08/05/2026
অনলাইনে সাময়িক সনদের আবেদন পদ্ধতি:
ধাপ ১: প্রাথমিক তথ্য প্রদান
✅ প্রথমে আপনার পরীক্ষার সন (হিজরী সন) নির্বাচন করুন।
✅ আপনার রোল নম্বর প্রদান করে “অনুসন্ধান” বাটনে ক্লিক করুন।
✅ আপনার তথ্যাবলি সংবলিত একটি আবেদন ফরম প্রদর্শিত হবে। ফরমের উপরের অংশে থাকা আপনার ব্যক্তিগত তথ্যগুলো ভালোভাবে যাচাই করে নিন।
ধাপ ২: ব্যক্তিগত তথ্য পূরণ
✅ ১৪৩৮ হতে ১৪৪২ হিজরীর পরীক্ষার্থীদের জন্য: জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মসনদ অনুযায়ী নিজের নাম, পিতার নাম এবং মাতার নাম—এই তিনটি তথ্য বাংলা, ইংরেজি ও আরবি (তিন ভাষায়) হুবহু টাইপ করুন।
✅ বাকি প্রয়োজনীয় ঘরগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
ধাপ ৩: প্রয়োজনীয় কাগজপত্র আপলোড
আবেদনের সাথে নিচের ডকুমেন্টগুলোর স্ক্যান কপি বা স্পষ্ট ছবি আপলোড করতে হবে:
১. জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্মসনদ।
২. পরীক্ষার প্রবেশপত্র (Admit Card)।
৩. নিবন্ধনপত্র (Registration Card)।
বিশেষ দ্রষ্টব্য: যদি প্রবেশপত্র হারিয়ে যায়, তবে সংশ্লিষ্ট মাদরাসার প্যাডে মুহতামিম বা নাজেমে তা‘লীমাতের স্বাক্ষর ও সিলযুক্ত একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করে তার কপি আপলোড করতে হবে।
ধাপ ৪: ছবি আপলোড ও সাইজ নির্ধারণ
আবেদনকারীর ছবির ক্ষেত্রে নিচের শর্তগুলো মানতে হবে:
✅ পোশাক: পাঞ্জাবী ও টুপি পরিহিত ছবি হতে হবে।
✅ ব্যাকগ্রাউন্ড: ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা অথবা নীল হতে হবে।
✅ ডাইমেনশন: ৪৩৪px (প্রস্থ) × ৫৬০px (উচ্চতা)।
✅ ফাইল সাইজ: সর্বোচ্চ ১০০ কিলোবাইট (100 KB)।
ধাপ ৫: পেমেন্ট ও আবেদন সম্পন্নকরণ
✅ সব তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে দেওয়া হলে “পেমেন্টের জন্য এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
✅ নগদ (Nagad) অথবা ইসলামী ব্যাংকের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিন।
✅ পেমেন্ট সফল হলে একটি রসিদ আসবে; এটি প্রিন্ট করে যত্নসহকারে সংরক্ষণ করুন।
ধাপ ৬: সনদ সংগ্রহ ও ট্র্যাকিং
✅ সনদ বা নম্বরপত্র প্রস্তুত হয়ে গেলে আপনার মোবাইলে একটি SMS পাঠানো হবে।
✅ মেসেজ পাওয়ার পর সরাসরি অফিসে এসে আপনার সনদ সংগ্রহ করুন।
✅ আবেদনের বর্তমান অবস্থা জানতে ওয়েবসাইটের “আবেদনের স্ট্যাটাস দেখুন” অপশনে গিয়ে ট্র্যাকিং আইডি দিয়ে চেক করতে পারবেন।
অফিসের ঠিকানা:
৮০/ই, হাসিব টাওয়ার, বিবির বাগিচা ১নং গেট, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা -১২০৪
ফোন: +8809611-634734
অফিস টাইম:
শনিবার - বুধবার সকাল ৯.০০ - বিকেল ৫.০০ টা,
বৃহস্পতিবার সকাল ৯.০০ - দুপুর ১.০০ টা
06/05/2026
প্রেস রিলিজ
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আহূত সভায় যোগদান
১। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আহূত আজ বুধবার, ৬ মে ২০২৬ তারিখ অনুষ্ঠিত সভায় (ক) ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে এবং (খ) ‘ইবতেদায়ি ক্বারী’ পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় ‘দাওরায়ে হাদীস’কে অন্তর্ভুক্ত করা হয়। দেশের আলিয়া মাদরাসাগুলোতে কুরআন শিক্ষাদানের জন্য ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ ও ‘ইবতেদায়ি ক্বারী’ পদে ১৩ হাজারের বেশি সংখ্যক সহকারী মৌলভী’ ও ‘ইবতেদায়ি ক্বারী’ নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে বলে জানানো হয়। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ‘সহকারী মৌলভী’ পদের বেতন গ্রেড হবে ১০ এবং ‘ইবতেদায়ি ক্বারী’ পদের বেতন গ্রেড হবে ১৬।
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশে মুহতারাম কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডসমূহের প্রতিনিধিসহ ৭ জনের একটি দল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আহূত আজকের সভায় যোগদান করেন।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ‘সহকারী মৌলভী (মুজাব্বিদ/কারী)’ পদে এবং ‘ইবতেদায়ি ক্বারী’ পদে নিয়োগের জন্য আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর দাওরায়ে হাদীসের সনদ এবং আল-হাইআতুল উলয়ার অধীন ৬ বোর্ডের ‘ইলমে কেরাত’ বা ‘তাহফীজুল কুরআন’-এর সনদ নিয়োগ আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
২। সভায় সচিব মহোদয়ের পক্ষ হতে জানানো হয়, শীঘ্রই সারাদেশের স্কুল, আলিয়া মাদরাসা ও কওমি মাদরাসার ৮ থেকে ১৪ বছরের ছাত্র-ছাত্রীদের জন্য, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ হতে ‘নতুন কুঁড়ি জাতীয় ক্বিরাআত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন করা হবে। এ প্রতিযোগিতার শ্লোগান হবে ‘কুরআন পড়, জীবন গড়।’ জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিচারক হিসাবে অভিজ্ঞ হাফেজে কুরআন ও ক্বারী আলেমদেরকে অন্তর্ভুক্ত করা হবে।
৩। সভায় কওমি মাদরাসার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হলে বোর্ডসমূহের প্রতিনিধিগণের পক্ষে মাও্রলানা মাহফুজুল হক জানান, বোর্ডসমূহের পক্ষ হতে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং এ প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ প্রক্রিয়াধীন আছে।
৪। সভায় কোন কওমি মাদরাসা সম্পর্কে অভিযোগ উত্থাপিত হলে তা সমাধানের বোর্ড কর্তৃক কোন ব্যবস্থা আছে কিনা জানতে চাওয়া হলে আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডসমূহের প্রতিনিধিগণ জানান, বোর্ডসমূহের পক্ষ হতে থানা ও জেলা পর্যায়ে কমিটি আছে। কোন মাদরাসার ব্যাপারে অভিযোগ উত্থাপিত হলে বা পাওয়া গেলে তা তদন্ত করা হয় এবং তদন্ত রিপোর্ট অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভার পক্ষ হতে এ ব্যবস্থা আরো জোরালো করার আহ্বান জানানো হয়। মাদ্রাসা বা কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিডিয়া ট্রায়াল হলে কিংবা কোন আলেম বা মাদ্রাসা শত্রুতামূলক অপবাদের স্বীকার হলে এর শক্ত প্রতিবাদ ও আইনী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। এ জন্য স্যোশাল মিডিয়ায় কওমি আলেমদের ও বোর্ডসমূহের শক্ত অবস্থান গড়ে তোলার কথাও বলা হয়।
৫। সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষ হতে অনলাইনে MyGov প্ল্যাটফর্মে Apostille পদ্ধতিতে দাওরায়ে হাদীসের সনদ সত্যায়নের জন্য আবেদন জানানো হয়। এ বিষয়ে সরকারের আইসিটি মন্ত্রণালয়কে অনুরোধ পাঠানো হবে এবং শীঘ্রই তা বাস্তবায়িত হবে মর্মে সচিব মহোদয় আশ্বাস প্রদান করেন।
সভায় আল-হাইআতুল উলয়ার পক্ষে কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পক্ষ হতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ-এর পক্ষ হতে চেয়ারম্যান মাওলানা মুফতি রুহুল আমীন, আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশ-এর পক্ষে মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর পক্ষে সহকারী মহাসচিব মাওলানা মুফতি এনামুল হক, জাতীয় দীনী শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর পক্ষে মাওলানা মুফতি মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মুঃ অছিউর রহমান অংশগ্রহণ করেন।
বার্তা প্রেরক,
মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ
29/04/2026
বগুড়া জামিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কের দুপাশের গতিরোধক অপসারণ করায় চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন হাজারো শিক্ষার্থী।
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল- ইসলামিয়া কাসেমুল উলুম (জামিল মাদ্রাসা) সংলগ্ন প্রধান দুই ব্যস্ততম এই সড়কে নিয়মিত দ্রুতগতিতে যানবাহন চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
গতিরোধক অপসারণ করায় বর্তমানে হাজার হাজার শিক্ষার্থী চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। ব্যস্ততম এই সড়কে গতিরোধক না থাকায় বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে নিয়মিত, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবিলম্বে এই স্থানে পুনরায় বিজ্ঞানসম্মত গতিরোধক স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়তে থাকবে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
একটি দুর্ঘটনা মানে শুধু একটি প্রাণ হারানো নয়, একটি পরিবারের স্বপ্ন শেষ হয়ে যাওয়া। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পথচলা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি -
21/04/2026
দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনের জন্য শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে ১ বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ আবশ্যক
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৮ হিজরী/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের জন্য—
১| ৬ বোর্ডের যে কোন বোর্ড হতে সানাবিয়্যা উলইয়া সানিয়া (শরহে বেকায়া) জামাতে এবং ফযীলত সানিয়া (মেশকাত) জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|
ছাত্রীদের ক্ষেত্রে সানাবিয়্যা সানিয়া জামাতে এবং ফযীলত সানিয়া জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামলূক|
২| সানাবিয়্যা উলইয়া সানিয়া এবং ফযীলত সানিয়ার মাঝে মধ্যবর্তী জামাতের ধারাবাহিকতা বজায় থাকতে হবে অর্থাৎ শরহে বেকায়া ও মেশকাত জামাতের মাঝে কমপক্ষে ১ বছর (হেদায়া ও জালালাইন জামাতের) পাঠগ্রহণ থাকতে হবে|
চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে,
--মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ
17/04/2026
আপনার মাদ্রাসায় মিজান ও নাহবেমির জামাত তানযীম বোর্ডের নিসাব অনুযায়ী পড়ান।
14/04/2026
যারা এবছর তানযীম বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাঁরা এই নিসাব অনুযায়ী পড়ান।
04/04/2026
_ সবক শুরুর ই'লান
আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম (জামিল মাদরাসা) বগুড়া, বাংলাদেশ
শিক্ষাবর্ষ-১৪৪৭-৪৮ হিজরী
আগামী ১৭ই শাওয়াল রোজ সোমবার
সকাল ৯.০০টা থেকে কিতাব বিভাগের সকল জামায়াতের সবক শুরু হবে ইনশাআল্লাহ।
মুফতি আরশাদ রহমানী দাঃ বাঃ
মুহতামিম
আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম (জামিল মাদরাসা) বগুড়া।
02/04/2026
প্রতারক থেকে সাবধান ❌!!!
প্রতারক: আব্দুস সবুর
মোবাইল নম্বর: 01865-314677
তবে যে কোন নামে, যে কোন নম্বর থেকে আপনাকে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। অতএব সাবধান।
31/03/2026
প্রতারক থেকে সাবধান ❌!!!
তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর নামে অনুদানের প্রলোভন দেখিয়ে একদল ডিজিটাল প্রতারক বিভিন্ন উপায়ে উলামায়ে কেরামের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রতারক থেকে আমরা সকলে সচেতন/সাবধান হই। আমাদের সব সময় মনে রাখতে হবে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুদান দিলে কখনই এক পয়সাও এর বিনিময় চাইবে না। যখনই দাতা পক্ষ যে কোনো উপায়ে আপনার থেকে টাকা চাইবে, বুঝতে হবে প্রতারক আপনাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহপাক আমাদেরকে সব ধরনের প্রতারনা ও ধোঁকাবাজী থেকে হেফাজত করেন। আমীন।
31/03/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম, প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি আবু তাহের কাসেমী নদভী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বোর্ডের চেয়ারম্যান, পটিয়া মাদ্রাসার শুরা সদস্য এবং ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ (বসুন্ধরা) ও বগুড়া জামিল মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস, আল্লামা মুফতি আরশাদ রহমানি হাফিজাহুল্লাহ।
তিনি এক শোকবার্তায় বলেন, “মরহুম মুফতি আবু তাহের কাসেমী নদভী (রহ.)-এর ইন্তেকাল উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন ইলম ও আমলের এক উজ্জ্বল দৃষ্টান্ত, একজন দূরদর্শী মুহতামিম এবং দ্বীনের নিবেদিতপ্রাণ খাদেম। তাঁর ইলমী খেদমত, তাদরীস ও তাযকিয়ার ময়দানে নিরলস পরিশ্রম এবং প্রতিষ্ঠানের উন্নয়নে অসামান্য অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “তাঁর ইন্তেকালে আমরা একজন স্নেহশীল অভিভাবক, প্রজ্ঞাবান রাহনুমা ও উম্মাহর এক বিশ্বস্ত খাদেমকে হারালাম। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
শেষে তিনি মরহুমের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিক্ষক ও শুভানুধ্যায়ীদের জন্য সবরে জামীল প্রার্থনা করেন। আমীন।