03/05/2026
● ‘তাফসিরে জালালাইন’ কিতাব যেভাবে পড়াবেন
দরসে যাওয়ার আগে ৭টি করণীয় :
১. তাফসিরে জালালাইনের হাশিয়া ভালোভাবে দেখুন। সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
২. হাশিয়ায়ে জুমাল, হাশিয়ায়ে সাবি, জামালাইন মোতালা করুন৷ এতে ইবারত স্পষ্ট হয়ে যাবে।
৩. শানে নুজুল মোতালা করুন৷ এর জন্য ‘লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল’ দেখা যেতে পারে।
৪. আয়াত-সংশ্লিষ্ট বর্ণনা দেখার জন্য তাফসিরে ইবনে কাসির দেখুন৷
৫. যতটুকু অংশ পড়াবেন, সেখানে কী কী বিষয় রয়েছে, এর সারাংশ দেখার জন্য ‘তাফসিরু হেদায়াতিল কুরআন’ দেখুন৷ এ ছাড়া তাফসিরে উসমানিও দেখা যায়। সংক্ষিপ্ত হলেও অনেক জরুরি কথা রয়েছে এতে৷
৬. পর্যাপ্ত সময় থাকলে তাফসিরে কাবির দেখুন৷ এটি বেশ সাজিয়ে-গুছিয়ে লেখা। ফলে পড়তে সুবিধা হয়। অনেক জরুরি বিষয়ও রয়েছে এতে৷
৭. মোতালা শেষে দরসে যাওয়ার আগেই আলোচনা কীভাবে করবেন, কোন আলোচনার পরে কোন আলোচনা আসবে, সে বিষয়ে একটি দরস-পরিকল্পনা সাজিয়ে নিন৷ এতে আলোচনা শুনতে ও বুঝতে সহজ হবে৷ গুরুত্বপূর্ণ কথা হলেও এলোমেলো অগোছালো আলোচনায় আত্মস্থ করা মুশকিল।
দরসে যাওয়ার পর ৬টি করণীয় :
১. একেকটি বিষয়ে কুরআনুল কারিমের একাধিক আয়াত রয়েছে; দরসের শুরুতেই তার সারসংক্ষেপ বলুন৷
২. মুসান্নিফ (রহ.) আয়াতের কোন অংশের তাফসির কোন শব্দ দিয়ে করেছেন, কেন করেছেন? এ বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিন। কোন শব্দ কেন বৃদ্ধি করেছেন, এটা বোঝানো গেলেই ইনশাআল্লাহ অর্ধেকের বেশি সবক হল হয়ে যাবে।
৩. তাফসিরে জালালাইনে কুরআনের সমার্থক শব্দ দিয়ে তাফসির করা চাই। অনুবাদের ক্ষেত্রেও আয়াত এবং তাফসিরের সমার্থক শব্দের প্রতি লক্ষ্য রাখা আবশ্যক৷
৪. প্রয়োজনীয় তারকিব তাফসিরে জালালাইনে সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। তা বলার সময় সংশ্লিষ্ট নাহুর নিয়ম বলে দেওয়া ভালো৷
৫. তাফসিরে জালালাইন যেহেতু শাফেয়ি মাজহাব অনুযায়ী লেখা, সেজন্য মাসআলা বলার সময় উভয় মাজহাবের মতগুলো স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া জরুরি। সব শেষে এ সম্পর্কে হানাফি মাজহাবের মত কী, তাও স্পষ্ট করা চাই।
৬. তাফসিরে জালালাইনের কিছু ব্যাখ্যা, শানে নুজুল রাজেহ কওল অনুযায়ী লেখা হয়নি। সেগুলো চিহ্নিত করে রাজেহ কওল জানিয়ে দেওয়া আবশ্যক।