Nurul Hasan English

Nurul Hasan English Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nurul Hasan English, Language school, Annandanagar, Badda.

আমি পঁচিশ বছর ধরে কুরিয়ার সার্ভিসে কাজ করি। চিঠি, পার্সেল, কাগজপত্র, নোটিশ, সব পৌঁছে দিই। আগে চিঠি বেশি আসতো। এখন আসে ব...
22/08/2026

আমি পঁচিশ বছর ধরে কুরিয়ার সার্ভিসে কাজ করি। চিঠি, পার্সেল, কাগজপত্র, নোটিশ, সব পৌঁছে দিই। আগে চিঠি বেশি আসতো। এখন আসে ব্যাংকের কাগজ, চাকরির কাগজ, আদালতের নোটিশ, অনলাইন অর্ডারের বাক্স।

আমার নাম কামাল। ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, হাজারীবাগ, এই এলাকাগুলোতে আমার রুট। প্রতিদিন একটা ব্যাগ কাঁধে নিয়ে ঘুরি। বৃষ্টি হলে ভিজি। রোদ হলে পুড়ি। শীত হলে কাঁপি। কাজটা ভালো লাগে না। তবু ছাড়িনি।

আমাদের অফিসে একটা নিয়ম আছে। ঠিকানা ভুল হলে তিনবার চেষ্টা করতে হয়। তারপর লেখা হয়-

"প্রাপককে পাওয়া যায়নি।"

এই তিনটা শব্দ আমি জীবনে অসংখ্যবার লিখেছি। কিন্তু একদিন একটা খামের উপর এই তিনটা শব্দ লিখতে গিয়ে আমার হাত থেমে গিয়েছিল। খামের উপর লেখা ছিল-

প্রেরক: আবদুল হালিম
প্রাপক: রাশেদ হালিম
বাড়ি: ১৭/বি, লালমাটিয়া, ঢাকা।
নিচে ছোট করে লেখা-
জরুরি। ব্যক্তিগত।

অর্থাৎ, আবদুল হালিম নামে এক বয়স্ক বাবা তাঁর ছেলে রাশেদ হালিমের কাছে চিঠি পাঠিয়েছেন। কিন্তু মজার বিষয় হলো, প্রেরক ও প্রাপক দুজনেরই ঠিকানা একই দেয়া-
১৭/বি, লালমাটিয়া, ঢাকা। মানে বাবা তাঁর নিজের বাড়ির ঠিকানাতেই ছেলের নামে চিঠি পোস্ট করেছেন!

আমি ঠিকানায় গিয়ে দেখি, ১৭/বি বলে কোনো বাড়িই নেই।
১৭ আছে।
১৭/এ আছে।
১৭/সি আছে।
কিন্তু ১৭/বি নেই।

পাশের দোকানের লোককে জিজ্ঞেস করলাম। লোকটা বললো, "আগে ছিল।"
"এখন?"
"ভেঙে ফ্ল্যাট হইছে।"
"হালিম সাহেব?"
লোকটা কাঁধ ঝাঁকালো, "চিনি না।"

আমি পাশের চায়ের দোকানে গেলাম। চা-ওয়ালা বললো, "আবদুল হালিম নামে একজন ছিল।"
"কোথায় গেছে?"
"মারা গেছে।"
"কবে?"
"অনেক বছর।"

আমি অফিসে ফিরে খামটা "প্রাপককে পাওয়া যায়নি" লিখে জমা দিতে পারতাম। দিইনি। পরদিন আবার গেলাম। ১৭ নম্বর বাড়ির পুরোনো দারোয়ানকে পেলাম। বয়স অনেক। নাম গফুর। আমি খামের নামটা বলতেই লোকটা আমার দিকে তাকিয়ে বললো,

"আপনি আবদুল হালিম সাহেবের ছেলের লোক?"
"না। কুরিয়ার।''
লোকটা বললো, "আবদুল হালিম সাহেব তো নাই।"
আমি জিজ্ঞেস করলাম, "তার ছেলে কোথায়?"
"বিদেশে।"
"কোন দেশে?"
"কানাডা।"
"যোগাযোগ নেই?"
"না।"

আমি জিজ্ঞেস করলাম, "কেন?"
লোকটা বললো, "বাপ ছেলের ঝামেলা।"

এই কথাটা বাংলাদেশের মানুষের খুব প্রিয়। সবকিছুর ব্যাখ্যা এক কথায় হয়ে যায়, "ঝামেলা ছিল।"

আমি বললাম, "কী ঝামেলা?"
লোকটা বললো, "সেইটা আমি জানি না।"
তারপর একটু থেমে বললো, "তবে শেষের দিকে আবদুল হালিম সাহেব প্রতিদিন বিকেলে গেটের সামনে বসে থাকতেন।"
"কেন?"
"ছেলের জন্য।"
"ছেলে আসতো?"
"না।"

আমি চুপ করে গেলাম।

কানাডায় ছেলেটার নাম ছিল রাশেদ হালিম। ফেসবুকে খুঁজলাম। পেলাম না। লিংকডইনে পেলাম একজনকে। নাম মিলে যায়। ঢাকায় জন্ম। কানাডায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বয়সও মিলে। আমি তার প্রোফাইলের ছবি দেখলাম। একজন হাসিখুশি মানুষ। বউ। দুইটা বাচ্চা। বরফের মধ্যে দাঁড়িয়ে ছবি। ক্যাপশনে লেখা-

"Home is where your people are."

আমি অনেকক্ষণ ঐ কথাটার দিকে তাকিয়ে ছিলাম। হোম ইজ হোয়্যার ইয়োর পিপল আর। মানুষ কত সহজে ইংরেজিতে এমন কথা লিখে ফেলে। নিজের ভাষায় বলতে গেলে বুক কাঁপে।

আমি তাকে মেসেজ পাঠালাম, "আপনার নামে একটা চিঠি এসেছে।"

কোনো উত্তর নেই।

দুই দিন পর উত্তর এলো, "Who are you?"
আমি বললাম, "আমি কুরিয়ার সার্ভিসে কাজ করি। আপনার বাবা একটা চিঠি পোস্ট করেছে।"
সে লিখলো, "My father died years ago."
আমি বললাম, "চিঠিটা আপনার জন্যই।"

অনেকক্ষণ কোনো উত্তর নেই।
তারপর লিখলো, "Don't contact me again."

আমি চুপ করে গেলাম। চিঠিটা আমার ড্রয়ারে রয়ে গেল।
তারপর এক সপ্তাহ। দুই সপ্তাহ। এক মাস। আমি চিঠিটা অফিসে জমা দিইনি।

একদিন সন্ধ্যায় রাশেদের কাছ থেকে মেসেজ এলো, "What does the letter say?"
আমি বললাম, "আমি খুলি নাই।"
সে আবার লিখলো, "Can you send me a picture?"

আমি খামের ছবি পাঠালাম।
সে অনেকক্ষণ কোনো উত্তর দিলো না।

তারপর লিখলো, "That's my father's handwriting."
আমি বললাম, "আপনি চিঠিটা চান?"
অনেকক্ষণ পর উত্তর এলো, "Yes."
আমি বললাম, "ঠিকানা দেন।"

সে ঠিকানা দিল। সেদিনই আমি চিঠিটা পাঠিয়ে দিলাম। কাজ শেষ। ভাবলাম, এবার আমার দায়িত্ব শেষ। তিন দিন পর একটা ফোন এলো। বিদেশি নম্বর। আমি ধরলাম। ওপাশ থেকে একটা পুরুষের গলা।

"আপনি কামাল?"
"জি।"
"আমি রাশেদ।"
"জি।"
"চিঠিটা পেয়েছি।"

আমি চুপ করে থাকলাম।

সে বললো, "আপনি কি জানেন, আমার বাবা মারা যাওয়ার আগে শেষবার আমাকে কী বলেছিলেন?"
"না।"
"বলেছিলেন, তুই যদি কোনোদিন ফিরে আসিস, আমার কাছে আসিস না।"

আমি কিছু বললাম না।

সে বললো, "আমি আর ফিরিনি।"

তারপর দীর্ঘ নীরবতা।

"চিঠিতে কী ছিল জানেন?"
"না।"

সে হাসলো।

তারপর বললো, "আমার বাবা কখনো কাউকে চিঠি লিখতেন না।"

আমি অবাক হলাম।

বললাম, "কিন্তু এটা তো আপনার বাবার হাতের লেখা।"
"হ্যাঁ।"
"তাহলে?"
"তিনি লিখেছিলেন। কিন্তু পাঠাননি।"

আমি বুঝলাম না।

রাশেদ বললো, "চিঠিটা তিনি নিজের আলমারিতে রেখে গিয়েছিলেন।"
"কীভাবে পোস্ট হলো?"
"তার বাড়ি বিক্রি করার পর নতুন মালিক পুরোনো আলমারির কাগজপত্রের মধ্যে খামটা পেয়েছিলেন। হয়তো ভেবেছেন পোস্ট করা হয়নি, তাই দয়ায় পড়ে ডাকবাক্সে ফেলে দিয়েছেন।"
আমি বললাম, "চিঠিতে কী ছিল?"
রাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বললো, "একটা মাত্র বাক্য।"
"কী?"

"আমি ভুল করেছিলাম।"

আমি বললাম, "এইটুকু?"
"হ্যাঁ।"
"আর কিছু?"
"না।"

আমি বললাম, "তাহলে আপনি কাঁদছেন কেন?"
রাশেদ কান্না থামিয়ে বললো, "আমি ভেবেছিলাম, বাবারা কখনো ভুল করে না।"

আমি জানি না কেন, কথাটা শুনে আমার নিজের বাবার কথা মনে পড়লো। আমার বাবা ছিলেন রাগী মানুষ। আমি ছোটবেলায় একবার স্কুল থেকে পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম। বাবা জানতে পেরে আমাকে এমন মেরেছিলেন যে তিনদিন স্কুলে যেতে পারিনি। তারপর আমি ঠিক করেছিলাম, কোনোদিন বাবার সঙ্গে কথা বলবো না।

দুদিন পরই বাবা মারা গেলেন। আমার রাগটা রয়ে গেল। বাবা রইলেন না। মানুষের রাগেরও একটা সমস্যা আছে। যার ওপর রাগ করা হয়, সে না থাকলেও রাগটা থেকে যায়। তারপর একদিন সেই রাগের কোনো ঠিকানা থাকে না।

রাশেদ বলল, "কামাল ভাই?"
"জি?''
"আপনি কি একটা কাজ করবেন?"
"কী?"
"আমার বাবার কবরটা খুঁজে দিতে পারবেন?"
আমি বললাম, "পারবো।"
"কেন জানি না, আমি যেতে চাই।"
"আসবেন?"
"হ্যাঁ।"

তিন মাস পর রাশেদ ঢাকায় এলো। আমি তাকে বিমানবন্দর থেকে নিতে যাইনি। কিন্তু সে নিজেই আমাকে ফোন করলে।

"কামাল ভাই, আমি ঢাকায়।"
"কোথায়?"
"পুরোনো বাসার সামনে।"

আমি গেলাম। সে গাড়ি থেকে নামলো। আমি প্রথমে চিনতেই পারিনি। ছবির চেয়ে মানুষ বাস্তবে অন্যরকম।

সে আমাকে দেখে বললো, "আপনিই কামাল?"
"জি।"

সে হাত বাড়ালো। আমি হাত ধরলাম। তার হাত কাঁপছিল। আমরা একসঙ্গে কবরস্থানে গেলাম। তার বাবার কবর খুঁজে পেলাম। রাশেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বসে পড়লো।

কোনো দোয়া পড়লো না। কিছু বললো না। শুধু মাটির উপর হাত রাখলো।

অনেকক্ষণ পর বললো, "বাবা, আমি এসেছি।"

আমি একটু দূরে দাঁড়িয়ে ছিলাম।

সে আবার বললো, "তুমি বলেছিলে, আসিস না।''

চুপ

''আমি আসিনি।''

চুপ

''তুমি ভুল করেছিলে।"

চুপ

"আমিও ভুল করেছিলাম বাবা।"

আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দূরে সরে গেলাম।
মানুষের কিছু কথার সাক্ষী হওয়া উচিত না। কিছু কথা মৃত মানুষের আর জীবিত মানুষের মাঝেই থাকা ভালো।

ফেরার সময় রাশেদ আমাকে বললো, "কামাল ভাই, আপনি না থাকলে আমি আসতাম না।"
আমি বললাম, "আমি তো শুধু চিঠি পৌঁছাইছি।"
সে বললো, "না।"
"তাহলে?"
"আপনি আমার কাছে একটা ঠিকানা পৌঁছে দিয়েছেন।"
আমি হেসে বললাম, "কবরের ঠিকানা?"
সে মাথা নাড়লো, "না।"
"তাহলে?"
সে বললো, "বাবার কাছে যাওয়ার ঠিকানা।"

আমি কিছু বললাম না। অফিসে গিয়ে আমার ছেলেকে ফোন করলাম। সে ধরলো না। আবার করলাম। ধরলো।

বললো, "কী হয়েছে?"
আমি বললাম, "কিছু না।"
"তাহলে ফোন করছো কেন?"
আমি বললাম, "তুই কেমন আছিস?"
সে বললো, "ভালো।"
আমি বললাম, "তোর সঙ্গে আমার কোনোদিন খুব বেশি রাগারাগি হয়েছে?"
ওপাশে সে হাসলো, "আপনার তো প্রতিদিনই রাগারাগি হয়।"
আমি বললাম, "আমি যদি কোনোদিন ভুল করে থাকি?"

সে চুপ করে গেল।

আমি বললাম, "তাহলে আমাকে বলিস।"
"কেন?"
"যাতে আমি ঠিক করতে পারি।"
সে কিছুক্ষণ চুপ করে থেকে বললো, "আব্বা, আপনি ঠিক আছেন তো?''
"হ্যাঁ।"
"কিছু খাইছেন?"
"না।"
"খেয়ে ঘুমান।"

ফোন কেটে গেল।

আমি অনেকক্ষণ ফোনটার দিকে তাকিয়ে রইলাম। তারপর ড্রয়ার খুললাম। রাশেদের বাবার চিঠির একটা ফটোকপি সেখানে রেখেছিলাম। মাত্র এক লাইন।

''আমি ভুল করেছিলাম।''

আমি কাগজটা হাতে নিয়ে ভাবলাম, মানুষ পৃথিবীতে কত কিছু লিখে। উপন্যাস। কবিতা। ইতিহাস। আইন। প্রেমপত্র। ক্ষমাপত্র। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন চিঠিটা সম্ভবত এই তিনটা শব্দের, আমি ভুল করেছিলাম। এই তিনটা শব্দ বলতে একজন বাবার পঁচাত্তর বছর লাগে। একজন ছেলের ত্রিশ বছর। কখনো কখনো পুরো একটা জীবন।

পরদিন অফিসে গিয়ে টেবিলে এক পুরোনো পার্সেল পড়ে থাকতে দেখলাম। প্রাপক মৃত, প্রেরকের খোঁজ নেই। ফেরত যাওয়ার অপেক্ষায় ধুলো জমছে খামের উপর। আমি কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলাম। মনে হলো, পৃথিবীতে কত অভিমান, কত অসম্পূর্ণ কথা এভাবেই কোনো না কোনো টেবিলে ঠিকানাহীন হয়ে জমা পড়ে থাকে।

অফিসে ভালো লাগলো না। আমি বাড়ি ফিরে এলাম।

আমার ছেলে তখন ঘরে বসে ফোন দেখছিল। আমি তার পাশে গিয়ে বসলাম। সে তাকালো।

আমি বললাম, "তোর সাথে আমার একটা কথা ছিল।"
সে অবাক হয়ে বললো, "কী কথা?"

আমি ড্রয়ার থেকে রাশেদের বাবার চিঠির ফটোকপিটা বের করে তার সামনে রাখলাম।

সে খামটার দিকে, তারপর আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল।
তারপর হঠাৎ উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো।

অনেক বছর পর। খুব অল্প সময়ের জন্য। কিন্তু যথেষ্ট। আমি তার পিঠে হাত রাখলাম। কিছু বললাম না। আমার মনে হলো, সেদিন যদি রাশেদের বাবার চিঠিটা পৌঁছে না দিতাম, তাহলে হয়তো আমার ছেলেকে আমি এই কথাগুলো কোনোদিন বলতাম না।

আমি এখনও কুরিয়ারে কাজ করি। এখনও ভুল ঠিকানার পার্সেল আসে। এখনো অফিসে তিনটা শব্দ লেখা হয়,

"প্রাপককে পাওয়া যায়নি।"

কিন্তু আমি আর আগের মতো সহজে লিখতে পারি না। কারণ আমি জানি, কখনো কখনো মানুষ ঠিকানায় থাকে না। অভিমানে থাকে। দূরত্বে থাকে। ভুল বোঝাবুঝিতে থাকে। কখনো বিদেশে থাকে। কখনো কবরের নিচে। আর কখনো, একই বাড়িতে থেকেও একটা দরজার ওপাশে থাকে। তাই কোনো চিঠি হাতে নিয়ে যদি মনে হয়, "লোকটা তো নেই।" আমি একটু অপেক্ষা করি। কারণ ঠিকানাটা ভুল হতে পারে। কিন্তু চিঠিটা নয়। চিঠি সাধারণত ঠিক মানুষটার কাছেই যেতে চায়। শুধু পৌঁছাতে কখনো কখনো একজন কামালের দরকার হয়!

Collected

20/08/2026

একজন খারাপ শিক্ষক কে?

শিক্ষকতা মানে শুধু শ্রেণিকক্ষে দাঁড়িয়ে পাঠ্যবই পড়ানো নয়। একজন শিক্ষক হয়তো নিজের বিষয়ে অনেক জানেন, উচ্চ ডিগ্রি আছে, বহু বছরের অভিজ্ঞতাও আছে—তবুও তিনি একজন কার্যকর শিক্ষক নাও হতে পারেন।

খারাপ শিক্ষক মানেই খারাপ মানুষ—এটা ঠিক নয়।
বরং এমন শিক্ষককে আমরা খারাপ শিক্ষক বলি, যাঁর অভ্যাস, আচরণ, মনোভাব বা পড়ানোর পদ্ধতি শিক্ষার্থীর শেখার পথে বাধা তৈরি করে।

বাংলাদেশে আমরা অনেক সময় একজন শিক্ষককে বিচার করি তাঁর ডিগ্রি, অভিজ্ঞতা, জ্ঞান বা কত বছর ধরে পড়াচ্ছেন—এসব দিয়ে। কিন্তু একজন শিক্ষার্থীর প্রয়োজন শুধু জ্ঞানী শিক্ষক নয়। তার প্রয়োজন এমন একজন শিক্ষক, যিনি—
সহজ করে বোঝাতে পারেন, অনুপ্রাণিত করতে পারেন, শিক্ষার্থীকে সম্পৃক্ত করতে পারেন, সাহস দিতে পারেন, ভুল ধরিয়ে দিতে পারেন এবং শেখার পরিবেশ তৈরি করতে পারেন।

তাহলে প্রশ্ন হলো—
কে একজন BAD Teacher বা খারাপ শিক্ষক?

১. যিনি জানেন, কিন্তু বোঝাতে পারেন না
একটি বিষয় জানা আর সেই বিষয়টি শেখাতে পারা এক জিনিস নয়।
একজন শিক্ষক হয়তো ইংরেজি, গণিত, বিজ্ঞান বা ব্যাকরণ খুব ভালো জানেন। কিন্তু তাঁর ব্যাখ্যা যদি শিক্ষার্থীরা বুঝতেই না পারে, তাহলে সেই জ্ঞান শ্রেণিকক্ষে খুব একটা কাজে আসে না।
একজন ভালো শিক্ষক ভাবেন—
“এই বিষয়টি আমি আরও সহজ করে কীভাবে বোঝাতে পারি?”
আর একজন খারাপ শিক্ষক বলেন—
“আমি তো বুঝিয়েছি। না বুঝলে ওদের সমস্যা।”
মনে রাখতে হবে—
Teaching is not complete until learning happens.
শিক্ষার্থী না শিখলে শুধু পড়ানো দিয়ে কাজ শেষ হয় না।

২. যিনি নতুন কিছু শিখতে চান না — “NOKIA Teacher”
পৃথিবী বদলাচ্ছে।
শিক্ষাব্যবস্থা বদলাচ্ছে।
প্রযুক্তি বদলাচ্ছে।
শিক্ষার্থীরাও বদলাচ্ছে।
কিন্তু কিছু শিক্ষক এখনো বলেন—
“আমি ২০ বছর ধরে এভাবেই পড়াই।”
“নতুন পদ্ধতির দরকার নেই।”
“প্রযুক্তি দিয়ে কী হবে?”
“আমার পুরোনো নোটই যথেষ্ট।”
এমন শিক্ষককে বলা যেতে পারে “NOKIA Teacher”।
একসময় খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু সময়ের সঙ্গে নিজেকে বদলাতে পারেননি।
একজন ভালো শিক্ষক কখনো শেখা বন্ধ করেন না।
Good Teachers are Lifelong Learners.

৩. যিনি সহজ বিষয়কে কঠিন করে শেখান
ভালো শিক্ষকের সবচেয়ে বড় দক্ষতার একটি হলো—
কঠিন বিষয়কে সহজ করা।
কিন্তু কিছু শিক্ষক ঠিক উল্টোটা করেন।
সহজ বিষয়কেও কঠিন শব্দ, বড় বড় সংজ্ঞা, জটিল ব্যাখ্যা এবং অপ্রয়োজনীয় টেকনিক্যাল ভাষায় এমনভাবে উপস্থাপন করেন যে শিক্ষার্থী আরও বিভ্রান্ত হয়ে যায়।
ভালো শিক্ষকের পদ্ধতি হওয়া উচিত—
কঠিন বিষয় → সহজ ব্যাখ্যা → পরিচিত উদাহরণ → অনুশীলন → শেখা
শিক্ষার্থী যদি ক্লাস শেষে আগের চেয়েও বেশি বিভ্রান্ত হয়, তাহলে সেখানে পড়ানোর পদ্ধতিতে সমস্যা আছে।

৪. যিনি সময় নষ্ট করেন এবং পরিকল্পনা ছাড়া ক্লাসে যান
অনেক শিক্ষক ক্লাসে ঢোকেন, কিন্তু কী শেখাবেন, কীভাবে শেখাবেন, কতটুকু শেখাবেন—এর কোনো পরিষ্কার পরিকল্পনা থাকে না।
ফলে তাঁরা—
অপ্রাসঙ্গিক গল্প করেন,
একই কথা বারবার বলেন,
মোবাইল দেখেন,
দেরিতে ক্লাসে আসেন,
সময়ের আগেই ক্লাস শেষ করেন,
শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় কাজ দিয়ে বসিয়ে রাখেন।
একজন পেশাদার শিক্ষক ক্লাসের আগে জানবেন—
আজ শিক্ষার্থীরা কী শিখবে?
কীভাবে শিখবে?
আমি কীভাবে বুঝব যে তারা শিখেছে?

৫. যিনি শিক্ষার্থীর সম্ভাবনা দেখতে পান না
আজ যে শিক্ষার্থী দুর্বল, কাল সেই শিক্ষার্থীই সবার সেরা হতে পারে।
কিন্তু খারাপ শিক্ষক খুব দ্রুত শিক্ষার্থীর গায়ে লেবেল লাগিয়ে দেন—
“তুমি দুর্বল।”
“তুমি পারবে না।”
“তোমার দ্বারা কিছু হবে না।”
“তুমি বুদ্ধিমান নও।”
শিক্ষকের একটি নেতিবাচক বাক্য অনেক বছর একজন শিশুর মনে থেকে যেতে পারে।
একজন ভালো শিক্ষক বর্তমান ফলাফল নয়, ভবিষ্যতের সম্ভাবনা দেখেন।
তিনি শুধু আজকের শিক্ষার্থীকে পড়ান না; তিনি দেখেন—
এই শিশুটি আগামী দিনে কী হতে পারে।
৬. যিনি বন্ধুসুলভ নন এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করেন না
শ্রেণিকক্ষ কোনো একক বক্তৃতার মঞ্চ নয়।
শিক্ষক যদি ৪০ মিনিট কথা বলেন এবং শিক্ষার্থীরা শুধু শোনে, লেখে ও মুখস্থ করে—তাহলে শেখা খুব বেশি সক্রিয় হয় না।
একটি ভালো ক্লাসে থাকা উচিত—
Pair Work
Group Work
প্রশ্নোত্তর
আলোচনা
Role Play
Presentation
Demonstration
Games
Peer Teaching
Practical Activities
শিক্ষার্থী যত বেশি অংশ নেবে, শেখা তত বেশি শক্তিশালী হবে।

৭. যিনি হাসেন না
শিক্ষকের হাসি তাঁর মর্যাদা কমায় না।
বরং একটি হাসি শিক্ষার্থীকে স্বস্তি দেয়।
সব সময় রাগী মুখ, বিরক্তি, কঠোর দৃষ্টি বা ধমকের পরিবেশে শিক্ষার্থীরা—
প্রশ্ন করতে ভয় পায়,
ভুল করতে ভয় পায়,
ইংরেজি বলতে ভয় পায়,
বোর্ডে যেতে ভয় পায়।
শিক্ষার্থীরা শিক্ষককে সম্মান করবে, কিন্তু আতঙ্কিত হবে না।
A friendly classroom is often a better learning classroom.

৮. যিনি শিক্ষার্থীর বয়স, স্তর ও মনস্তত্ত্ব বোঝেন না
Class One-এর শিশুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মতো শেখানো যায় না।
একজন দুর্বল শিক্ষার্থী এবং একজন মেধাবী শিক্ষার্থীর প্রয়োজনও এক নয়।
শিশুরা চায়—
গল্প,
ছবি,
নড়াচড়া,
খেলা,
পুনরাবৃত্তি,
প্রশংসা।
কিশোররা চায়—
সম্মান,
আলোচনা,
স্বাধীনতা,
বাস্তব উদাহরণ,
চ্যালেঞ্জ।
ভালো শিক্ষক শুধু বিষয় জানেন না, শিক্ষার্থীও বোঝেন।

৯. যিনি শিক্ষার্থীদের স্বস্তিতে রাখতে পারেন না
যে ক্লাসে শিক্ষার্থীরা সব সময় ভয় বা টেনশনে থাকে, সেখানে শেখা কঠিন হয়ে যায়।
শিক্ষার্থীরা যদি ভয় পায়—
ভুল করতে,
প্রশ্ন করতে,
উত্তর দিতে,
ইংরেজিতে কথা বলতে,
বোর্ডে যেতে,
তাহলে সেই ক্লাস নিরাপদ শেখার পরিবেশ নয়।
একজন ভালো শিক্ষক এমন পরিবেশ তৈরি করেন, যেখানে শিক্ষার্থী বলতে পারে—
“আমি এখনো পারি না, কিন্তু চেষ্টা করতে পারি।”
এই “এখনো” শব্দটির ভেতরেই শেখার ভবিষ্যৎ লুকিয়ে আছে।

১০. যিনি শুধু সিলেবাস শেষ করতে চান, শেখাতে চান না
অনেক শিক্ষক গর্ব করে বলেন—
“আমি পুরো সিলেবাস শেষ করে ফেলেছি।”
কিন্তু আসল প্রশ্ন হলো—
“শিক্ষার্থীরা কতটুকু শিখেছে?”
সিলেবাস শেষ করা এবং শেখা সম্পন্ন হওয়া এক বিষয় নয়।
একজন ভালো শিক্ষক Chapter শেষ করার চেয়ে Learning Outcome-কে বেশি গুরুত্ব দেন।

১১. যিনি ক্লাস নিয়ন্ত্রণ করতে পারেন না
Classroom Control মানে চিৎকার করা নয়।
ভালো Classroom Management হলো—
পরিষ্কার নিয়ম,
নির্দিষ্ট রুটিন,
সময় ব্যবস্থাপনা,
আকর্ষণীয় কার্যক্রম,
দায়িত্ব বণ্টন,
পারস্পরিক সম্মান,
সুন্দর Transition।
ভালো শিক্ষক ভয় দেখিয়ে নয়, পরিকল্পনা ও সম্পৃক্ততার মাধ্যমে শ্রেণিকক্ষ পরিচালনা করেন।

১২. যিনি TBE — Teaching By Examples ব্যবহার করেন না
শিক্ষার্থীরা অনেক সময় সংজ্ঞার চেয়ে উদাহরণ দ্রুত বোঝে।
ধরুন, Present Simple শেখাবেন।
দীর্ঘ সংজ্ঞা দিয়ে শুরু না করে বলুন—
I go to school every day.
She reads books at night.
They play cricket on Friday.
এরপর শিক্ষার্থীদের নিয়মটি বুঝতে দিন।
বাংলাদেশি প্রেক্ষাপটের উদাহরণ ব্যবহার করুন—
স্কুল,
রিকশা,
বাজার,
ক্রিকেট,
ঈদ,
পরিবার,
গ্রাম,
ঢাকা শহর,
বৃষ্টি,
খাবার।
পরিচিত উদাহরণ শেখাকে বাস্তব করে।

১৩. যিনি অলস বা Laid-Back Teacher
ভালো পড়ানোর জন্য প্রস্তুতি লাগে।
একজন অলস শিক্ষক—
বছরের পর বছর একই নোট ব্যবহার করেন,
Homework দেখেন না,
Lesson Plan করেন না,
নতুন উপকরণ তৈরি করেন না,
Feedback দেন না,
Guidebook-এর ওপর পুরোপুরি নির্ভর করেন।
শিক্ষক যদি নিজেই শেখায় সক্রিয় না থাকেন, তাহলে ক্লাসও প্রাণহীন হয়ে পড়ে।

১৪. যিনি Magnetic নন
একজন Magnetic Teacher শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করতে পারেন।
এর জন্য সুন্দর চেহারা দরকার নেই।
দরকার—
শক্তিশালী কণ্ঠস্বর,
প্রাণবন্ত উপস্থাপন,
Body Language,
গল্প,
প্রশ্ন,
চোখের যোগাযোগ,
হাস্যরস,
আত্মবিশ্বাস,
বিষয়ভিত্তিক আগ্রহ।
একঘেয়ে শিক্ষক শিক্ষার্থীর মনোযোগ হারিয়ে ফেলেন।

১৫. যিনি Teaching Methods জানেন না
শুধু বিষয় জানলেই শিক্ষক হওয়া যায় না।
একজন শিক্ষককে জানতে হবে—
Learner-Centred Teaching
Communicative Approach
Demonstration
Scaffolding
Collaborative Learning
Project-Based Learning
Task-Based Learning
Storytelling
Formative Assessment
Differentiated Instruction
Learning by Doing
একজন ভালো শিক্ষক শুধু What to Teach নয়, How to Teach-ও জানেন।

১৬. Careless বা “Dead Teacher”
কিছু শিক্ষক শারীরিকভাবে ক্লাসে থাকেন, কিন্তু মানসিকভাবে অনুপস্থিত।
তাঁদের ক্লাস এমন—
“বই খোলো।”
“পৃষ্ঠা পড়ো।”
“উত্তর লেখো।”
“মুখস্থ করো।”
“ক্লাস শেষ।”
কোনো আবেগ নেই।
কোনো উৎসাহ নেই।
কোনো প্রাণ নেই।
শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পারে—
শিক্ষক সত্যিই পড়াতে ভালোবাসেন, নাকি শুধু সময় পার করছেন।

১৭. যিনি Backbenchers বা দুর্বল শিক্ষার্থীদের Bully করেন
শেষ বেঞ্চে বসা মানেই দুর্বল নয়।
কম নম্বর পাওয়া মানেই অযোগ্য নয়।
একজন শিক্ষক কখনোই শিক্ষার্থীকে—
ফলাফল,
উচ্চারণ,
চেহারা,
আর্থিক অবস্থা,
পরিবার,
হাতের লেখা,
ধীরগতির শেখা
এসব নিয়ে অপমান করবেন না।
শ্রেণিকক্ষে সবার মর্যাদা সমান।

১৮. যাঁর EGO খুব বেশি
কিছু শিক্ষক ক্লাসের বড় অংশ নিজের কথা বলতেই ব্যয় করেন।
তিনি বলেন—
“আমি যখন…”
“আমার ডিগ্রি…”
“আমার ছাত্ররা…”
“আমার অর্জন…”
“আমার পরিচিত…”
নিজের অভিজ্ঞতা শেয়ার করা খারাপ নয়। কিন্তু ক্লাস যদি Self-Promotion হয়ে যায়, সেটা সমস্যা।
শ্রেণিকক্ষের কেন্দ্রবিন্দু শিক্ষক নন।
শিক্ষার্থী।

১৯. যিনি ভয় সৃষ্টি করেন
ভয় দিয়ে ক্লাস চুপ করানো যায়।
কিন্তু চুপ থাকা মানেই শেখা নয়।
ভয় কমিয়ে দেয়—
প্রশ্ন,
সৃজনশীলতা,
আত্মবিশ্বাস,
Spoken Practice,
ভুল থেকে শেখা।
শৃঙ্খলা প্রয়োজন।
কিন্তু Fear-based Teaching কখনোই আদর্শ শিক্ষা নয়।

২০. যিনি জ্ঞান শেয়ার করতে কৃপণতা করেন
কিছু শিক্ষক ভাবেন—
“আমি যদি সব শেয়ার করি, অন্যরা আমার মতো হয়ে যাবে।”
এই মানসিকতা শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর।
একজন মহান শিক্ষক নিজের জ্ঞান, Materials, Ideas এবং Techniques অন্যদের সঙ্গে ভাগ করেন।
কারণ—
Good Teachers Create More Good Teachers.

২১. যিনি Teaching উপভোগ করেন না
শিক্ষার্থীরা বুঝতে পারে শিক্ষক ক্লাস উপভোগ করছেন কি না।
যদি শিক্ষক সব সময় বলেন—
“এই পেশা ভালো লাগে না।”
“এই ছাত্রদের দিয়ে কিছু হবে না।”
“কখন ক্লাস শেষ হবে!”
তাহলে শিক্ষার্থীরাও আগ্রহ হারায়।
শিক্ষক ক্লান্ত হতে পারেন, চাপেও থাকতে পারেন। কিন্তু তাঁকে নিজের Teaching Passion বারবার নতুন করে জাগাতে হবে।

২২. যিনি Reactive, Proactive নন
Reactive Teacher সমস্যা হওয়ার পরে ব্যবস্থা নেন।
Proactive Teacher সমস্যা হওয়ার আগেই প্রস্তুতি নেন।
Reactive:
শিক্ষার্থীরা হৈচৈ শুরু করেছে, তারপর শিক্ষক চিৎকার করলেন।
Proactive:
শিক্ষক শুরুতেই নিয়ম, কার্যক্রম এবং দায়িত্ব নির্ধারণ করেছেন।
Reactive:
পরীক্ষায় সবাই খারাপ করেছে, তারপর শিক্ষক রেগে গেলেন।
Proactive:
শিক্ষক আগে থেকেই নিয়মিত ছোট Assessment নিয়ে দুর্বলতা ধরেছেন।
ভালো শিক্ষক সমস্যা শুধু সমাধান করেন না, অনেক সমস্যা আগেই প্রতিরোধ করেন।

২৩. যিনি শিক্ষার্থীদের অপমান করেন
Correction আর Humiliation এক বিষয় নয়।
শিক্ষক কখনো বলবেন না—
“তুমি কিছুই পারো না।”
“তোমার মাথায় কিছু নেই?”
“এটা তো Class Three-এর বাচ্চাও পারে!”
এ ধরনের কথা শিক্ষার্থীর আত্মসম্মান ভেঙে দিতে পারে।
বরং বলা যেতে পারে—
“তোমার উত্তরটা প্রায় ঠিক। আরেকবার চেষ্টা করো।”
ভুলকে ঠিক করুন।
মানুষটিকে নয়।

২৪. যিনি শিক্ষার্থীকে নিরুৎসাহিত করেন
একটি খারাপ বাক্য শিক্ষার্থীর অনেক দিনের উৎসাহ নষ্ট করতে পারে।
“তোমার English খুব খারাপ।”
এর বদলে বলা যায়—
“তোমার Idea ভালো। এখন Pronunciation আর Sentence Structure একটু উন্নত করি।”
ভালো Feedback শুধু ভুল ধরায় না।
কীভাবে উন্নতি করতে হবে, সেটাও দেখায়।

২৫. যাঁর Teacher’s Pet আছে
একই শিক্ষার্থী সব সময়—
উত্তর দেবে,
নেতৃত্ব দেবে,
প্রশংসা পাবে,
সুযোগ পাবে,
সামনে বসবে,
এটা ন্যায্য নয়।
ভালো শিক্ষক বিশেষভাবে খেয়াল করেন—
দুর্বল শিক্ষার্থী,
চুপচাপ শিক্ষার্থী,
Backbenchers,
লাজুক শিক্ষার্থী,
আত্মবিশ্বাসহীন শিক্ষার্থী।
সবার জন্য সুযোগ থাকা উচিত।

২৬. যিনি Presentation-এ দুর্বল
Teaching নিজেই একটি Presentation Skill।
শিক্ষকের দরকার—
পরিষ্কার কণ্ঠস্বর,
সঠিক উচ্চারণ,
Eye Contact,
Body Language,
Board Work,
Storytelling,
Voice Modulation,
Logical Sequencing,
Confident Movement।
শিক্ষক অনেক জানেন, কিন্তু উপস্থাপন করতে না পারলে সেই জ্ঞান শিক্ষার্থীর কাছে পৌঁছায় না।

২৭. যিনি Questions এড়িয়ে যান
শিক্ষার্থীর প্রশ্ন মানেই সে ভাবছে।
কিন্তু কিছু শিক্ষক প্রশ্ন পছন্দ করেন না।
কারণ প্রশ্ন করলে কখনো কখনো শিক্ষক নিজেও উত্তর নাও জানতে পারেন।
কোনো সমস্যা নেই।
একজন ভালো শিক্ষক বলতে পারেন—
“খুব ভালো প্রশ্ন। আমি এই মুহূর্তে নিশ্চিত নই। যাচাই করে তোমাদের বলব।”
এতে শিক্ষার্থীরা জ্ঞানের পাশাপাশি সততাও শেখে।

২৮. যিনি সবকিছু জানেন—এমন ভান করেন
কোনো শিক্ষক সবকিছু জানেন না।
এটা স্বাভাবিক।
কিন্তু ভুল তথ্য দিয়েও নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করা বিপজ্জনক।
একজন আত্মবিশ্বাসী শিক্ষক বলতে পারেন—
“আমি জানি না।”
তারপর বলবেন—
“আমি জেনে নেব।”
এটাই সত্যিকারের Professionalism।

২৯. যিনি নিজের ভুল ধরতে পারেন না
শিক্ষকও ভুল করেন।
তিনি—
ভুল উচ্চারণ করতে পারেন,
বোর্ডে ভুল লিখতে পারেন,
ভুল তথ্য দিতে পারেন,
শিক্ষার্থীকে ভুল বুঝতে পারেন,
দুর্বল Lesson Plan করতে পারেন।
ভালো শিক্ষক বলেন—
“হ্যাঁ, এখানে আমার ভুল হয়েছে।”
নিজের ভুল স্বীকার করলে সম্মান কমে না।
বরং বাড়ে।

৩০. যিনি LBT — Learning By Teaching ব্যবহার করেন না
শিক্ষার্থী যখন অন্য কাউকে শেখায়, তখন সে নিজেও গভীরভাবে শেখে।
LBT-তে শিক্ষার্থীরা—
অন্যকে বোঝায়,
Presentation দেয়,
Demonstration করে,
Vocabulary শেখায়,
Group Lead করে,
Summary দেয়,
Peer Correction করে।
সব সময় শিক্ষকই শেখাবেন—এটা জরুরি নয়।
কখনো কখনো শিক্ষকের সবচেয়ে শক্তিশালী কাজ হলো—
চুপ করে শিক্ষার্থীদের শেখাতে দেওয়া।

আরও কিছু লক্ষণ

৩১. যিনি অতিরিক্ত কথা বলেন
Teacher Talking Time যদি পুরো ক্লাস দখল করে নেয়, তাহলে শিক্ষার্থীরা Practice করবে কখন?
শিক্ষককে জানতে হবে—
কখন কথা বলতে হবে, আর কখন থামতে হবে।

৩২. যিনি শুধু Lecture দেন
Lecture দরকার আছে।
কিন্তু সব ক্লাস Lecture হতে পারে না।
শিক্ষার্থী শিখবে—
দেখে,
শুনে,
বলে,
লিখে,
করে,
আলোচনা করে,
তৈরি করে।

৩৩. যিনি খুব দ্রুত উত্তর বলে দেন
শিক্ষার্থী একটু চিন্তা করার আগেই উত্তর বলে দিলে ধীরে ধীরে তারা চিন্তা করা বন্ধ করে দেয়।
বরং জিজ্ঞেস করুন—
“তুমি কী মনে কর?”
“কেন?”
“আর কারও অন্য উত্তর আছে?”
“তুমি কীভাবে এই উত্তর পেলে?”
৩৪. যিনি Feedback দেন না
শুধু 6/10 লেখা Feedback নয়।
ভালো Feedback বলে—
কী ভালো হয়েছে,
কোথায় সমস্যা আছে,
কীভাবে উন্নতি করবে।
শিক্ষার্থী শুধু নম্বর নয়, দিকনির্দেশনা চায়।

৩৫. যিনি সবাইকে একইভাবে শেখান
সব শিক্ষার্থীর শেখার গতি এক নয়।
কেউ দ্রুত শেখে।
কেউ ধীরে শেখে।
কেউ ছবি দেখে শেখে।
কেউ উদাহরণে শেখে।
কেউ Practice করলে শেখে।
ভালো শিক্ষক প্রয়োজনে পদ্ধতি বদলান।

৩৬. যিনি Technology-কে হয় অন্ধভাবে ব্যবহার করেন, নয়তো পুরোপুরি এড়িয়ে চলেন
Smart Board থাকলেই Smart Teaching হয় না।
AI ব্যবহার করলেই ভালো Teaching হয় না।
আবার প্রযুক্তিকে পুরোপুরি প্রত্যাখ্যান করাও ঠিক নয়।
প্রশ্ন হওয়া উচিত—
“এই প্রযুক্তি কি শিক্ষার্থীর শেখাকে উন্নত করবে?”

৩৭. যিনি উদ্দেশ্যহীনভাবে অনেক Homework দেন
বেশি Homework মানেই বেশি শেখা নয়।
Homework হওয়া উচিত—
Meaningful,
Manageable,
Level-appropriate,
Learning-focused।
শুধু ব্যস্ত রাখার জন্য Homework দেওয়া উচিত নয়।

৩৮. যিনি শুধু পরীক্ষার জন্য পড়ান
শিক্ষা শুধু নম্বরের জন্য নয়।
শিক্ষার্থীদের প্রয়োজন—
Communication
Creativity
Critical Thinking
Collaboration
Problem-Solving
Confidence
Character
শুধু Common Question শেখানো শিক্ষা নয়।

৩৯. যিনি পড়াকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করেন না
শিক্ষার্থী প্রায়ই ভাবে—
“এটা শিখে আমার কী লাভ?”
ভালো শিক্ষক শেখার ব্যবহার দেখান।
English → Communication
Math → Real Calculation
Science → Observation
ICT → Digital Skills
বাস্তব জীবনের সঙ্গে সংযোগ তৈরি হলে শেখা অর্থবহ হয়।

৪০. যিনি ভুলকে শাস্তিযোগ্য অপরাধ মনে করেন
ভুল করা মানেই শেখার চেষ্টা করা।
ভুল উচ্চারণ, ভুল Grammar, ভুল Answer বা ভুল Calculation—এসবই শেখার সুযোগ।
ভালো শিক্ষক ভুল বিশ্লেষণ করেন।
খারাপ শিক্ষক শুধু ভয় দেখান।

৪১. যিনি শিক্ষার্থীদের একে অপরের সঙ্গে তুলনা করেন
“তুমি রাফির মতো হতে পারো না?”
এই ধরনের কথা শিশুর আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে।
শিক্ষার্থীর তুলনা সবচেয়ে ভালো হয় তার নিজের আগের অবস্থার সঙ্গে।
প্রশ্ন করুন—
“গত মাসের চেয়ে তুমি কি এখন ভালো?”

৪২. যিনি নিজের পছন্দের Method-ই সব সময় চাপিয়ে দেন
একটি Method সব শিক্ষার্থীর জন্য কাজ নাও করতে পারে।
Professional Teacher পদ্ধতির প্রেমে পড়েন না।
তিনি Learning-এর প্রেমে পড়েন।
Method কাজ না করলে Method বদলান।

৪৩. যিনি শিক্ষার্থীদের কথা শোনেন না
Communication দুই দিকের।
শিক্ষকেরও শোনা দরকার—
শিক্ষার্থীর প্রশ্ন,
সমস্যা,
ভয়,
মতামত,
Confusion,
Feedback।
অনেক সময় শিক্ষার্থীই বলে দেয়—
কেন শেখা হচ্ছে না।
শিক্ষকের শুধু শুনতে জানতে হবে।

৪৪. যিনি শিক্ষার্থীদের চিন্তা করতে শেখান না
মুখস্থ করার প্রয়োজন আছে।
কিন্তু শুধু মুখস্থ করলেই শিক্ষা সম্পূর্ণ হয় না।
শিক্ষার্থীদের শেখাতে হবে—
Compare
Analyse
Explain
Predict
Evaluate
Create
Solve Problems

একটি শ্রেণিকক্ষে অনেক সঠিক উত্তর থাকতে পারে, কিন্তু খুব কম চিন্তাও থাকতে পারে।

৪৫. যিনি সব ব্যর্থতার জন্য শিক্ষার্থীকেই দায়ী করেন
কিছু শিক্ষক বলেন—
“ছাত্ররা দুর্বল।”
“ওরা পড়ে না।”
“Parents সচেতন না।”
“এই Batch-ই খারাপ।”
কখনো কখনো এসব সত্যি হতে পারে।
কিন্তু একজন ভালো শিক্ষক নিজের কাছেও প্রশ্ন করেন—
“আমার Teaching-এ কী পরিবর্তন করা দরকার?”
Professional Reflection শুরু হয় নিজের দায়িত্ব বোঝা থেকে।
একটি সহজ পার্থক্য
খারাপ শিক্ষক বলেন:
“আমি পড়িয়েছি।”
ভালো শিক্ষক জিজ্ঞেস করেন:
“ওরা শিখেছে তো?”
খারাপ শিক্ষক চান:
শিক্ষার্থীরা চুপ থাকুক।
ভালো শিক্ষক চান:
শিক্ষার্থীরা চিন্তা করুক, বলুক, প্রশ্ন করুক।
খারাপ শিক্ষক ভুলকে ভয় দেখান।
ভালো শিক্ষক ভুল থেকে শেখান।
খারাপ শিক্ষক নিজের জ্ঞান দেখান।
ভালো শিক্ষক শিক্ষার্থীর দক্ষতা তৈরি করেন।
খারাপ শিক্ষক অনুসারী তৈরি করেন।
মহান শিক্ষক তৈরি করেন—
স্বাধীন শিক্ষার্থী, চিন্তাশীল মানুষ, আত্মবিশ্বাসী বক্তা, সমস্যা-সমাধানকারী এবং ভবিষ্যতের শিক্ষক।
উপসংহার: শুধু জিজ্ঞেস করবেন না—“আমি কি ভালো শিক্ষক?”
নিজেকে আরও একটি প্রশ্ন করুন—
“আমি এই শ্রেণিকক্ষে থাকার কারণে কী ধরনের শেখা ঘটছে?”
প্রত্যেক শিক্ষকই ভুল করেন।
কোনো দিন ক্লাস ভালো হয়, কোনো দিন হয় না।
কখনো Lesson Plan ব্যর্থ হয়।
কখনো ব্যাখ্যা পরিষ্কার হয় না।
কখনো শিক্ষার্থীকে ঠিকভাবে বুঝতে পারি না।
এসব কারণে কেউ খারাপ শিক্ষক হয়ে যায় না।
আসল সমস্যা তখনই শুরু হয়, যখন একজন শিক্ষক—
শেখা বন্ধ করেন,
নিজেকে পরিবর্তন করা বন্ধ করেন,
শিক্ষার্থীদের কথা শোনা বন্ধ করেন,
নিজের ভুল দেখা বন্ধ করেন,
এবং ভালো শিক্ষক হওয়ার চেষ্টা বন্ধ করেন।
প্রতিদিন ক্লাস শেষে একজন শিক্ষক নিজেকে প্রশ্ন করতে পারেন—
আজ আমার শিক্ষার্থীরা কী শিখল?
তারা কি ক্লাসে অংশ নিয়েছে?
তারা কি সম্মান পেয়েছে?
দুর্বল শিক্ষার্থীরা কি সুযোগ পেয়েছে?
আমি কি কঠিন বিষয় সহজ করতে পেরেছি?
আমি কি তাদের প্রশ্ন করতে উৎসাহিত করেছি?
আজকের ক্লাস থেকে আমি নিজে কী শিখলাম?
আগামীকাল আমি কী আরও ভালো করতে পারি?

মনে রাখবেন—
সেরা শিক্ষক সেই শিক্ষক নন, যিনি কখনো ভুল করেন না।
সেরা শিক্ষক তিনি—
যিনি নিজের ভুল বুঝতে পারেন, শিখতে পারেন, বদলাতে পারেন এবং প্রতিদিন একটু একটু করে উন্নত হন।
তাই শুধু বেশি জানার চেষ্টা করবেন না।
চেষ্টা করুন—
আরও সহজ করে বোঝাতে।
আরও মন দিয়ে শুনতে।
আরও বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করতে।
আরও বেশি উৎসাহ দিতে।
আরও বেশি শেয়ার করতে।
আরও বেশি হাসতে।
আরও বেশি ভাবতে।
আরও বেশি শিখতে।
এবং এমন একটি শ্রেণিকক্ষ তৈরি করতে, যেখানে প্রতিটি শিক্ষার্থী বিশ্বাস করতে পারে—
“আমি পারব।”
সেখান থেকেই সাধারণ Teaching ধীরে ধীরে হয়ে ওঠে—
Transformational Teaching.

লেখা: শ্রদ্ধেয় ইয়াসির স্যার, টেসল বাংলাদেশ

07/08/2026

Be a Man!
Ignore if dislike.

Dear Son, Never Beg a Woman to Stay

If she wants to go, let her go.

Son, one day you’ll meet a woman who swears forever.
But forever ends the moment she finds a better offer, a new thrill, or a greener pasture.

She’ll look you in the eye and cut you open with words no man ever forgets:
“I don’t love you anymore.”

That day, every part of you will want to beg.
You’ll want to plead.
You’ll want to promise her the world just so she doesn’t walk away.

But listen to me, son: never beg a woman to stay.



1. Love That Requires Begging Is Not Love

Real love is chosen freely, daily, without pressure.
If you must beg, it was never love — it was convenience.

You can keep her body by pleading, but her soul will already be gone.
And a man who cages her body while her heart belongs elsewhere isn’t loved — he’s pitied.



2. A Woman Who Leaves Once Will Leave Again

Statistics don’t lie: 80% of divorces are filed by women.
Most of them walked out on men still willing to fight.

Once she sees leaving as an option, it becomes a pattern.
The first time, she tests your chase.
The second, she confirms your weakness.
The third, she finishes you.



3. Your Value Doesn’t Shrink Because She’s Blind

Her leaving isn’t proof of your failure — it’s proof of her blindness.
A crown doesn’t lose its gold because a fool refuses to wear it.

Remember this: a man’s worth is never measured by a woman’s approval.



4. The Right Woman Follows. The Wrong One Flees

Storms don’t break loyalty — they reveal it.

The right woman clings tighter when thunder roars.
The wrong one runs before the rain even starts.

Don’t chase her.
If she runs in the storm, she was never yours in the calm.



5. Begging Dishonors Your Bloodline

Every man before you — your father, your grandfather, your ancestors — bled and built so you could stand tall.

To crawl after a woman who disrespects you is to spit on that legacy.
They did not shed blood and sweat so you could surrender dignity in exchange for counterfeit love.



Final Word:

You are a man.
And men do not beg to be loved.

They build a life so strong that love chooses to stay.
No son of mine will crawl for crumbs of affection.

—Dad

02/08/2026
একটি কোম্পানিতে ছিল এক পরিশ্রমী পিঁপড়া।প্রতিদিন সকাল ৯টায় সে অফিসে আসত।কারও সঙ্গে গল্পে সময় নষ্ট না করে, চুপচাপ কাজে লেগ...
02/08/2026

একটি কোম্পানিতে ছিল এক পরিশ্রমী পিঁপড়া।
প্রতিদিন সকাল ৯টায় সে অফিসে আসত।
কারও সঙ্গে গল্পে সময় নষ্ট না করে, চুপচাপ কাজে লেগে যেত।
তার কাজের মান ও পরিমাণ—দু’টোই ছিল অসাধারণ।
কোম্পানির উৎপাদন বেড়ে যেত তার পরিশ্রমে, আর সে নিজেও সুখে-আনন্দে কাজ করত।

অফিসের সিইও সিংহ একদিন অবাক হয়ে ভাবল,
“এই পিঁপড়াটা তো কোনো সুপারভিশন ছাড়াই এত কাজ করছে!
তাহলে যদি ওর ওপর একজন সুপারভাইজার দেওয়া হয়,
তাহলে উৎপাদন তো আরও বাড়বে!”

তাই সিংহ পিঁপড়ার সুপারভাইজার হিসেবে একটি তেলাপোকাকে নিয়োগ দিল।
তেলাপোকাটির বহু বছরের অভিজ্ঞতা ছিল এবং রিপোর্ট লেখায় সে দারুণ দক্ষ।

তেলাপোকা অফিসে এসেই বলল,
“এই অফিসে তো কোনো উপস্থিতি রেজিস্টারই নেই!
একটা অ্যাটেনডেন্স সিস্টেম জরুরি।”
কিছুদিনের মধ্যেই সে বুঝল,
রিপোর্ট তৈরিতে তার একজন সেক্রেটারি দরকার।
তাই সে একটি মাকড়সাকে নিয়োগ দিল,
যে ফোনকল মনিটর করবে, ফাইল সাজাবে, এবং নথিপত্র গুছিয়ে রাখবে।

এদিকে সিংহ বেশ খুশি—
তেলাপোকা প্রতিদিন গ্রাফ, রিপোর্ট আর বিশ্লেষণসহ
অফিসের উৎপাদন নিয়ে আপডেট দিচ্ছে।
সিংহও এসব রিপোর্ট বোর্ড মিটিংয়ে দেখিয়ে বাহবা পাচ্ছে।

কিন্তু কিছুদিন পর তেলাপোকার দরকার হলো
একটা কম্পিউটার, প্রিন্টার, আর আইটি ডিপার্টমেন্ট।
তাই সে মাছিকে আইটি অফিসার হিসেবে নিয়োগ দিল।

এখন পিঁপড়ার জীবন পুরো বদলে গেল।
যে পিঁপড়া আগে আনন্দে গান গাইতে গাইতে কাজ করত,
এখন তাকে সারাক্ষণ ফর্ম পূরণ, রিপোর্ট লেখা,
আর মিটিংয়ে হাজিরা দিতে হয়।
ফলে কাজের সময় কমে গেল, উৎপাদনও নেমে এল।

সিংহ বুঝল, কিছু একটা সমস্যা হচ্ছে।
তাই সে সিদ্ধান্ত নিল, পিঁপড়ার বিভাগকে আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে
একজন ডিপার্টমেন্ট হেড নিয়োগ দিতে হবে।

এবার প্রধান হিসেবে এলো ঝিঁঝিপোকা।
প্রথম দিনেই সে নিজের জন্য বিলাসবহুল চেয়ার, কার্পেট,
আর সাজানো অফিস অর্ডার দিল।
কিছুদিন পর বলল,
“আমার একটা ব্যক্তিগত সহকারী ও কম্পিউটার দরকার।”
বলেই নিজের আগের অফিসের একজন পুরনো লোককে সহকারী বানাল।

ধীরে ধীরে পিঁপড়ার অফিসের পরিবেশ পাল্টে গেল।
যেখানে আগে হাসি-আনন্দে কাজ হতো,
এখন সেখানে সবাই মুখ গোমড়া করে চুপচাপ কাজ করে।

ঝিঁঝিপোকা সিংহকে বোঝাল,
“কাজের পরিবেশ উন্নয়নের জন্য একটা স্টাডি দরকার।”
সিংহ রাজি হলো এবং বিখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে নিয়োগ দিল
অফিসের অবস্থা বিশ্লেষণের জন্য।

তিন মাস পর্যবেক্ষণের পর পেঁচা একটি মোটা রিপোর্ট দিল।
তার সারসংক্ষেপ ছিল —
“অফিসে কর্মী প্রয়োজনের তুলনায় বেশি।
উৎপাদন বাড়াতে হলে কর্মী ছাঁটাই করা জরুরি।”

পরের সপ্তাহেই কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো।
সবচেয়ে প্রথমে বাদ পড়ল সেই পিঁপড়া—
যে একসময় এই অফিসের আসল চালিকাশক্তি ছিল।

পেঁচার রিপোর্টে লেখা ছিল,

> “এই কর্মীর মোটিভেশন কমে গেছে,
সে নেতিবাচক আচরণ করছে,
যা অফিসের পরিবেশ নষ্ট করছে।”
---

🧩 শিক্ষা:

অতিরিক্ত ম্যানেজমেন্ট, অপ্রয়োজনীয় মিটিং,
আর কাগজপত্রের ভার—
আসল কর্মদক্ষতা ধ্বংস করে দেয়।
যারা সত্যিকার অর্থে কাজ করে,
তাদের অবমূল্যায়ন করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়,
আর শেষ পর্যন্ত বলির পাঁঠা হয় সেই নিষ্ঠাবান কর্মী—
যার কাঁধেই একদিন পুরো অফিস টিকে ছিল।

Address

Annandanagar
Badda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Hasan English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share