20/06/2026
চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগের লক্ষ্যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গত ১৯ জুন ২০২৬ তারিখে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান ও আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক, আবাসিক শিক্ষক এবং জুনিয়র শিক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে কম্পিউটার অপারেটর পদে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা শেষে তাৎক্ষণিকভাবে উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রম শুরু হয়।
বিকেল ৪টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরবর্তীতে মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের বিষয়ভিত্তিক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়, যা রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলে।
মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য বিষয় বিশেষজ্ঞদের সমন্বয়ে তিনটি পৃথক বোর্ড গঠন করা হয়। একটি বোর্ডে অধ্যক্ষ, একাডেমিক কমিটির আহ্বায়ক এবং উপ-সদস্য (প্রশাসন) দায়িত্ব পালন করেন। দ্বিতীয় বোর্ডে ছিলেন সদস্য (প্রশাসন), প্রফেসর সাইফুল ইসলাম চৌধুরী এবং ড. শাহাদাত হোসেন। তৃতীয় বোর্ডে দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল, অতিথি শিক্ষক জনাব মোহাম্মদ সলিমুল্লাহ এবং প্রধান শিক্ষক।
লিখিত ও মৌখিক পরীক্ষায় মেধার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের জন্য আগামী ২২ জুন ২০২৬, সোমবার ডেমো ক্লাস অনুষ্ঠিত হবে। ডেমো ক্লাসে প্রার্থীদের পাঠদান দক্ষতা, শ্রেণি পরিচালনা সক্ষমতা এবং উপস্থাপনা কৌশল মূল্যায়ন করা হবে।
অধ্যক্ষ মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার জন্য তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান যোগ্য, দক্ষ ও মেধাবী শিক্ষক-কর্মচারী নির্বাচন করতে সক্ষম হবে, যা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।