহ্বানে সমৃদ্ধ এই বরকতময় আয়োজনে আপনাদের সকলের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি।
06/01/2026
বার্ষিক পরীক্ষার বিজ্ঞপ্তি
আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি, চট্টগ্রাম, বাংলাদেশ-এর শিক্ষা অধিদপ্তর কতৃক সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, ইনশাআল্লাহ আগামী শা‘বান মাসে ১৪৪৬–১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ৫ই শা‘বান ১৪৪৭ হিজরি, মোতাবেক ২৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি, রোববার আরম্ভ হয়ে ১৪ই শা‘বান, মোতাবেক ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, মঙ্গলবার সমাপ্ত হবে।
সকল পরীক্ষার্থীর প্রতি নির্ধারিত পাঠ্যসূচি নিয়মিত অধ্যয়ন ও গভীর মনোযোগের সঙ্গে পুনরালোচনায় আত্মনিয়োগ করতে নির্দেশনা দেওয়া হচ্ছে।
অধ্যবসায়ই জ্ঞানে অগ্রগতি ও সাফল্যের মূল ভিত্তি, আর অবহেলা ব্যর্থতা ও বঞ্চনার কারণ।
উল্লেখ্য, পরীক্ষাই মানুষের মর্যাদা উজ্জ্বল করে অথবা কৃত অবহেলার মূল্য চুকিয়ে দেয়।
বিশেষ নির্দেশনা:
প্রত্যেক পরীক্ষার্থীর জন্য নির্ধারিত পরীক্ষা ফি ও সংশ্লিষ্ট যাবতীয় বকেয়া নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীল শিক্ষকদের নিকট জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবে। সকলের সর্বাঙ্গীন সহযোগিতা একান্তভাবে কাম্য।
30/12/2025
শোকবার্তা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে জাতি এক অভিজ্ঞ ও দৃঢ়চেতা নেতৃত্বকে হারাল। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।
এই শোকাবহ মুহূর্তে জামিয়া জিরি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
জামিয়া জিরির সম্মানিত মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব সাহেব শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন আপসহীন নেত্রী। জাতীয় স্বার্থে তাঁর দৃঢ় অবস্থান এবং রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ইসলাম ও মুসলমানদের স্বার্থ রক্ষায়ও তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর শাসনামলে ধর্মীয় মূল্যবোধ, ইসলামি শিক্ষা এবং আলেম-উলামাদের মর্যাদা সংরক্ষিত ছিল। কওমি ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি তাঁর সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি ধর্মীয় স্বাধীনতা ও মুসলমানদের ন্যায্য অধিকার রক্ষায় সহায়ক ভূমিকা পালন করেছে।
মহান আল্লাহ তাআলা মরহুমাকে নিজ রহমতে আচ্ছাদিত করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন, আমিন।