12/04/2026
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
স্মৃতির পাতায় জমা হলো চমৎকার কিছু বছর। ক্লাসরুমের সেই চেনা বেঞ্চ, টিফিনের আড্ডা, আর শিক্ষকদের স্নেহমাখা শাসন, সবকিছুকে পেছনে ফেলে জীবনের এক নতুন অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা।
অত্যন্ত ভাবগাম্ভীর্য এবং আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে কাফকো স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের "বিদায় ও দোয়া অনুষ্ঠান"। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা এবং আসন্ন পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের লক্ষ্যে বিশেষ দোয়া ও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছেন সম্মানিত অতিথিবৃন্দ। প্রধান অতিথি জনাব মো. আবদুল্লাহ ফারুক, সিওও, কাফকো এবং চেয়ারম্যান গভর্নিং বডি, কাফকো স্কুল এন্ড কলেজ, তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক এবং প্রযুক্তিগত শিক্ষায় দীক্ষিত হয়ে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি জনাব এস এম আলমগীর রহমান
জি এম এডমিন, কাফকো, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জনের পরামর্শ দেন।
অনুষ্টানের সভাপতি জনাব তুহিন কুমার তালুকদার, উপাধ্যক্ষ, কাফকো স্কুল এন্ড কলেজ, তাঁর সমাপনী বক্তব্যে বিদায়ী ব্যাচের সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও পরীক্ষা পাসের চূড়ান্ত সাফল্য কামনা করেন।
প্রিয় এসএসসি ২০২৬ ব্যাচ,
বিদায় শব্দটা কষ্টের হলেও এটি আসলে নতুন এক শুরুর বার্তা। কাফকো স্কুল এন্ড কলেজের আঙিনায় তোমাদের যে পথচলা ছিল, তা আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। আমরা বিশ্বাস করি, তোমরা তোমাদের মেধা, সততা ও পরিশ্রম দিয়ে শুধু এই প্রতিষ্ঠানের নয়, বরং পুরো দেশের নাম উজ্জ্বল করবে।
সামনে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা—এসএসসি। ভয় কিংবা সংশয় দূরে ঠেলে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও। তোমাদের প্রত্যেকের জন্য রইল আমাদের প্রাণঢালা অভিনন্দন, ভালোবাসা এবং অফুরন্ত শুভকামনা।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের সব সৎ ইচ্ছা পূরণ করুন এবং আসন্ন পরীক্ষায় গৌরবময় সাফল্য দান করুন।