22/05/2026
চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুবিনকে ঘিরে বাড়ছে আলোচনা
নিউজ ডেক্সঃ আসন্ন পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন।
উন্নয়ন, জনসেবা ও একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করেছেন।
সকালের প্রথম আলো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনপদে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন তিনি। খোঁজ নিচ্ছেন সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা। তার এই আন্তরিকতা ও মানবিক আচরণ ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন পর একজন শিক্ষিত, ভদ্র ও তরুণ নেতৃত্বকে ঘিরে নতুন আশার আলো দেখতে শুরু করেছেন তারা। বিশেষ করে যুবসমাজের মাঝে অ্যাডভোকেট মুবিনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নের বার্তা ও পরিবর্তনের প্রত্যয় নিয়ে তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বলেও মন্তব্য করেন অনেকে।
অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “পোনাবালিয়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য। আমি মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে তাদের পাশে থাকতে চাই।”
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব, সামাজিক সম্পৃক্ততা এবং উন্নয়নমুখী পরিকল্পনার কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন।
14/03/2026
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন, তৃণমূলে আনন্দ
কীর্তনখোলা নদীতীরের নগরী বরিশাল–এর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বরিশাল সিটি কর্পোরেশন–এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। শনিবার সরকার এক প্রজ্ঞাপন জারি করে তাকে এ দায়িত্ব প্রদান করে।
জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে স্থানীয় বিএনপির একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে সক্রিয় নেত্রী হিসেবে বিলকিস জাহান শিরিনকে দায়িত্ব দেওয়া হয়। তারেক রহমান–এর অনুমোদনে পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানাতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের। পাশাপাশি এই নিয়োগের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলা বিএনপিকে সংগঠিত করতে দায়িত্ব পালনকালে নানা প্রতিকূলতার মধ্যেও পাঁচটি ইউনিটের সম্মেলন সফলভাবে সম্পন্ন করেন বিলকিস জাহান শিরিন। আন্দোলন-সংগ্রামের সময় নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।
এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, যোগ্য ও পরীক্ষিত নেত্রী হিসেবে বিলকিস জাহান শিরিনকে দায়িত্ব দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়েছেন।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, বরিশাল বিভাগের রাজনীতিতে বিলকিস জাহান শিরিনের অবদান উল্লেখযোগ্য। নানা প্রতিকূলতা ও মামলার মুখোমুখি হয়েও তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন। এ কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও দলের প্রতি আস্থা ও দায়িত্ববোধ ধরে রেখেছেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণে বরিশাল বিভাগের রাজনীতিতে তার একটি শক্ত অবস্থান রয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তার নিয়োগকে তৃণমূল নেতাকর্মীরা দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এতে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদের সৃষ্টি হয়েছে।
10/03/2026
ঈদে ভৈরবপাশা ইউনিয়নবাসীর দোয়া চাইলেন রেজাউল ইসলাম রকি
মডেল ইউনিয়ন গড়ার স্বপ্নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা
পবিত্র ঈদকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলার ১নং ভৈরবপাশা ইউনিয়নের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় করেছেন মোঃ রেজাউল ইসলাম রকি। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।
স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকার চেষ্টা করেছেন। মানুষের ভালোবাসা ও আস্থাকেই তিনি তার রাজনৈতিক ও সামাজিক পথচলার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।
মোঃ রেজাউল ইসলাম রকি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝালকাঠি পৌর শাখার স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একতা সামাজিক উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করছেন।
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ভৈরবপাশা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিজের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কথা তুলে ধরে রেজাউল ইসলাম রকি বলেন,
“রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সবসময় ইউনিয়নবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও আস্থাই আমাকে নতুন করে অনুপ্রেরণা দেয়। সেই ভালোবাসার শক্তিকে সঙ্গে নিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।”
তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ১নং ভৈরবপাশা ইউনিয়নকে একটি আধুনিক, আদর্শ ও সেবামুখী ইউনিয়নে রূপান্তর করা সম্ভব। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
মোঃ রেজাউল ইসলাম রকি (বি.এস.এস অনার্স, এম.এস.এস, এল.এল.বি) ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করে বলেন, “সবার সম্মিলিত সহযোগিতা পেলে ভৈরবপাশা ইউনিয়নকে উন্নয়ন ও সেবার এক নতুন দৃষ্টান্তে পরিণত করা সম্ভব।”
15/02/2026
ঝালকাঠি জেলায় শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৫ ফেব্রয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়–এর নির্দেশনা অনুযায়ী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা (১৯৭২, সংশোধিত ২০২৩) অনুসরণ করে জাতীয় পতাকা উত্তোলন ও ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে দিবসটি অর্থবহভাবে পালন করতে হবে।
15/02/2026
ঝালকাঠি-২ আসনে বিপুল ভোটে জয়, বরিশাল বিভাগের একমাত্র নারী এমপি ইলেন ভুট্টো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে তিনিই জয়ী হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী এস এম নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। এতে ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে নিশ্চিত হয় তার বিজয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি আসনে মোট ১২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র দুজন, আর একমাত্র বিজয়ী হিসেবে নির্বাচিত হন ইলেন ভুট্টো।
রাজনৈতিক জীবনে ইলেন ভুট্টো নতুন নন। তার প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টো জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন। স্বামীর মৃত্যুর পর ২০০০ সালের উপনির্বাচনে পরাজিত হলেও ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দীর্ঘ বিরতির পর এবার আবার সংসদে ফিরলেন।
দলীয় সূত্র জানায়, মনোনয়ন নিয়ে শুরুতে কিছুটা মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে শক্তিশালী প্রচারণা চালান ইলেন ভুট্টো। এতে ভোটারদের মধ্যে তার পক্ষে ব্যাপক সাড়া পড়ে।
জেলা বিএনপির সাবেক সভাপতি মস্তফা কামাল সন্টু বলেন, জনপ্রিয়তা ও জনমত জরিপের ভিত্তিতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দেন।
বিজয়ের প্রতিক্রিয়ায় ইলেন ভুট্টো বলেন, বিপুল ভোটে বিজয়ী করায় আমি ভোটারদের প্রতি কৃতজ্ঞ। আমার প্রথম লক্ষ্য হবে এলাকার উন্নয়ন নিশ্চিত করা। চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
12/02/2026
ভোটকেন্দ্রে প্ল্যাকার্ড হাতে ভাই হত্যার বিচার দাবি মাসুমা হাদীর
আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ
ভোট দিতে এসে ভাইয়ের হত্যার বিচার দাবি করে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদীর বোন মাসুমা হাদী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে তিনি এই দাবি জানান।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় মাসুমা হাদীর হাতে ভাইয়ের হত্যার বিচারের দাবিতে লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডটি উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংবাদকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে। এতে ওসমান হাদীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ভোট প্রদান শেষে আবেগজড়িত কণ্ঠে মাসুমা হাদী বলেন, জুলাই বিপ্লবের পর আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ ১৭০০ শহীদ ও তিন হাজারের বেশি মানুষের রক্ত ও পঙ্গুত্বের বিনিময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অথচ আমার ভাইয়ের হত্যার বিচার আজও হয়নি। যে সরকারই ক্ষমতায় আসুক, খুনিদের বিচার করতেই হবে। বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক হিসেবে ভোট দেওয়া যেমন তার দায়িত্ব, তেমনি নিজের ভাইয়ের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করাও তার সাংবিধানিক অধিকার।
মাসুমা হাদীর এই প্রতিবাদের সময় ভোটকেন্দ্রে উপস্থিত সবার মধ্যে কিছুটা আবেগঘন পরিবেশ তৈরি হলেও সার্বিক পরিস্থিতি ছিল শান্ত। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।