21/05/2026
গত ২০/৫/২০২৬ খ্রি. গণিত বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান চলাকালীন সময়ে ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের দুইজন শিক্ষার্থী (লিমন এবং রাহাত) অনুমতি ছাড়া অনুষ্ঠানস্থলে প্রবেশ করে গণিত বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মানসিকভাবে হয়রানি করে। এসময় গণিত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদেরকে বাধা প্রদান করলে তারা সাময়িকভাবে স্থান ত্যাগ করে।
কিন্তু অত্যন্ত দুঃখ ও উদ্বেগের বিষয় হলো, কিছুক্ষণ পর তারা পুনরায় এসে উক্ত ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। পরবর্তীতে শিক্ষকবৃন্দ তাদেরকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিলে তারা কলেজ গেটে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে গণিত বিভাগের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ পর্যায়ে তারা গণিত বিভাগের টি-শার্ট পরিহিত শিক্ষার্থীদের খুঁজে খুঁজে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করে, যার ফলে গণিত বিভাগের ৭ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনার পর ক্যাম্পাসে চরম আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এই ন্যাক্কারজনক ঘটনার পর উক্ত ছাত্রী ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিবার থেকে তাকে কলেজে পাঠানো নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে। একইসাথে গণিত বিভাগের শিক্ষার্থীরাও নিজেদের ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাসে এনে হামলার মাধ্যমে অভিযুক্তরা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করেনি, বরং কলেজ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বহিরাগতদের সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরির আশঙ্কাও সৃষ্টি করেছে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সন্ত্রাসী আচরণ, ছাত্রী উত্ত্যক্ত এবং বহিরাগতদের মাধ্যমে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তাই আমরা সাধারণ
শিক্ষার্থীবৃন্দ নিম্নোক্ত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি—
১। অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করতে হবে।
২। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করতে হবে।
৩। ভুক্তভোগী ছাত্রী ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।