26/04/2026
আজ আমাদের প্রিয় কলেজে, জনাব শহীদ আবুল কাশেম-এর ৩১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমাদের সবার প্রিয় অধ্যক্ষ, জনাব এস এম আরিফুল ইসলাম। পুরো আয়োজনের পরিবেশটা ছিল এক অন্যরকম অনুভূতিতে ভরা… শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতার এক গভীর আবেশ ছড়িয়ে ছিল চারদিকে। বক্তাদের কথায় বারবার ফিরে এসেছে তাঁর ত্যাগ, আদর্শ আর আমাদের প্রতি রেখে যাওয়া দায়িত্বের কথা। মনে হচ্ছিল, আমরা শুধু একটি অনুষ্ঠান করছি না; আমরা আমাদের ইতিহাস, আমাদের শিকড়, আর আমাদের প্রেরণাকে নতুন করে অনুভব করছি।
আলোচনা অনুষ্ঠানটি আরও বেশি হৃদয়স্পর্শী হয়ে উঠেছিল এতিম বাচ্চাদের উপস্থিতিতে… তাদের নিষ্পাপ মুখগুলো যেন আমাদের দায়িত্ব আর মানবিকতার কথা নতুন করে মনে করিয়ে দিল।
হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেবের আলোচনা ছিল সত্যিই বাস্তবধর্মী ও গভীর অর্থবহ। তিনি এমনভাবে কথা বলছিলেন, যা সরাসরি হৃদয়ে গিয়ে লাগছিল। আমাদের এই দুনিয়ার জীবন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরকালের নেকি অর্জনের বিষয়টিও কতটা জরুরি; সেটা তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রতিটি কথায় ছিল শিক্ষা, ছিল নিজেকে নতুন করে গড়ার আহ্বান।
দোয়ার মুহূর্তে সবাই যখন একসাথে হাত তুলেছিল, তখন মনে হচ্ছিল, এই একাত্মতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আল্লাহ যেন শহীদ আবুল কাশেমকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আমাদের সবাইকে তাঁর দেখানো পথে চলার তৌফিক দেন। আমিন।