28/06/2026
অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ: এক অনন্য ও ঐতিহাসিক যাত্রার সূচনা
পাতারহাট মুসলিম মডেল হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গৌরবময় যাত্রার শুরুতেই যে অনন্য, সাহসী ও দৃষ্টান্তমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা বাংলাদেশের যেকোনো অরাজনৈতিক বা প্রাক্তন শিক্ষার্থীভিত্তিক সংগঠনের ইতিহাসে নিঃসন্দেহে একটি বিরল অধ্যায়। যেখানে প্রতিষ্ঠিত ও পুরোনো বহু সংগঠনও নির্বাচনের ঝুঁকি নিতে দ্বিধাবোধ করে, সেখানে সদ্য যাত্রা শুরু করা একটি সংগঠনের প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনে পূর্ণাঙ্গ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা সত্যিই এক ঐতিহাসিক নজির।
এই অসাধ্য সাধনের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম, দূরদর্শিতা, আন্তরিকতা ও নিরপেক্ষতা জড়িয়ে আছে, সেই প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক পরিষদ এবং নির্বাচন পরিচালনা পরিষদকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ। একই সঙ্গে সংগঠনের প্রতিটি স্তরে সকলের মতামতকে সর্বোচ্চ মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষ করে, পাতারহাট মুসলিম হাই স্কুলের ঐতিহ্যবাহী ‘ডিউটি ফান্ড’ এবং ‘ম্যাগাজিন কমিটি’ গঠনের ক্ষেত্রে যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সব শ্রেণির প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হতো, আমাদের প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠনেও সেই চেতনা ও প্রক্রিয়ার প্রতিফলন ঘটেছে—যা সত্যিই প্রশংসার দাবিদার। এর মাধ্যমে যেমন প্রতিটি প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, তেমনি নিশ্চিত হয়েছে সুষম ও মর্যাদাপূর্ণ প্রতিনিধিত্ব।
আসুন, এই সুদৃঢ় ও গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা সবাই মিলে আরও একবার দৃষ্টান্ত স্থাপন করি। আমাদের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং প্রিয় প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসাই এই সংগঠনকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়।
আসুন, সবাই মিলে আবারও প্রমাণ করি—
“East or West, Muslim High School is the Best.”